বাজির ধোঁয়া থেকে দূরে তাডোবার অরণ্যে দীপাবলি উদ্‌যাপন সোহা-কুণালের, আপনিও ঘুরে আসতে পারেন বাঘের ডেরায়

বাজির ধোঁয়া থেকে দূরে তাডোবার অরণ্যে দীপাবলি উদ্‌যাপন সোহা-কুণালের, আপনিও ঘুরে আসতে পারেন বাঘের ডেরায়

শহরের আলোর রোশনাই, বাজির শব্দ আর ধোঁয়া থেকে অনেক দূরে, প্রকৃতির কোলে অন্য রকম দীপাবলি উদ্‌যাপন করলেন অভিনেত্রী সোহা আলি খান ও তাঁর স্বামী কুণাল খেমু। সঙ্গে ছিল তাঁদের ছোট্ট মেয়ে ইনায়া। শহরের বন্ধুদের বদলে এ বার অরণ্যের বন্ধুদের সঙ্গে উৎসব কাটালেন তাঁরা। মহারাষ্ট্রের তাডোবা-অন্ধেরী টাইগার রিজার্ভের জঙ্গলের একটি রিসর্টে বসেই মেয়ের সঙ্গে রঙ্গোলি তৈরি করেছেন সোহা। জ্বালিয়েছেন প্রদীপও। সন্ধ্যায় প্রকৃতির মাঝে হাঁটাহাঁটির বেশ কিছু মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি।

ছবির ক্যাপশনে সোহা লিখেছেন, ‘‘এ বছর শহরের বন্ধুদের বদলে অরণ্যের বন্ধুদের সঙ্গে কাটালাম—জঙ্গলের বুক থেকে এক শান্ত, নিরিবিলি ও পরম আনন্দের দীপাবলি।’’ অন্য দিকে, কুণাল তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জঙ্গল সাফারির রোমাঞ্চকর অভিজ্ঞতা। তাঁর ক্যামেরায় ধরা পড়েছে বাঘের রাজকীয় বিচরণ, জলপানের দৃশ্য, গাছের ডালে বসে থাকা প্যাঁচা এবং সাফারির পথে দেখা নানা প্রজাতির পাখি।

সোহা-কুণালের মতো আপনিও চাইলে ঘুরে আসতে পারেন মহারাষ্ট্রের তাডোবা-অন্ধেরী টাইগার রিজার্ভ থেকে। মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় অবস্থিত এই অরণ্য দীর্ঘদিন ধরেই বাঘেদের অন্যতম পরিচিত বিচরণক্ষেত্র। ১৯৯৫ সালে তাডোবা জাতীয় উদ্যানের সঙ্গে অন্ধেরী ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুয়ারি যুক্ত হয়ে গড়ে ওঠে তাডোবা-অন্ধেরী টাইগার রিজার্ভ। বাঘের দেখা পাওয়ার সম্ভাবনা থাকায় পর্যটকদের কাছে এই অরণ্যের জনপ্রিয়তা যথেষ্ট। সাফারি জিপের সামনে শাবকদের নিয়ে বাঘিনীর হেঁটে যাওয়া কিংবা রাস্তা পার হতে গিয়ে বাঘের থমকে দাঁড়ানোর মতো দৃশ্য এখানে খুব একটা বিরল নয়। বাঘের রাজকীয় চলন ক্যামেরাবন্দি করতে দেশ-বিদেশের আলোকচিত্রীদের কাছেও এই অরণ্য বিশেষ আকর্ষণের।

8

তবে তাডোবা শুধু বাঘের জন্যই বিখ্যাত নয়। লেপার্ড, ঢোল, স্লথ বিয়ার, হায়না, হরিণ-সহ নানা প্রজাতির বন্যপ্রাণেরও আশ্রয়স্থল এই অরণ্য। পাশাপাশি রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি। বাঁশবন, দীর্ঘ ঘাসে ঢাকা এলাকা এবং জলাশয় মিলিয়ে তাডোবার প্রাকৃতিক সৌন্দর্যও পর্যটকদের মুগ্ধ করে।

সাফারির জন্য কী ভাবে পরিকল্পনা করবেন?

