প্রধানমন্ত্রী মোদীর ভিডিও সরানো ও প্ল্যাটফর্ম সুরক্ষা ইস্যুতে দুঃখপ্রকাশ মেটার, কেন্দ্রের কাছে ক্ষমা প্রার্থনা

প্রধানমন্ত্রী মোদীর ভিডিও সরানো ও প্ল্যাটফর্ম সুরক্ষা ইস্যুতে দুঃখপ্রকাশ মেটার, কেন্দ্রের কাছে ক্ষমা প্রার্থনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও পোস্ট সামাজিক মাধ্যম ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় কেন্দ্রীয় সরকারের কাছে ক্ষমাপ্রার্থী হয়েছে প্রযুক্তি সংস্থা মেটা। মেটার জননীতি বিভাগের প্রধান জোয়েল কাপলান জানিয়েছেন, ভিডিওটি সরিয়ে ফেলা একটি ভুল পদক্ষেপ ছিল। একই সাথে, প্ল্যাটফর্মের পরিচালনাগত ত্রুটি এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া শিশু যৌন নির্যাতনমূলক কনটেন্ট রোধে ব্যর্থতার কারণে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।

ঘটনার সূত্রপাত ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের আবহে দেশের যুবসমাজকে উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রী মোদীর পোস্ট করা একটি বার্তা কেন্দ্র করে। পোস্টটি ফেসবুক থেকে সাময়িকভাবে মুছে গেলে বিষয়টির তীব্র প্রতিবাদ জানায় কেন্দ্রীয় সরকার। প্রাথমিক ব্যাখ্যায় মেটার পক্ষ থেকে কারিগরি ভুলের কথা বলা হলেও সরকার তাতে সন্তুষ্ট হয়নি। বিষয়টি নিয়ে তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি জাকারবার্গের কাছ থেকে জবাবদিহি ও ক্ষমা চাওয়ার দাবি জানায়। লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো এক চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে আইনি সুরক্ষা ও দায়মুক্তি সুবিধা প্রত্যাহার করা হতে পারে।

পরবর্তীকালে জোয়েল কাপলান এবং ইনস্টাগ্রামের প্রযুক্তি বিভাগের শীর্ষ আধিকারিকদের তলব করা হয়। মেটার অ্যালগরিদম কিভাবে কাজ করে তা সরাসরি কারিগরি দলের থেকে জানতে চায় কেন্দ্র।

এরই প্রেক্ষিতে বুধবার ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মেটার শীর্ষ নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেটা প্ল্যাটফর্মে শিশু নিরাপত্তাসহ বিভিন্ন আপত্তিকর কনটেন্টের প্রচার রোধ নিয়ে কঠোর বার্তা দেয় সরকার। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, শিশু নির্যাতনমূলক কনটেন্ট বা বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জন বরদাশত করা হবে না এবং এক্ষেত্রে কোনো আইনি সুরক্ষা দাবি করা যাবে না।

বৈঠক শেষে মেটা জানিয়েছে, তারা প্ল্যাটফর্ম পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করবে এবং নতুন নিয়মাবলী সংযোজনের পাশাপাশি ভারতীয় আইন মেনে চলার বিষয়ে তাদের বিশেষজ্ঞ দলের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। পরিচালনাগত ত্রুটি ও শিশু নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে মার্ক জাকারবার্গের দুঃখপ্রকাশের পর উভয় পক্ষের মধ্যে আরও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.