আইপিএলের নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার নিতে পারবে দিল্লি, কেকেআরের হাতে ১১টি সুযোগ

আইপিএলের নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার নিতে পারবে দিল্লি, কেকেআরের হাতে ১১টি সুযোগ

আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটারকে স্কোয়াডে রাখতে পারে। তাঁদের মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা সর্বাধিক আট। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশ মেনে মঙ্গলবার ১০টি দলই আগামী মরসুমের জন্য নিজেদের রিটেনশন ও রিলিজ তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার ভিত্তিতেই আগামী ১৬ ডিসেম্বরের নিলামে নতুন ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলি।

নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের সামনে। মোট ১৩ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে তারা। এর মধ্যে চার জন হতে পারেন বিদেশি। ১১ জন করে ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের। মুম্বইয়ের হাতে দু’জন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকলেও শাহরুখ খানের কেকেআর নিতে পারবে তিন জন বিদেশি ক্রিকেটার।

লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদ নিলাম থেকে ১০ জন করে ক্রিকেটার নিতে পারবে। দু’টি দলই সর্বাধিক তিন জন করে বিদেশি ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত করতে পারবে। রাজস্থান রয়্যালসের হাতে রয়েছে ন’জন ক্রিকেটার নেওয়ার সুযোগ। তাদের দলে জায়গা হতে পারে সর্বাধিক তিন জন বিদেশির।

অন্য দিকে, চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংস আট জন করে ক্রিকেটার কিনতে পারবে। দু’টি দলেরই দু’জন করে বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিলামে ছ’জন ক্রিকেটার নিতে পারবে। তবে তাদের বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ মাত্র এক জনের।

সবচেয়ে কম ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে গুজরাত টাইটান্সের। শুভমন গিলের দল সর্বোচ্চ পাঁচ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। তবে তাঁদের মধ্যে দু’জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.