কেমব্রিজের এক রেস্তরাঁয় প্রথম দেখা, রাজীবের সঙ্গে প্রেমের শুরু সনিয়ার

কেমব্রিজের এক রেস্তরাঁয় প্রথম দেখা, রাজীবের সঙ্গে প্রেমের শুরু সনিয়ার

ষাটের দশকের মাঝামাঝি। ইংল্যান্ডের কেমব্রিজ শহরে পড়াশোনা করতে গিয়ে এক রেস্তরাঁয় প্রথম দেখা হয়েছিল সনিয়া গান্ধী ও রাজীব গান্ধীর। সেই প্রথম দেখাতেই রাজীবের ব্যক্তিত্ব ও গভীর কালো চোখে মুগ্ধ হয়েছিলেন সনিয়া। পরবর্তী সময়ে তাঁদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে সেই পরিচয়। কেমব্রিজের একটি গ্রিক রেস্তরাঁয় কী ভাবে শুরু হয়েছিল তাঁদের প্রেমের গল্প, এক স্মৃতিচারণে সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন সনিয়া।

তখন সনিয়ার বয়স মাত্র ১৯ বছর। কয়েক সপ্তাহ আগেই ইংল্যান্ডে এসেছেন জ্যারেট স্কুল অফ ইংলিশে পড়াশোনা করতে। নতুন দেশ, নতুন ভাষা, অচেনা মানুষজন— সব মিলিয়ে মানিয়ে নিতে বেশ সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে। আন্তর্জাতিক ফোনের সুযোগও ছিল সীমিত। তাই নিয়মিত চিঠি লিখে মাকে জানাতেন ইংল্যান্ডের আবহাওয়া, মানুষের জীবনযাপন এবং সেখানকার খাবারদাবার নিয়ে নিজের অসন্তোষের কথা।

বিশ্ববিদ্যালয় থেকে কিছুটা দূরে স্থানীয় একটি পরিবারের বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন সনিয়া। বাড়িভাড়ার মধ্যেই সকালের ও রাতের খাবার এবং রবিবারের বিশেষ ‘হাই টি’-র ব্যবস্থা ছিল। কিন্তু ব্রিটিশ খাবারের স্বাদ তাঁর একেবারেই পছন্দ হত না। উত্তর ইতালির বাসিন্দা সনিয়ার কাছে সেদ্ধ সব্জি, বাঁধাকপি, বেকন, বেক্‌ড বিন্‌স কিংবা ক্যানের স্প্যাগেটি ছিল রীতিমতো অরুচিকর। ইতালির টাটকা উপকরণে তৈরি সুস্বাদু খাবারের সঙ্গে সেখানকার খাবারের কোনও তুলনাই খুঁজে পেতেন না তিনি। এমনকি সকালের খাবারের ডিম, বেকন ও বেক্‌ড বিন্‌স জানলা দিয়ে বাইরে ছুড়ে ফেলতেন, যাতে এলাকার বিড়ালগুলি সেগুলি খেয়ে নেয়।

নিজের পছন্দের খাবারের সন্ধানে একসময় কেমব্রিজ শহরকে চিনে নেওয়ার চেষ্টা শুরু করেন সনিয়া। বাসে ঘুরতে গিয়ে কয়েক বার পথ হারানোর পর অন্য পড়ুয়াদের মতো সাইকেল ব্যবহার করতে শুরু করেন। তবে ইংল্যান্ডের রাস্তার নিয়ম তাঁর কাছে প্রথমে বেশ অস্বাভাবিক মনে হয়েছিল। কয়েক বার দুর্ঘটনার মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হলেও ধীরে ধীরে শহরের রাস্তাঘাটের সঙ্গে পরিচিত হয়ে ওঠেন। কিংস স্ট্রিটের শেষ প্রান্তে একটি দোকানের সন্ধান পান, যেখান থেকে সান ডানিয়েলে হ্যাম, গোরগনজ়োলা বা ফনটিনা চিজ় এবং টাটকা পাউরুটি কিনে রাতের খাবারের ব্যবস্থা করতেন।

দুপুরের খাবারের সমস্যার সমাধান হয়েছিল ‘ভার্সিটি’ নামের একটি গ্রিক রেস্তরাঁয়। সাদামাটা কাঠের আসবাব, সাদা টেবিলক্লথ এবং পড়ুয়াদের নিয়মিত আনাগোনায় জায়গাটি ছিল বেশ প্রাণবন্ত। রেস্তরাঁর প্রধান বেয়ারা লুইজি গ্রাহকদের পছন্দ বুঝে খাবার পরিবেশন করতেন। মালিক চার্লিও মাঝেমধ্যে সেখানে আসতেন।

