১৯৫২ সালে নতুন এক গুপ্তচর চরিত্রের জন্ম দিয়েছিলেন লেখক ইয়ান ফ্লেমিং। তাঁর ইচ্ছা ছিল, এমন এক গুপ্তচরের কাহিনি লিখবেন, যা অন্য সব গুপ্তচর কাহিনিকে ছাপিয়ে যাবে। নায়কের চরিত্র হবে পুরুষালি, তাঁর জীবনে আসবে সুন্দরী নারীরা। কিন্তু সেই চরিত্রের নাম কী হবে, তা নিয়ে তখনও সিদ্ধান্ত নিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত নিজের লেখার টেবিলের উপরের তাক থেকে একটি পাখিবিষয়ক বই তুলে নেন ফ্লেমিং। বইটির লেখক ছিলেন জেমস বন্ড। নামটি সংক্ষিপ্ত, সহজ এবং পুরুষালি মনে হওয়ায় নিজের উপন্যাসের নায়কের নামও রাখেন জেমস বন্ড। এ ভাবেই জন্ম হয় বিশ্ববিখ্যাত গুপ্তচর চরিত্রের।
এ বার সেই জেমস বন্ডের চরিত্রে নতুন মুখ রবার্ট প্যাটিনসন। ফ্র্যাঞ্চাইজ়ির ২৬তম ছবিতে ব্রিটিশ গুপ্তচরের ভূমিকায় তাঁর নাম ঘোষণার পর থেকেই শুরু হয়েছে আলোচনা। দীর্ঘদিন ধরে নতুন বন্ডের অপেক্ষায় থাকা অনুরাগীদের প্রত্যাশা কি পূরণ করতে পারবেন তিনি? বিশেষ করে ভারতীয় দর্শকের কাছে কেমন গ্রহণযোগ্যতা পাবে এই নির্বাচন?
প্যাটিনসনকে বন্ডের চরিত্রে বেছে নেওয়া কিছুটা অপ্রত্যাশিত। সাধারণত এই চরিত্রে এমন অভিনেতাদের নেওয়া হয়, যাঁরা খুব বেশি পরিচিত মুখ নন। কিন্তু প্যাটিনসনের ক্ষেত্রে ছবিটা আলাদা। ২০০৮ সালে ‘টোয়াইলাইট’ সিরিজ়ে অভিনয়ের পর থেকেই আন্তর্জাতিক স্তরে পরিচিতি পেয়েছেন তিনি। পরে ‘ব্যাটম্যান’ ছবিতেও সাফল্য পান। চলতি বছরেও একাধিক বড় ছবিতে তাঁর উপস্থিতি নজর কেড়েছে। ফলে বন্ডের একনিষ্ঠ অনুরাগীদের একাংশের আশঙ্কা, প্যাটিনসনের পরিচিত তারকাসত্তা হয়তো চরিত্রটির নিজস্ব আকর্ষণকে ছাপিয়ে যেতে পারে।
তবে ভারতীয় দর্শকের দৃষ্টিভঙ্গি কিছুটা আলাদা। এ দেশে জনপ্রিয় ও পরিচিত অভিনেতাদের পর্দায় দেখতে বরাবরই পছন্দ করেন দর্শকের বড় অংশ। শাহরুখ খান বা অমিতাভ বচ্চনের মতো তারকাদের ‘ডন’ কিংবা ‘পঠান’-এর মতো চরিত্রে দেখতে আগ্রহী দর্শকরা। সেই নিরিখে রবার্ট প্যাটিনসনের মতো পরিচিত মুখকে জেমস বন্ড হিসেবে পাওয়াও ভারতীয় দর্শকের কাছে আকর্ষণীয় হতে পারে।
ভারতে জেমস বন্ডের জনপ্রিয়তা দীর্ঘদিনের। তাঁর মারপিটের দক্ষতা, কেতাদুরস্ত পোশাক, বিলাসবহুল গাড়ি, অত্যাধুনিক প্রযুক্তির গ্যাজেট এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে সাজানো অভিযান— সবই ভারতীয় দর্শকের কাছে বিশেষ আকর্ষণের বিষয়। ২০০৮ সালে ‘কোয়ান্টাম অফ সোলেস’ ছবিটি আমেরিকার এক সপ্তাহ আগে ভারতে মুক্তি পেয়েছিল। বলিউডের গুপ্তচর ছবিতেও বন্ডের প্রভাব স্পষ্ট। ১৯৬৭ সালের ‘ফর্জ়’, ১৯৭৭ সালের ‘এজেন্ট বিনোদ’ এবং ১৯৭৯ সালের ‘সুরক্ষা’ সেই ধারার উল্লেখযোগ্য উদাহরণ। দক্ষিণী অভিনেতা জয়শঙ্করকে তো ‘দক্ষিণ ভারতের জেমস বন্ড’ বলেও অভিহিত করা হত। বন্ডের ছবির খলনায়কদের আদলে বলিউডে তৈরি হয়েছে একাধিক স্মরণীয় নেতিবাচক চরিত্র। ‘শান’ ছবির শাকাল তার অন্যতম উদাহরণ। সাম্প্রতিক সময়ে শাহরুখ খান অভিনীত ‘পঠান’-এর মধ্যেও সেই গুপ্তচর-অ্যাকশন ঘরানার প্রভাব দেখা যায়।
