প্রথম টেস্টে চার পেসার নিয়ে মাঠে নামার কথা মঙ্গলবার জানিয়েছিলেন ভারতের অধিনায়ক শুভমন গিল। তার পরের দিনই নিজেদের বোলিং পরিকল্পনার কথা জানিয়ে দিলেন নিউ জ়িল্যান্ডের অধিনায়ক টম লাথাম। তাঁর ঘোষণা, প্রথম টেস্টে তিন জন পেসার এবং এক জন বোলিং অলরাউন্ডার নিয়ে খেলবে কিউয়িরা। দলের পেসারদের প্রত্যাবর্তন নিয়ে যেমন আশাবাদী তিনি, তেমনই ভারতের জোরে বোলার জসপ্রীত বুমরাহকে নিয়েও যথেষ্ট সতর্ক।
ম্যাচের আগের দিন লাথাম বলেন, “আমরা তিন জন জোরে বোলার এবং এক জন বোলিং অলরাউন্ডার খেলাব।” বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাব-নিকাশ নিয়ে না ভেবে নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলাতেই জোর দিতে চান তাঁরা। লাথামের কথায়, কোন ম্যাচে কাকে খেলানো হবে, তা আগে থেকে নির্দিষ্ট করে পরিকল্পনা করা কঠিন। আপাতত ধারাবাহিক ভাবে ভাল ক্রিকেট খেলাই তাঁদের লক্ষ্য। আগামী সাত-আট সপ্তাহের খেলার অভিজ্ঞতা থেকে ধকল সামলানোর বিষয়টি বুঝে নিতে চান তাঁরা।
নিউ জ়িল্যান্ডের সম্ভাব্য তিন পেসার ম্যাট হেনরি, কাইল জেমিসন এবং জেকব ডাফি। বোলিং অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন নেথান স্মিথ। হেনরি ও জেমিসনের প্রশংসা করে লাথাম বলেন, “ম্যাট হেনরি ফিট। লাল বলে ওর বোলিং দেখতে মুখিয়ে আছি। পাশাপাশি গত দু’বছর কাইলের উত্থান দেখেছি। ইংল্যান্ডে দুটো টেস্টে ভাল বল করেছে। গত দু’সপ্তাহে ওর বোলিং দেখে খুবই ভাল লেগেছে।”
অন্য দিকে, ভারতের বুমরাহ যে নিউ জ়িল্যান্ডের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন, তা স্বীকার করেছেন লাথাম। তাঁর কথায়, “বুমরাহ বিশ্বমানের পেসার। তবে দলের অনেকেই ওর বল খেলেছে। ওর বোলিং অ্যাকশন খুব আলাদা। সব সময় এ রকম অ্যাকশনে আমরা খেলি না। নিঃসন্দেহে ওর বিরুদ্ধে খেলা কঠিন হতে চলেছে। বিশেষ করে ওয়েলিংটনের পিচের কথা মাথায় রেখেই বলছি।”
টি-টোয়েন্টি ও এক দিনের সিরিজ়ে ভারতের কাছে হারলেও সেই ফলাফল নিয়ে ভাবতে নারাজ নিউ জ়িল্যান্ড অধিনায়ক। টেস্ট সিরিজ়ে নতুন করে লড়াই শুরু করতে চান তাঁরা। লাথাম বলেন, “ভারতের বিরুদ্ধে যে ফরম্যাটেই নামি না কেন, দুটো দল নিজেদের সেরাটা দেয়। সেটা এখানে হোক, বিদেশে বা বিশ্বকাপে। আমাদের দারুণ কিছু লড়াই হয়েছে অতীতে। দুটো দলের একে অপরের প্রতি সমীহ রয়েছে। গত কাল রাতে একটা অনুষ্ঠান ছিল। সেখানেও আসন্ন সিরিজ় নিয়ে উত্তেজনা দেখেছি।”

