ভ্রমণ কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য—ভারত থেকে বিদেশযাত্রা এখন আগের চেয়ে আরও সহজ ও সুবিধাজনক হতে চলেছে। কলকাতা, দিল্লি, মুম্বই এবং গুয়াহাটি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক আন্তর্জাতিক গন্তব্যে সরাসরি বিমান পরিষেবা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় বিমান সংস্থাগুলি। এর ফলে ইউরোপের ঐতিহাসিক শহর, ভারত মহাসাগরের প্রাকৃতিক দ্বীপ কিংবা পূর্ব ও পশ্চিম এশিয়ার প্রধান বাণিজ্যিক কেন্দ্রে যাতায়াতের সময় ও ঝক্কি উভয়ই উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
কলকাতা থেকে সাংহাই: চিনে যাতায়াত আরও সহজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে চিনের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ের মধ্যে সরাসরি উড়ান পরিষেবা চালু করেছে এয়ার ইন্ডিয়া। এতদিন কলকাতা থেকে সাংহাই যাওয়ার ক্ষেত্রে অন্য দেশের বিমানবন্দর ঘুরে যেতে হতো, যা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল ছিল। ব্যবসায়িক কাজ, উচ্চশিক্ষা কিংবা ভ্রমণের জন্য যাঁরা নিয়মিত চিনে যান, এই নতুন উড়ানের ফলে তাঁদের ভোগান্তি অনেকটাই কমবে।
দিল্লি ও মুম্বই থেকে এথেন্স: ইউরোপ ভ্রমণে গতি গ্রিসের ঐতিহাসিক রাজধানী এথেন্স এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র সান্তোরিনি ভ্রমণের ক্ষেত্রে ভারতীয় পর্যটকদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে ইন্ডিগো। বিমান সংস্থাটি দিল্লি এবং মুম্বই থেকে এথেন্সের উদ্দেশ্যে সরাসরি উড়ান চালু করেছে। সপ্তাহে তিন দিন এই রুটে বিমান চলাচল করছে, যার ফলে ভারতীয় যাত্রীরা অনেক কম সময়ে সরাসরি গ্রিস পৌঁছাতে পারছেন।
চেন্নাই থেকে রিইউনিয়ন আইল্যান্ড: ভারত মহাসাগরের দ্বীপে সরাসরি যোগাযোগ ভারত মহাসাগরে অবস্থিত ফরাসি নিয়ন্ত্রণাধীন মনোরম রিইউনিয়ন আইল্যান্ডে পৌঁছানো এখন ভারতীয়দের জন্য অনেক সহজ হয়েছে। আগ্নেয়গিরি, ট্রেকিং রুট এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই দ্বীপে এতদিন মরিশাস বা অন্য দেশে ট্রানজিট নিয়ে যেতে হতো। ইন্ডিগোর সরাসরি উড়ান চালু হওয়ায় চেন্নাই থেকে খুব সহজেই এই দ্বীপে পৌঁছানো সম্ভব হচ্ছে, যা ফ্রান্স ও ভারতের মধ্যে পর্যটন ও অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
উত্তর-পূর্ব ভারত থেকে মধ্যপ্রাচ্য: গুয়াহাটি থেকে দুবাই ও আবু ধাবি উত্তর-পূর্ব ভারত থেকে মধ্যপ্রাচ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে এয়ার ইন্ডিয়া। আগামী ৪ আগস্ট থেকে গুয়াহাটি থেকে দুবাই এবং ৭ আগস্ট থেকে গুয়াহাটি থেকে আবু ধাবির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে চলেছে। এর আগে উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের দুবাই বা মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে যেতে হলে দিল্লি, মুম্বই বা কলকাতার ওপর নির্ভর করতে হতো। সরাসরি উড়ানের মাধ্যমে এই অঞ্চলের যাত্রীদের সময় ও যাতায়াতের জটিলতা দুটোই কমবে।