চেহারার দিক থেকেও বন্ডের চরিত্রের সঙ্গে প্যাটিনসনের কিছু মিল রয়েছে। লম্বা গড়ন, চৌকো চোয়াল এবং চাপা গায়ের রং তাঁকে এই চরিত্রের উপযুক্ত করে তুলতে পারে। তাঁর অভিনয়ের মধ্যে নায়কোচিত সাহসিকতার পাশাপাশি অন্ধকার ও নেতিবাচক সত্তাও ফুটে ওঠে। ‘হ্যারি পটার’ সিরিজ়ে সাহসী প্রিফেক্টের চরিত্র থেকে শুরু করে ‘দ্য ওডিসি’-তে খলনায়কের ভূমিকায় অভিনয়— দুই ধরনের চরিত্রেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। তবে অভিনয়ের ধরনে প্যাটিনসন তুলনামূলক ভাবে অনেক বেশি সূক্ষ্ম ও সংযত। অন্য দিকে, ইয়ান ফ্লেমিংয়ের তৈরি বন্ড চরিত্রটি ছিল অনেক বেশি সরল, এমনকি লেখক নিজেই তাঁকে ‘কার্ডবোর্ড বুবি’ বলে বর্ণনা করেছিলেন।
বন্ডের গুরুত্ব অবশ্য শুধু একটি জনপ্রিয় চলচ্চিত্র চরিত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। ফ্লেমিংয়ের লেখা ১৪টি বই, পরবর্তী সময়ে অন্য লেখকদের লেখা কয়েক ডজন বই এবং ২৫টি ছবি মিলিয়ে এই ফ্র্যাঞ্চাইজ়ির ব্যবসার পরিমাণ মুদ্রাস্ফীতির হিসাব ধরলে তিন লক্ষ কোটি টাকারও বেশি। মনে করা হয়, বিশ্বের প্রায় অর্ধেক মানুষ অন্তত একটি বন্ডের ছবি দেখেছেন।
ব্রিটেনের কাছে এই চরিত্রের গুরুত্ব আরও গভীর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক ক্ষেত্রে ব্রিটেনের প্রভাব কমে আসার আশঙ্কার মধ্যেও জেমস বন্ড যেন দেশের আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। সামরিক শক্তি বা অর্থনৈতিক অবস্থার সীমাবদ্ধতা থাকলেও বন্ডের মতো এক দুর্ধর্ষ গুপ্তচর ব্রিটেনের হয়ে বিশ্বমঞ্চে লড়াই করছেন— এই ভাবনাই চরিত্রটিকে জাতীয় মনস্তত্ত্বের অংশ করে তুলেছে। ফলে বন্ডের চরিত্রে কে অভিনয় করবেন, তা অনেক সময় জাতীয় পরিচয়ের প্রশ্নের সঙ্গেও জড়িয়ে যায়। বিশেষ করে আমেরিকান স্টুডিয়ো অ্যামাজ়ন এমজিএম এই ফ্র্যাঞ্চাইজ়ির সৃজনশীল নিয়ন্ত্রণ হাতে নেওয়ার পর নতুন অভিনেতা নির্বাচনের বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
জেমস বন্ডের চরিত্র তৈরির পিছনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ব্রিটিশ নৌবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করার সময় ফ্লেমিং যেসব সাহসী ও বিচিত্র ব্যক্তিত্বের মানুষের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের থেকেই বন্ডের চরিত্রের নানা বৈশিষ্ট্য নিয়েছিলেন। কনরাড ও’ব্রায়েন-ফ্রেঞ্চের মতো দক্ষ স্কিয়ার এবং প্যাট্রিক ডালজ়েল-জবের মতো সেনা আধিকারিকের জীবনযাত্রা তাঁকে প্রভাবিত করেছিল বলে মনে করা হয়। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-এর কাল্পনিক প্রধান ‘এম’-এর চরিত্রটিও ম্যাক্সওয়েল নাইটের আদলে তৈরি বলে ধারণা করা হয়।
