প্রিয় তারকাদের প্রতি অনুরাগীদের আবেগপূর্ণ বিভিন্ন কান্ড অতীতেও বহুবার সামনে এসেছে। জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ় গিলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক অনুরাগী নিজের বুকে শাহনাজ়ের মুখের একটি ট্যাটু করিয়েছেন। আর ভক্তের এমন কান্ড দেখে রীতিমতো চমকে যান অভিনেত্রী।
ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় এক অনুরাগীর সঙ্গে পঞ্জাবি ভাষাতে কথা বলতে দেখা যায় শাহনাজ়কে। অনুরাগীর বুকের ট্যাটুটি নজরে আসতেই অভিনেত্রী অবাক হয়ে প্রশ্ন করেন, “তুমি এই ট্যাটুটা কেন করালে?” উত্তরে ওই ব্যক্তি জানান যে তিনি অভিনেত্রীর অন্ধ ভক্ত। তখন শাহনাজ় বলেন, “আমি জানি তুমি আমার অনুরাগী, কিন্তু…।” তবে কথাটি শেষ না করেই অন্য দিকে মনোযোগ দেন তিনি। অবশ্য কিছুক্ষণ পরেই ওই অনুরাগীকে ধন্যবাদ জানান এবং তাঁর হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, “এর আগে ওই অনুরাগী হাতে ট্যাটু করিয়েছিলেন। তখন শাহনাজ় বলেছিলেন, ‘যা করেছ ঠিক আছে, খুব ভাল। কিন্তু হৃদয়ে আর ট্যাটু করিয়ো না।’ কিন্তু উনি দেখছি শাহনাজ়ের সেই কথা একটাও শোনেননি।” অন্য একজন স্মরণ করিয়ে দিয়েছেন, “এক সময় শাহনাজ় নিজে গায়ক কর্ণ আউজলার ট্যাটু করিয়েছিলেন। আর আজ মানুষ শাহনাজ়ের মুখের ট্যাটু করাচ্ছে।” অন্য এক জনের মতে, এটি অত্যন্ত সাহসী ও আবেগপ্রবণ একটি পদক্ষেপ এবং শাহনাজ় সত্যিই ভাগ্যবতী যে এমন ভক্ত পেয়েছেন।
এদিকে, পেশাগত জীবনেও বর্তমানে চর্চায় রয়েছেন শাহনাজ় গিল। গত শুক্রবার, ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘সিং ভার্সেস কৌর ২’। প্রাথমিক তথ্য অনুযায়ী, ছবিটি ভারতে মুক্তির প্রথম দিনে বক্সঅফিসে ৩৫ লক্ষ টাকা আয় করেছে। সপ্তাহান্তে ছবিটি কেমন ব্যবসা করে, সেটাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, এই ছবি ছাড়াও শাহনাজ়ের হাতে বেশ কয়েকটি পঞ্জাবি ও হিন্দি ছবির কাজ রয়েছে।

