বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বার্তা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মাগুরায় হামলা চালানো হলো দেশটির জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন সংসদ সদস্য শাকিব আল হাসানের বাসভবনে। স্থানীয় গণমাধ্যম ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে বাড়িটি লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ার পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়। শেখ হাসিনার সাম্প্রতিক এক ভার্চুয়াল সম্মেলনে শাকিবের উপস্থিতির খবর প্রকাশ্যে আসার পর এই ঘটনাটি ঘটে।
প্রতিবেদন অনুসারে, বুধবার রাত আনুমানিক পৌনে ৯টা নাগাদ মাগুরা শহরের কেশব মোড় এলাকায় শাকিবের বাড়ির সামনে বেশ কিছু লোক জড়ো হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একদল ব্যক্তি লাঠি ও পাথর নিয়ে হামলা চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাগুরা সদর থানার পুলিশ।
মাগুরা সদর থানার কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, ইট ও পাথরের আঘাতে শাকিবের বাড়ির জানালার কয়েকটি কাচ ভেঙে গেছে। তবে ঘটনার সময় বাড়িতে থাকা কেউ হতাহত হননি। পুলিশ আরও জানায়, দুষ্কৃতকারীরা বাড়ির প্রধান লোহার দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে আগুন মারাত্মক রূপ নেওয়ার আগেই স্থানীয় ও পুলিশের তৎপরতায় তা নিভিয়ে ফেলা হয়। ঘটনাস্থলে পেট্রোল বোমা ব্যবহার করা হয়েছিল কি না, সে বিষয়ে এখনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তা জোরদারে বাড়ির চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় জড়িত কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উল্লেখযোগ্যভাবে, জাতীয় দলের তারকা অলরাউন্ডার হওয়ার পাশাপাশি শাকিব আল হাসান আওয়ামী লীগ সরকারের সময় মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তৎকালীন সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে শাকিবও দেশে ফেরেননি। পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়।
তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন সরকার গঠন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশাসনিক পরিবর্তনের পর শাকিবের বিরুদ্ধে থাকা আইনি জটিলতা নিরসন করে তাঁকে ফেরানোর বিষয়ে রূপরেখা তৈরি করা হচ্ছিল। কিন্তু বুধবার শেখ হাসিনার অনলাইন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শাকিবের উপস্থিতি প্রকাশ্যে আসায় পুনরায় রাজনৈতিক ক্ষোভের সঞ্চার হয় এবং এর পরেই এই হামলার ঘটনা ঘটে।

