রোঁলা গারোজের লাল সুরকির কোর্টে শুরুতেই অঘটন। সোমবার ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন প্রবীণ তারকা স্ট্যান ওয়ারিঙ্কা। নেদারল্যান্ডসের জেসপার দে ইয়ংয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন সুইৎজ়ারল্যান্ডের এই প্রাক্তন চ্যাম্পিয়ন। অন্যদিকে, মেয়েদের সিঙ্গলসে কোনো অঘটন ছাড়াই অনায়াসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন চারবারের চ্যাম্পিয়ন তথা শীর্ষ বাছাই ইগা শিয়নটেক। তবে টুর্নামেন্টের শুরুতেই খেলোয়াড় থেকে শুরু করে সমর্থক— সবার বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে প্যারিসের তীব্র দাবদাহ।
আবেগঘন বিদায় ৪১ বছরের ওয়ারিঙ্কার
এ দিন কোর্টে জেসপার দে ইয়ংয়ের তারুণ্যের গতির কাছে কার্যত পরাস্ত হন ৪১ বছর বয়সী ওয়ারিঙ্কা। ম্যাচের ফলাফল জেসপারের পক্ষে ৩-৬, ৬-৩, ৩-৬, ৪-৬। দীর্ঘ ২১ বছর আগে প্রথমবার ফরাসি ওপেনের মূল পর্বে খেলেছিলেন ওয়ারিঙ্কা। ২০১৫ সালে এই ঐতিহ্যবাহী ট্রফি জয়ের পাশাপাশি দু’বছর পর (২০১৭ সালে) রানার্সও হয়েছিলেন তিনি।
ম্যাচ শেষে কোর্ট ছাড়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন এই সুইস তারকা। জয়ের পর জেসপার নিজেই উপস্থিত সমর্থকদের অনুরোধ করেন ওয়ারিঙ্কাকে দাঁড়িয়ে সম্মান জানাতে। গ্যালারির দর্শকেরা উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে অভিবাদন জানান এই কিংবদন্তিকে। বিদায়লগ্নে ওয়ারিঙ্কা বলেন,
“সবাইকে বিদায় জানাতে খুব কষ্ট হচ্ছে। এই রোঁলা গারোজে খেলব বলেই একদিন টেনিস খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখেছিলাম।”
আঙুলে ফোসকা নিয়েও মরিয়া শিয়নটেক
মেয়েদের বিভাগে বিশ্বের ১৩৬ নম্বর খেলোয়াড় এমার্সন জোন্সকে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন ইগা শিয়নটেক। ম্যাচের প্রথম সেটের পর পোলিশ তারকার আঙুলে ফোসকা পড়ায় কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। তবে দ্বিতীয় সেটে আঙুলে বিশেষ টেপ পেঁচিয়ে খেলতে নেমেও দাপট বজায় রাখেন তিনি। চলতি মরসুমে লাল মাটির কোর্টে এখনও কোনো ট্রফি না জিতলেও, প্যারিসে নিজের পঞ্চম শিরোপা তুলতে মরিয়া শিয়নটেক।
এ দিন মেয়েদের বিভাগে অন্যান্য ফেভারিটদের মধ্যে দ্বিতীয় বাছাই এলিনা রিবাকিনা ৬-২, ৬-২ গেমে ভেরোনিকা এরজাভেচকে এবং ষষ্ঠ বাছাই আমান্ডা আনিসিমোভা ৬-৩, ৬-১ গেমে তিয়ানতোয়া সারাকে হারিয়ে পরের রাউন্ডে গিয়েছেন। তবে সপ্তম বাছাই এলিনা সোয়াইতোলিনাকে আনা বন্দারের বিরুদ্ধে জিততে বেশ বেগ পেতে হয়। ম্যাচের ফলাফল সোয়াইতোলিনার পক্ষে ৬-৩, ১-৬, ৭-৬।
নাদাল-আলকারাজ়ের উত্তরসূরি জোদার
ছেলেদের বিভাগে টেনিসপ্রেমীদের বাড়তি নজর কেড়েছেন স্পেনের তরুণ তুর্কি রাফায়েল জোদার। টেনিস মহলে তাঁকে ইতিমিধ্যেই রাফায়েল নাদাল এবং কার্লোস আলকারাজ়ের যোগ্য উত্তরসূরি বলে মনে করা হচ্ছে। প্রথম রাউন্ডের ম্যাচে আলেকসান্দার কোভাসেভিচকে ৬-১, ৬-০, ৬-৪ গেমে কার্যত উড়িয়ে দিয়ে নিজের প্রতিভার জানান দিয়েছেন এই স্প্যানিশ তারকা।
প্যারিসে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, নাজেহাল খেলোয়াড় ও সমর্থকেরা
খেলার পাশাপাশি এই মুহূর্তে ফরাসি ওপেনের বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে প্যারিসের আবহাওয়া। ইতিমধ্যেই সেখানকার তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। তীব্র গরম ও আর্দ্রতার কারণে পয়েন্টের মাঝের বিরতিতে খেলোয়াড়দের ঘাড়ে আইসপ্যাক দিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। গরমের প্রভাব পড়েছে গ্যালারিতেও; শিয়নটেকের মতো তারকার ম্যাচও দেখতে হয়েছে প্রায় ফাঁকা গ্যালারির সামনে। দর্শকাসনে পানীয় জলের চাহিদাও অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

