অধিনায়কত্ব পেতেই ইতিহাস শাহিবজ়াদা ফারহানের, ভাঙলেন অভিষেকের রেকর্ড, ছুঁলেন কোহলিকে

অধিনায়কত্ব পেতেই ইতিহাস শাহিবজ়াদা ফারহানের, ভাঙলেন অভিষেকের রেকর্ড, ছুঁলেন কোহলিকে

সদ্য পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শাহিবজ়াদা ফারহান। আর নেতৃত্ব পাওয়ার পর নিজের প্রথম সিরিজেই ঐতিহাসিক সাফল্য অর্জন করলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি ভেঙে দিয়েছেন ভারতের তারকা ব্যাটার অভিষেক শর্মার একটি রেকর্ড। একই সঙ্গে ছুঁয়ে ফেলেছেন ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির এক অনন্য কীর্তিও।

অধিনায়ক হিসেবে তাঁর এই অভিষেক সিরিজটি দারুণ সফল হয়েছে। তাঁর নেতৃত্বেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান দল। নিজে ব্যাট হাতেও ছিলেন পুরো ছন্দে। তিন ম্যাচের এই সিরিজে ফারহানের মোট রান সংখ্যা ২৩৮। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্য দেশগুলির ক্রিকেটারদের মধ্যে তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রান করার নতুন রেকর্ড গড়েছেন তিনি। এর আগে এই রেকর্ডের শীর্ষে ছিলেন অভিষেক শর্মা, যিনি ২০২৬ সালে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ২২৯ রান করেছিলেন। অভিষকের সেই রেকর্ড ভেঙে এবার শীর্ষস্থান দখল করলেন পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক।

পাশাপাশি, বিরাট কোহলির একটি পুরনো কীর্তিও স্পর্শ করেছেন ফারহান। তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচেই অর্ধশতরান করার নজির গড়লেন এই পাক ব্যাটার। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অষ্টম ব্যাটার হিসেবে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করলেন তিনি, আর পাকিস্তানের ক্ষেত্রে তিনিই প্রথম ক্রিকেটার যিনি এই মাইলফলক ছুঁলেন। এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রতিটিতে হাফ সেঞ্চুরি করার কীর্তি গড়েছিলেন বিরাট কোহলি।

শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচে তিনি করেন ৭৩ রান এবং তৃতীয় তথা শেষ ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ৭৬ রান। যদিও ব্যক্তিগত এই সাফল্যের পরও শেষ ম্যাচে পরাজয় এড়াতে পারেনি পাকিস্তান দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.