আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। মঙ্গলবার আইপিএল থেকেও অবসরের ঘোষণা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর এই সিদ্ধান্তের পরেই ক্রিকেটবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে শুভেচ্ছাবার্তা। ধোনির দীর্ঘ ক্রিকেটজীবনের স্মৃতিচারণ করেছেন সচিন তেন্ডুলকর। শুভেচ্ছা জানিয়েছেন রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ এবং তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীও।
ধোনিকে নিয়ে সমাজমাধ্যমে একটি দীর্ঘ বার্তা লিখেছেন সচিন। সেখানে বাংলাদেশের মাটিতে ধোনির একটি ইনিংসের স্মৃতিচারণ করেছেন তিনি। সচিন লিখেছেন, ‘‘বাংলাদেশে এখনও ধোনির ব্যাটিংয়ের কথা মনে আছে। সৌরভকে বলেছিলাম, এই ছেলেটার শট নেওয়ার একটা আলাদা দক্ষতা রয়েছে। ওর মধ্যে একটা বিরল ক্ষমতা ছিল। কী অসাধারণ যাত্রাই না এর পর আমরা দেখতে পেলাম।’’
ধোনির সঙ্গে সাজঘর ভাগ করে নেওয়া এবং ভারতীয় ক্রিকেটের একাধিক স্মরণীয় মুহূর্ত একসঙ্গে কাটানোর অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন সচিন। তাঁর কথায়, ‘‘তোমার সঙ্গে সাজঘর ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত। ভারতীয় ক্রিকেটের কিছু অসাধারণ মুহূর্ত একসঙ্গে কাটাতে পেরেছি আমরা। বরাবর বিশ্বাস ছিল তোমার মধ্যে বিশেষ কিছু রয়েছে। তার চেয়েও বেশি জিনিস তুমি অর্জন করে দেখিয়েছ। ভারতীয় ক্রিকেটকে তুমি নিজের সেরাটা দিয়েছ। তোমার সঙ্গে কাটানো সময়টা অসাধারণ ছিল। দারুণ খেলেছ এমএস।’’
অন্য দিকে, ধোনির সঙ্গে মাঠ ভাগ করে নেওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছেন রোহিত শর্মা। তিনি লিখেছেন, ‘‘দুর্দান্ত একটা আইপিএল কেরিয়ারের জন্য শুভেচ্ছা ধোনি ভাই। তোমার সঙ্গে মাঠ ভাগ করে নিতে পেরে মজা পেয়েছি। এত বছর ধরে তোমার সঙ্গে অনেক স্মৃতি রয়েছে। অনেক সমীহ।’’
ধোনিকে নিজের প্রিয় ক্রিকেটার এবং অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন জসপ্রীত বুমরাহ। তাঁর বার্তা, ‘‘আমার প্রিয় ক্রিকেটার এবং যার দিকে আমি সব সময় তাকিয়ে থেকেছি। এত স্মৃতির জন্য অনেক ধন্যবাদ। ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা।’’
তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীও ধোনির সঙ্গে নিজের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ধোনির আইপিএল কেরিয়ারের অবসরে সতীর্থ ও প্রাক্তন ক্রিকেটারদের এই বার্তাগুলিতে উঠে এসেছে তাঁর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং দীর্ঘদিনের স্মৃতি।

