অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাস। শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশকর্মীকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্বজিতের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, ওই পুলিশকর্মীর আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। একই সঙ্গে এই ঘটনার জন্য পূর্ববর্তী তৃণমূল সরকারকে দায়ী করে আক্রমণ শানিয়েছেন তিনি। তাঁর দাবি, আগের সরকারের আমলেই এই ধরনের অপরাধীদের প্রশ্রয় দেওয়া হয়েছে।
বিশ্বজিৎকে গুলি করার অভিযোগ উঠেছে রতন শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুভেন্দু তাঁকে ‘কুখ্যাত অপরাধী’ বলে উল্লেখ করে জানান, রতনের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা রয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে সরকার পরিবর্তনের পরেও ওই ব্যক্তি গ্রেফতার হয়েছিলেন। তাঁর কথায়, ‘‘এরা তৃণমূল সমর্থিত গুন্ডা। ভোটলুট করা পার্টি।’’
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর একাধিক ক্ষেত্রে অভিযুক্তদের এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। সেই প্রসঙ্গ টেনে সাংবাদিকেরা জানতে চান, রতন শেখের ক্ষেত্রেও কি একই পদক্ষেপ করা হবে? জবাবে শুভেন্দু বলেন, ‘‘আইনগত ভাবে রতন শেখকে যা করার করব। এখন আপনারা পুলিশকে দেখছেন। যা হবে আইনি পথে হবে।’’ পাশাপাশি তিনি জানান, পরিস্থিতি অনুযায়ী পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেন। তাঁর বক্তব্য, পুলিশের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং প্রয়োজনে অস্ত্র ব্যবহারের স্বাধীনতাও রয়েছে। তবে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার উপরেই জোর দেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দুর কথায়, ‘‘এরা ভাবছে এখনও আগের সরকার আছে। আগের সরকারের তৈরি করা এরা। ছ’মাসে তো এই সব মুক্ত করতে পারবেন না। ব্লিচিং, ফিনাইল দিয়ে পরিষ্কার করতে করতে যাচ্ছি আমরা। পরিষ্কার হয়ে যাবে।’’ তিনি আরও বলেন, ‘‘পুলিশের বাঁচার অধিকার আছে। বন্দুক-গুলি পকেটে গুঁজে রাখার জন্য দেওয়া হয়নি। ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। ক্ষেত্র বিশেষে পুলিশ অন স্পট ঠিক করবে।’’
আহত কনস্টেবল বিশ্বজিৎকে ‘অত্যন্ত সাহসী ছেলে’ বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর সাহসিকতার স্বীকৃতি হিসেবে আপাতত পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে জানান তিনি। পরবর্তী সময়ে সরকারি ভাবে তাঁকে কী ভাবে সম্মানিত করা যায়, তা-ও বিবেচনা করা হবে। শুভেন্দুর কথায়, ‘‘আমার বিশ্বাস, এই কনস্টেবলের রক্ত বৃথা যাবে না। আমার পুলিশের গায়ে হাত পড়লে আমি বাড়িতে থাকব না। পাশে থাকব।’’
অভিযুক্ত রতন শেখকে দ্রুত গ্রেফতারের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘ওকে আমরা তুলবই। হেফাজতে নেব। ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয়, সেটা দেখব।’’ একই সঙ্গে তাঁর দাবি, অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং তাকে দ্রুত খুঁজে পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ পুলিশের মনোবল আগের তুলনায় অনেকটাই বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতন থানার অন্তর্গত লাইক বাজারে রতন শেখকে ধরতে গিয়েছিলেন কনস্টেবল বিশ্বজিৎ দাস। পুলিশ সূত্রে খবর, সেই সময় রতন তাঁকে লক্ষ্য করে গুলি চালান। গুলি লাগে বিশ্বজিতের বাঁ পায়ে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। সেই সুযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত।
গুরুতর আহত বিশ্বজিৎকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি আইসিসিইউ-তে চিকিৎসাধীন। শনিবার সকালে বর্ধমান রেঞ্জের ডিআইজি শ্রীহরি পাণ্ডে হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি জানান, আপাতত বিশ্বজিতের শারীরিক অবস্থা স্থিতিশীল। দ্রুত সুস্থ হয়ে ওঠার আশাও প্রকাশ করেন তিনি।
এ দিকে, ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও অধরা রতন শেখ। তাঁর বাড়ি বীরভূমের নানুরের সাঁওতা গ্রামে বলে জানা গিয়েছে। অস্ত্র আইন লঙ্ঘন থেকে মাদক পাচার—একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কয়েক মাস আগেই তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার জামিনে মুক্তি পান তিনি।
তবে কোন মামলায় জামিন পাওয়ার পর রতনকে ধরতে পুলিশ গিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। তাঁর বিরুদ্ধে ৩৬টি মামলা থাকা সত্ত্বেও কী ভাবে জামিন মিলল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীও তদন্তের আশ্বাস দিয়েছেন। শুভেন্দু বলেন, ‘‘পুজোর সময় কী ভাবে জামিন পেল, তা খতিয়ে দেখা হবে। এই মামলার সরকারি আইনজীবীর কী ভূমিকা ছিল, তা-ও দেখব। কেন এক সঙ্গে ৩৬ মামলায় জামিন পেল?’’
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে আহত পুলিশকর্মীর চিকিৎসা, অন্যদিকে অভিযুক্তের খোঁজে পুলিশের তল্লাশি এবং তাঁর জামিন ঘিরে ওঠা প্রশ্ন—সব মিলিয়ে শান্তিনিকেতনের এই ঘটনা ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে।