তবে বন্ডের চরিত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে ফ্লেমিংয়ের নিজস্ব জীবনদর্শনও। বিশেষ করে নারীদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গির প্রভাব স্পষ্ট বন্ডের গল্পে। বহু নারীর সঙ্গে সম্পর্কে জড়ালেও গভীর আবেগের সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিতেন না ফ্লেমিং। তাঁর সৃষ্ট বন্ডের চরিত্রেও নারীদের প্রতি সেই দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। একাধিক ছবিতে নারী চরিত্রকে উপস্থাপনের ধরন এবং যৌন ইঙ্গিতপূর্ণ সংলাপ নিয়ে সমালোচনাও হয়েছে। ‘ক্যাসিনো রয়্যাল’-এর মতো উপন্যাসে হিংসা ও নিষ্ঠুরতার যে বর্ণনা রয়েছে, তা নিয়েও বিতর্ক কম হয়নি।
কিন্তু সময় বদলেছে। বর্তমান সমাজে নারী-পুরুষের সম্পর্ক, সমানাধিকার এবং ব্যক্তিস্বাধীনতা নিয়ে দৃষ্টিভঙ্গি অনেকটাই পাল্টেছে। এমনকি বাস্তব এমআই৬-এর প্রধানও এখন মহিলা। ‘গোল্ডেন আই’ ছবিতে জুডি ডেঞ্চ অভিনীত ‘এম’ চরিত্রটি বন্ডকে সরাসরি ‘যৌনবাদী, নারীবিদ্বেষী ডাইনোসর’ বলে আক্রমণ করেছিল। ফলে পুরনো বন্ডের বৈশিষ্ট্য বজায় রেখেও আধুনিক সময়ের মূল্যবোধের সঙ্গে চরিত্রটিকে মানিয়ে নেওয়া এখন নির্মাতাদের কাছে বড় চ্যালেঞ্জ।
এই কারণেই নতুন করে জেমস বন্ডকে পর্দায় তুলে ধরা সহজ নয়। এক দিকে চরিত্রটির ঐতিহ্য ও পুরনো অনুরাগীদের প্রত্যাশা, অন্য দিকে আধুনিক সমাজের মূল্যবোধ— দুইয়ের মধ্যে ভারসাম্য রাখা জরুরি। অতিরিক্ত পরিবর্তন করলে পুরনো দর্শকেরা অসন্তুষ্ট হতে পারেন, আবার পরিবর্তন না আনলে সমসাময়িক দর্শকের কাছে চরিত্রটি গ্রহণযোগ্যতা হারাতে পারে। শন কনারি কিংবা ড্যানিয়েল ক্রেগকে বন্ড হিসেবে বেছে নেওয়ার সময়ও বিতর্ক তৈরি হয়েছিল। তাই প্যাটিনসনের নির্বাচন ঘিরে আপত্তি নতুন কিছু নয়। তাঁর পুরনো চরিত্রের দৃশ্য ব্যবহার করে ইতিমধ্যেই নানা মিম তৈরি হচ্ছে। অন্য দিকে, ব্রিটেনের রাজপরিবারেরও তাঁকে বন্ড হিসেবে পছন্দ হয়েছে বলে শোনা যাচ্ছে।
ভারতীয় দর্শকের ক্ষেত্রেও পুরনো ও নতুনের এই দ্বন্দ্ব রয়েছে। ‘পঠান’-এর মতো ছবিতে গুপ্তচর চরিত্রকে সময়োপযোগী করে তোলা হলেও মূল জেমস বন্ডের ক্ষেত্রে পরিবর্তন মেনে নেওয়া তুলনামূলক কঠিন। তবু প্যাটিনসনের মতো পরিচিত অভিনেতাকে এই ভূমিকায় দেখতে আগ্রহী হতে পারেন এ দেশের দর্শকেরা। তার উপর রবার্ট প্যাটিনসনের পছন্দের ছবির তালিকায় রয়েছে শাহরুখ খান অভিনীত ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’। ফলে ভারতীয় দর্শকের কাছে নতুন বন্ড হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা কিছুটা বাড়তে পারে। শেষ পর্যন্ত পর্দায় প্যাটিনসন কতটা সফল ভাবে জেমস বন্ড হয়ে উঠতে পারেন, তার উত্তর দেবে ছবিটিই।

