সনাতনী উৎসবের পুনরুজ্জীবন থেকে জঙ্গলমহলে পরিবেশবান্ধব শিল্প, হাওড়া ও বাঁকুড়ায় একাধিক প্রতিশ্রুতি শুভেন্দুর

সনাতনী উৎসবের পুনরুজ্জীবন থেকে জঙ্গলমহলে পরিবেশবান্ধব শিল্প, হাওড়া ও বাঁকুড়ায় একাধিক প্রতিশ্রুতি শুভেন্দুর

সনাতনী পরম্পরা ও উৎসবকে মহাসমারোহে ফিরিয়ে আনার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে পাহাড়, নদী, জল ও জঙ্গলের প্রাকৃতিক ভারসাম্য অক্ষুণ্ণ রেখে জঙ্গলমহলে পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন তিনি। বৃহস্পতিবার হাওড়া ও বাঁকুড়ায় একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে উৎসব, কর্মসংস্থান, শিল্পায়ন এবং নাগরিক পরিষেবা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, এই সরকার কোনও নির্দিষ্ট দল বা ব্যক্তির নয়, সাধারণ মানুষের। তাই নিজেদের অধিকার আদায়ে মানুষকেই এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার সকালে হাওড়ার গুরুচরণ রায়চৌধুরী ঘাট রোডে ছটপুজোর অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। সেখানে পুজোর সামগ্রী বিতরণ করেন তিনি। এ দিন বাম ও তৃণমূল সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বামেদের ৩৪ বছর এবং তৃণমূলের ১৫ বছরের শাসনকালে সনাতনী পরম্পরা ও উৎসব অবহেলিত হয়েছে। নানা ভাবে বাধা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। শুভেন্দুর কথায়, “মানুষ ব্যবস্থার পরিবর্তন চেয়েছিল বলেই আজ রাজ্যে নতুন সরকার এসেছে। ফলে এ বছর দুর্গা ও কালীপুজোর পর ছটপুজোও মহাসমারোহে পালিত হচ্ছে।”

হাওড়ার পুরসভা নির্বাচন নিয়েও বিরোধীদের নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, সাধারণ মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করতে বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়ে ভোট আটকে রেখেছে। তবে সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করা হবে বলে আশ্বাস দেন তিনি। প্রয়োজনে প্রতিটি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করে নাগরিক পরিষেবা নিশ্চিত করার কথাও জানান। পাশাপাশি দুর্নীতিগ্রস্তদের জেলে পাঠানোর হুঁশিয়ারি দেন শুভেন্দু। ফলতায় বেআইনি ভাবে দখল হওয়া জমি উদ্ধার করে আবাস যোজনার মাধ্যমে গরিব মানুষের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

হাওড়ার কর্মসূচি শেষে বেলুড় মঠ দর্শন করেন মুখ্যমন্ত্রী। এর পর দুপুর আড়াইটে নাগাদ হেলিকপ্টারে বাঁকুড়ার রাইপুর বিধানসভার হলুদকানালি বিরসা মুণ্ডা মেমোরিয়াল কলেজের মাঠে পৌঁছন। সেখানে বাঁদনা পরবের অনুষ্ঠানে যোগ দেন তিনি। মঞ্চের পাশে কুড়মি গ্রামের আদলে একটি জায়গা তৈরি করা হয়েছিল। সেখানে দড়ির খাটে বসে কুড়মি নেতা অজিত প্রসাদ মাহাতো ও মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সঙ্গে বাঁদনা পরবের বিশেষ পিঠে খান মুখ্যমন্ত্রী। পরে গরু খুঁটান উৎসবে নিজের হাতে মাদল বাজিয়ে অংশগ্রহণ করেন।

কর্মসংস্থান ও শিল্পায়ন প্রসঙ্গে একাধিক আশ্বাস দেন শুভেন্দু। তাঁর দাবি, ইতিমধ্যেই ১১ হাজার যোগ্য প্রার্থীকে কনস্টেবল পদে নিয়োগ করা হয়েছে। আগামী দিনে শিক্ষক, কনস্টেবল-সহ বিভিন্ন পদে এক লক্ষ বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে বলেও ঘোষণা করেন তিনি। জঙ্গলমহলের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রেখেই সেখানে পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। এ জন্য যাঁরা জমি দিতে ইচ্ছুক, তাঁদের উপযুক্ত মূল্য দেওয়া হবে বলে জানান তিনি। স্থানীয়দের দাবির ভিত্তিতে হলুদকানালি হাসপাতালকে ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করার আশ্বাসও দেন।

হলুদকানালির অনুষ্ঠান ছাড়াও এ দিন বাঁকুড়া শহরের পাঠকপাড়ার ফুটবল মাঠে আয়োজিত ‘আহারে বাহারে’ খাদ্য উৎসবে যোগ দেন মুখ্যমন্ত্রী। পরে সার্কিট হাউসে কেদারতালে মৃত বাঁকুড়ার পাঁচ যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.