সেই রেস্তরাঁয় একদিন বন্ধুদের সঙ্গে খেতে গিয়ে সনিয়ার নজর পড়ে উল্টো দিকের একটি টেবিলে বসে থাকা একদল তরুণের দিকে। তাঁদের মধ্যে একজন ছিলেন দীর্ঘদেহী, সুদর্শন এবং গভীর কালো চোখের অধিকারী। বাকিদের তুলনায় তাঁর নম্র ও মার্জিত আচরণ সহজেই নজর কেড়েছিল সনিয়ার। তাঁকে দেখে মনে মনে নানা প্রশ্ন জেগেছিল তাঁর। যুবকটি ইতালির নেপলস বা সিসিলির, নাকি স্পেনের বাসিন্দা— তা বুঝতে পারছিলেন না সনিয়া। তাঁর কথাবার্তার কিছু অংশ ইংরেজিতে হলেও বাকিটা ছিল সম্পূর্ণ অপরিচিত।

এর পর আসে সেই স্মরণীয় জানুয়ারির রবিবার। শীতের কনকনে ঠান্ডা থাকলেও সেদিন কেমব্রিজের আকাশ ছিল ঝলমলে নীল। ভার্সিটিতে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন সনিয়া। সঙ্গে ছিলেন মিলান থেকে আসা তাঁর এক স্কুলবন্ধু। রেস্তরাঁয় ঢুকে পরিচিত সেই তরুণদের দলটিকে দেখতে না পেয়ে কিছুটা হতাশ হয়েছিলেন তিনি। তবে নিজের মনের ভাব বন্ধুর কাছে প্রকাশ না করে স্বাভাবিক থাকার চেষ্টা করছিলেন।

ঠিক সেই সময় রেস্তরাঁর দরজা খুলে ভিতরে প্রবেশ করেন সেই সুদর্শন যুবক। সঙ্গে ছিলেন ক্রিশ্চান ভন স্টিগলিটজ়, যিনি সনিয়ার হাউসমেট রুথের বন্ধু ছিলেন। তাঁরা সনিয়াদের টেবিলের সামনে এসে দাঁড়ান। ক্রিশ্চান পরিচয় করিয়ে দেন, ‘‘হাই, সনিয়া, এ আমার বন্ধু রাজীব।’’ হাসিমুখে হাত বাড়িয়ে রাজীবও জানতে চান, কেমন আছেন সনিয়া।

সেই প্রথম দু’জনের চোখাচোখি। রাজীবের উজ্জ্বল কালো চোখ ও হাসিমুখ সনিয়ার মনে গভীর ছাপ ফেলেছিল। উত্তেজনায় তাঁর বুক ধড়ফড় করছিল, মুখ হয়ে উঠেছিল লাল। কাঁপা হাতে রাজীবের সঙ্গে করমর্দন করে তিনিও উত্তর দিয়েছিলেন। সনিয়ার কথায়, সেই মুহূর্তেই যেন বিদ্যুতের ঝলকানির মতো অনুভূতি হয়েছিল তাঁর। ইতালীয় ভাষায় যাকে বলা হয় ‘উন কোলপো দি ফুলমিনে’— অর্থাৎ প্রথম দর্শনেই প্রেম।

পরে রাজীবও জানিয়েছিলেন, তাঁর অনুভূতিও ছিল একই রকম। সেদিনই ক্রিশ্চান তাঁদের গাড়িতে করে কেমব্রিজের কাছাকাছি ঐতিহাসিক ইলি ক্যাথিড্রাল ঘুরে দেখার প্রস্তাব দেন। চার জন মিলে সেখানে যান। ক্যাথিড্রালের স্থাপত্য, ছাদের চিত্রকর্ম ও কারুকাজ ঘুরে দেখেন তাঁরা। ফেরার পথে রাজীব ও সনিয়ার মধ্যে বারবার চোখাচোখি ও হাসির আদানপ্রদান হয়। সেই সফরই তাঁদের সম্পর্কের সূচনাকে আরও এগিয়ে দেয়। এর পর থেকে নিয়মিত দেখা করতে শুরু করেন দু’জনে।

ক্রিশ্চানের কাছ থেকেই সনিয়া জানতে পারেন, রাজীব ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নাতি। তখন রাজীবের বয়স ২১ বছর। দিল্লি থেকে কেমব্রিজে এসে ট্রিনিটি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন তিনি। এক অচেনা শহরের রেস্তরাঁয় শুরু হওয়া সেই পরিচয়ই পরবর্তী সময়ে তাঁদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.