তাডোবার জঙ্গলে ঘুরতে যাওয়ার আগে পরিকল্পনা করে নেওয়া জরুরি। অরণ্যে প্রবেশের জন্য অগ্রিম অনুমতি নেওয়া বাধ্যতামূলক। মহারাষ্ট্র বন দফতরের সরকারি ওয়েবসাইট Safaribooking.mahaforest.gov.in থেকে সাফারির অনুমতি বুক করা যায়। কোর ও বাফার এলাকা মিলিয়ে এখানে চারটি জ়োনে সাফারির সুযোগ রয়েছে—নবেগাঁও, মোহর্লী, কোলারা এবং পাঁগডী-ঝরী। সাফারির ১২০ দিন আগে থেকে অনলাইন বুকিং শুরু হয়।

কোন সময়ে যাবেন?

  • মার্চ থেকে জুন: বাঘ দেখার জন্য গ্রীষ্মকালকে আদর্শ সময় বলে মনে করা হয়। প্রচণ্ড গরমে জঙ্গলের অধিকাংশ জলাশয় শুকিয়ে যাওয়ায় অবশিষ্ট জলাশয়গুলিতে বাঘেদের আনাগোনা বাড়ে। ফলে তাদের দেখা পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। তবে এই সময়ে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। তাই গরম সহ্য করার প্রস্তুতি নিয়ে যেতে হবে।
  • অক্টোবর থেকে ফেব্রুয়ারি: বর্ষার পর সবুজে ভরে ওঠে অরণ্য। আবহাওয়াও থাকে তুলনামূলক মনোরম। পাখি দেখার জন্য শীতকাল বিশেষ উপযোগী। ভোরের দিকে ঠান্ডা পড়লেও এই সময় বাঘের দেখা পাওয়ার সম্ভাবনা থাকে।

কোথায় থাকবেন?

তাডোবার বাফার জ়োনের সাফারি গেটগুলির কাছাকাছি সরকারি ও বেসরকারি একাধিক হোটেল এবং রিসর্ট রয়েছে। সাফারির পরিকল্পনা অনুযায়ী সেখান থেকে থাকার জায়গা বেছে নিতে পারেন।

কী ভাবে পৌঁছবেন?

  • বিমানপথে: নিকটতম বিমানবন্দর নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর। সেখান থেকে গাড়িতে প্রায় ১৪০ কিলোমিটার পথ পেরিয়ে তিন ঘণ্টায় তাডোবা পৌঁছনো যায়।
  • রেলপথে: নিকটতম রেলস্টেশন চন্দ্রপুর। মোহর্লী গেট থেকে স্টেশনটির দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। তবে সব ট্রেন চন্দ্রপুরে দাঁড়ায় না। সে ক্ষেত্রে নাগপুর জংশনও একটি ভাল বিকল্প।
  • সড়কপথে: নাগপুর থেকে ব্যক্তিগত গাড়ি ভাড়া করে সরাসরি রিসর্টে পৌঁছনো যায়। নির্ধারিত সাফারি স্লট অনুযায়ী অনেক ক্ষেত্রে রিসর্ট কর্তৃপক্ষ জিপসি গাড়িতে যাতায়াতের ব্যবস্থাও করে দেয়।

প্রকৃতির কাছাকাছি থেকে নিরিবিলিতে ছুটি কাটানো কিংবা বন্যপ্রাণের ছবি তোলার অভিজ্ঞতা—দুইয়ের জন্যই তাডোবা হতে পারে আকর্ষণীয় গন্তব্য। সোহা ও কুণালের মতো অরণ্যের পরিবেশে উৎসবের দিন কাটাতে চাইলে আগাম সাফারি বুকিং ও যাতায়াতের পরিকল্পনা করে রাখা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.