সমুদ্রে প্রতিকূল আবহাওয়ার মধ্যে দুর্ঘটনার কবলে পড়ল বিলাসবহুল প্রমোদতরী। জার্মানির উত্তর সাগর উপকূলে প্রবল ঝোড়ো হাওয়ার মধ্যে নোঙর করে থাকা একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগে প্রমোদতরীটির। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রমোদতরীর একাধিক লাইফবোট এবং পণ্যবাহী জাহাজের কাঠামোর কিছু অংশ। ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিয়োটির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা হয়নি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত প্রমোদতরীটির নাম ‘মাইন শিফ ৩’। ২৯৩ মিটার দীর্ঘ এই জাহাজটি পরিচালনা করে জাহাজ পরিবহণ সংস্থা ‘টিইউআই ক্রুজ়েস’। অন্য দিকে, পণ্যবাহী জাহাজটির নাম ‘এমএসসি ভিক্টোরিন’। দুর্ঘটনায় কোনও যাত্রীর মৃত্যু বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যাত্রা শুরুর ২০ মিনিটের মধ্যেই দুর্ঘটনা
জানা গিয়েছে, জার্মানির ব্রেমারহাফেন বন্দর থেকে ২,৪২৮ জন যাত্রী এবং ৯২২ জন কর্মীকে নিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা হয়েছিল ‘মাইন শিফ ৩’। স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে যাত্রা শুরু করে প্রমোদতরীটি। ২০ দিনের সফরের পরিকল্পনা ছিল।
কিন্তু যাত্রা শুরুর পরেই প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে জাহাজটি। জার্মানির উত্তর সাগর উপকূলে তখন ‘মানজা’ ঝড়ের প্রভাবে প্রবল বেগে হাওয়া বইছিল। উত্তাল সমুদ্রে বিশাল প্রমোদতরীটিকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। বন্দর ছাড়ার প্রায় ২০ মিনিটের মধ্যেই নোঙর করে থাকা পণ্যবাহী জাহাজ ‘এমএসসি ভিক্টোরিন’-এর সঙ্গে ধাক্কা লাগে তার।
ধাক্কায় ক্ষতিগ্রস্ত একাধিক লাইফবোট
দুর্ঘটনার মুহূর্তটি এক যাত্রীর ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গিয়েছে। ভিডিয়োয় দেখা যায়, প্রতিকূল আবহাওয়ার মধ্যে কয়েকটি টাগবোট প্রমোদতরীটিকে সাহায্য করার চেষ্টা করছে। ভিডিয়ো রেকর্ড করা ওই যাত্রী প্রথমেই আশঙ্কা প্রকাশ করেন, জাহাজটির পিছনের অংশ কাছাকাছি থাকা পণ্যবাহী জাহাজে ধাক্কা মারতে পারে। এর পর ক্যামেরা সামনের দিকে ঘোরাতেই দুই জাহাজের সংঘর্ষের দৃশ্য ধরা পড়ে।
সংঘর্ষের জেরে ‘মাইন শিফ ৩’-এর একাধিক লাইফবোট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। জার্মান সংবাদপত্র ‘বিল্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রমোদতরীর সঙ্গে ধাক্কা লেগে ‘এমএসসি ভিক্টোরিন’-এর কাঠামোর একটি অংশও ফেটে গিয়েছে। প্রকাশ্যে আসা ছবি ও ভিডিয়োয় জাহাজ দু’টির ক্ষয়ক্ষতির চিত্র দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে, দুই জাহাজের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।
বন্দরে ফিরল প্রমোদতরী, তদন্ত শুরু
দুর্ঘটনার পর ‘মাইন শিফ ৩’ বন্দরে ফিরে যায়। সেখানে বিশেষজ্ঞেরা জাহাজটির ক্ষয়ক্ষতি পরীক্ষা করে সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করছেন। জাহাজ পরিচালনাকারী সংস্থা ‘টিইউআই ক্রুজ়েস’ দুর্ঘটনার কথা স্বীকার করেছে। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, যাচাই করা তথ্য হাতে এলেই তা জানানো হবে। জার্মানির জল পুলিশও ঘটনার কথা নিশ্চিত করেছে।
এ দিকে, দুই জাহাজের সংঘর্ষের ভিডিয়োটি সংবাদমাধ্যম ‘আরটি’-র এক্স হ্যান্ডল থেকে ভাগ করে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। দুর্ঘটনার দৃশ্য দেখে সমাজমাধ্যমে কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ এবং জাহাজ দু’টির ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ জানতে তদন্তের ফলাফলের অপেক্ষা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

