আইপিএল (IPL) শেষ হওয়ার মাসখানেকও কাটেনি, এর মধ্যেই শুরু হয়ে গেছে আগামী মরসুমের দল গোছানোর তোড়জোড়। আইপিএলের দলবদল ও ডাগআউটের সমীকরণে এক বড়সড় রদবদলের ইঙ্গিত মিলেছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর প্রতিবেদন অনুযায়ী, সব ঠিক থাকলে লখনউ সুপার জায়ান্টস ছেড়ে ফের পুরনো দল দিল্লি ক্যাপিটালসে ফিরছেন তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। অন্যদিকে, দিল্লির স্পিনার কুলদীপ যাদব যোগ দিতে পারেন লখনউ শিবিরে। সেই সঙ্গে দিল্লির নতুন ব্যাটিং কোচ হিসেবে দেখা যেতে পারে যুবরাজ সিংহকে।
বড় অঙ্কের বেতন কমিয়ে ‘ঘরে’ ফিরছেন পন্থ
আইপিএলের ২০২৫ সালের মেগা নিলামে রেকর্ড ২৭ কোটি টাকার বিনিময়ে ঋষভ পন্থকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। তবে পন্থের নেতৃত্বে দল পরপর দু’বার ব্যর্থ হওয়ার পর এই পরিবর্তন নিশ্চিত ছিল। আইপিএল শেষ হতেই লখনউয়ের নেতৃত্ব ছেড়ে দেন পন্থ।
সূত্রের খবর, আগামী দু’বছরের জন্য দিল্লির পুরুষ দলের দায়িত্বভার গ্রহণ করছে পার্থ জিন্দলের জেএসডব্লিউ (JSW)। তারা পন্থের সঙ্গে যোগাযোগ করলে এই তারকা ক্রিকেটারও দিল্লি ফিরতে সানন্দ সম্মতি জানান। তবে দিল্লির পক্ষে ২৭ কোটি টাকা দেওয়া সম্ভব না হওয়ায় পন্থ নিজের বেতন প্রায় অর্ধেক কমিয়ে ১৫ কোটি টাকায় পুরনো দলে ফিরছেন। এর আগে ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত দিল্লির হয়ে ১১১টি ম্যাচ খেলেছিলেন তিনি। অতীতে রবীন্দ্র জাডেজাও একইভাবে নিজের বেতন কমিয়ে চেন্নাই থেকে রাজস্থানে যোগ দিয়েছিলেন।
লখনউয়ে যাচ্ছেন কুলদীপ যাদব
পন্থ ও কুলদীপের মধ্যে এক প্রকার ‘প্লেয়ার ট্রেড’ বা আদান-প্রদান হতে চলেছে। দিল্লির স্পিনার কুলদীপ যাদব তাঁর বর্তমান মূল্য ১৩.২৫ কোটি টাকাতেই লখনউ সুপার জায়ান্টসে যোগ দিতে চলেছেন। উত্তরপ্রদেশের বাসিন্দা কুলদীপ এর আগে কখনো লখনউয়ের হয়ে খেলেননি। ফলে এই দলবদলের মাধ্যমে তিনিও নিজের ‘হোম ফ্র্যাঞ্চাইজি’ বা ঘরের দলে ফিরছেন। তবে এই বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির তরফে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
দিল্লির ব্যাটিং কোচ হচ্ছেন যুবরাজ, দায়িত্বে ফিরছেন সৌরভ
জেএসডব্লিউ দিল্লির ক্রিকেট অপারেশনসের দায়িত্বে আসায় ফ্র্যাঞ্চাইজির দল পরিচালন সমিতিতে ফিরছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আর দায়িত্ব নিয়েই মাস্টারস্ট্রোক দিতে চলেছেন তিনি।
হেমাঙ্গ বাদানির বিদায়, মেন্টর সৌরভের পছন্দ যুবরাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগেই ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিংহ দিল্লির নতুন ব্যাটিং কোচ হতে রাজি হয়েছেন বলে খবর। সৌরভের এই প্রত্যাবর্তনের ফলে ফ্র্যাঞ্চাইজির বর্তমান কোচ হেমাঙ্গ বাদানিকে তাঁর পদ থেকে সরতে হচ্ছে।
সব মিলিয়ে আগামী আইপিএল মরসুম শুরুর আগেই মাঠ এবং মাঠের বাইরে দিল্লির এই খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত ক্রিকেট মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

