কালীপুজো ও দীপাবলিতে বাজি পোড়ানো এবং শব্দবাজি ফাটানো নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিতর্ক অব্যাহত। একদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে বায়ুদূষণ ও শব্দদূষণের আশঙ্কা— এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষার প্রশ্ন উঠছে বার বার। এমন আবহেই বাজি পোড়ানো এবং প্রদীপ জ্বালানোর মতো প্রাচীন রীতির গুরুত্ব ব্যাখ্যা করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তাঁর দাবি, অতীতে বাজি তৈরিতে ব্যবহৃত উপাদান পরিবেশকে বিশুদ্ধ করতে সাহায্য করত। প্রাচীন এই প্রথাগুলির পিছনে নির্দিষ্ট বৈজ্ঞানিক যুক্তিও রয়েছে বলে মত তাঁর।
বুধবার নাগপুরে ‘দীপাবলি মিলন উৎসব’-এ যোগ দিয়েছিলেন সংঘপ্রধান। সেখানে তিনি জানান, অতীতে বাজি তৈরিতে যে ধরনের উপাদান ব্যবহার করা হত, বর্তমানে তা আর করা হয় না। তাঁর দাবি, সেই উপাদানগুলি কীটনাশকের মতো কাজ করত এবং বাতাসকে বিশুদ্ধ করতে সাহায্য করত। বিশেষত ফসল কাটার মরসুমে আতশবাজির ব্যবহার কার্যকর ছিল বলে মনে করেন তিনি।
ভাগবতের কথায়, “এখন যে ধরনের রাসায়নিক উপাদান দিয়ে বাজি তৈরি করা হয়, আগে তা হত না। আগে বাজির ধোঁয়ায় অনেক ক্ষতিকর কীটপতঙ্গ মরে যেত। বিশেষ করে ফসল তোলার এই মরসুমে বাজি বিশেষ কার্যকর ছিল। এর মাধ্যমে পরিবেশ শুদ্ধ হত।” কালীপুজোয় প্রদীপ জ্বালানোর রীতির পিছনেও বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ঘি ও তেল দিয়ে প্রদীপ জ্বালালে পরিবেশে বিশেষ ধরনের বায়ুস্তর তৈরি হয়। এই প্রথার নেপথ্যেও বিজ্ঞান রয়েছে বলে দাবি করেছেন সংঘপ্রধান।
ঐতিহ্যবাহী প্রথাগুলির প্রকৃত তাৎপর্য বুঝে উৎসব পালনের আহ্বান জানিয়েছেন ভাগবত। তাঁর মতে, সঠিক মনোভাব নিয়ে উৎসব উদ্যাপন করলে মানুষ ও পরিবেশ— উভয়েই উপকৃত হবে। একই সঙ্গে উৎসবকে সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর কথায়, “সমাজকে চাঙ্গা করে রাখে উৎসব। যে যতই চেষ্টা করুক, এগুলো বন্ধ হবে না। আমাদের শুধু সঠিক মনোভাব নিয়ে উৎসব পালন করতে হবে। সেটা গুরুত্বপূর্ণ।”
উল্লেখ্য, কালীপুজো ও দীপাবলিতে শব্দবাজি ফাটানোর উপর বিধিনিষেধ রয়েছে। আদালতের তরফে পরিবেশবান্ধব বা সবুজ বাজি ব্যবহারের কথা বলা হয়েছে। কিন্তু অভিযোগ, সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক হারে বাজি ফাটানো হয়েছে। এর জেরে দিল্লি-সহ একাধিক শহরে বায়ুর গুণগত মানের অবনতি হয়েছে।
এর আগে কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী দাবি করেছিলেন, বাজি ফাটালে অসুখবিসুখ সেরে যায়। তাঁর সেই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। এ বার দীপাবলিতে বাজি পোড়ানোর প্রাচীন রীতির বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন খোদ আরএসএস প্রধান মোহন ভাগবত।

