আরজি কর-কাণ্ডে দেহ দ্রুত সৎকারের মামলা: নির্মল-সহ তিন অভিযুক্তের জামিন বাতিলের আর্জি খারিজ

আরজি কর-কাণ্ডে দেহ দ্রুত সৎকারের মামলা: নির্মল-সহ তিন অভিযুক্তের জামিন বাতিলের আর্জি খারিজ

আরজি কর ধর্ষণ-খুনের ঘটনায় নির্যাতিতার দেহ দ্রুত সৎকারের অভিযোগ সংক্রান্ত মামলায় অভিযুক্তদের জামিন বাতিলের আবেদন খারিজ করে দিল শিয়ালদহ আদালত। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের জামিন বাতিলের আর্জি জানিয়েছিল নির্যাতিতার পরিবার। শুক্রবার সেই আবেদন খারিজ করে আদালত।

শুক্রবার শিয়ালদহ আদালতে হাজির ছিলেন পানিহাটির প্রাক্তন ও বর্তমান বিধায়ক। সোমনাথ দে-কে ভার্চুয়ালি হাজির করানো হয়। উল্লেখ্য, খড়দহ থানায় নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে-র বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। তাঁদের মধ্যে নির্মল ও সঞ্জীব বর্তমানে জামিনে রয়েছেন।

নির্যাতিতার মা এবং পানিহাটির বর্তমান বিধায়ক রত্না দেবনাথের অভিযোগ, তাঁরা দেহের দ্বিতীয় দফার ময়নাতদন্তের দাবি জানিয়েছিলেন। কিন্তু তার আগেই তড়িঘড়ি দেহ দাহ করা হয়। নির্যাতিতার পরিবারের আইনজীবীদের দাবি, অভিযুক্তেরা ষড়যন্ত্র করে দ্রুত দেহ সৎকারের ব্যবস্থা করতে তৎপর হয়েছিলেন। প্রত্যেক অভিযুক্তের ভূমিকা স্পষ্ট বলেও দাবি তাঁদের।

আইনজীবীদের বক্তব্য, ঘটনাটি কোনও সাধারণ ঘটনা নয়। একটি সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছিল। সেই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ এবং সিবিআই হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। তাঁদের আরও দাবি, দেহ দ্রুত সৎকারের ঘটনায় তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের নির্দিষ্ট মেয়াদ এখনও শেষ হয়নি।

অন্য দিকে, তদন্তকারী আধিকারিক এবং সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, অভিযুক্তদের বয়ান রেকর্ড করা হয়েছে এবং তদন্ত এখনও চলছে। তবে এখনও পর্যন্ত এমন কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি, যার ভিত্তিতে অভিযুক্তদের সরাসরি এই ঘটনায় যুক্ত করা যায়।

নির্মল ঘোষের আইনজীবীও আদালতে জানান, তদন্তকারী সংস্থা একাধিক বার তলব করলেও এখনও পর্যন্ত তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনও গ্রহণযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর অভিযুক্তদের জামিন বাতিলের আবেদন খারিজ করে দেয় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.