মেক্সিকো থেকে সরাসরি এসে ম্যাচের দিনই মাঠে নামার নির্দেশ! আয়োজক দেশ আমেরিকার এমন বিতর্কিত ফতোয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করল ইরান ফুটবল দল। স্থানীয় আবহাওয়া ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ন্যূনতম সুযোগ না দেওয়ায় দলের প্রস্তুতিতে ব্যাপক ব্যাঘাত ঘটছে বলে দাবি ইরানের। এই বিষয়ে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ‘ফিফা’র (FIFA) কাছে সরকারিভাবে লিখিত অভিযোগ দায়ের করেছে ইরান ফুটবল সংস্থা।
আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার আবেদন খারিজ
চলতি টুর্নামেন্টে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে ইরান। আগামী ২১ জুন লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচ। ক্যালিফোর্নিয়ার স্থানীয় আবহাওয়ার সঙ্গে ফুটবলারদের মানিয়ে নেওয়ার সুবিধার্থে ম্যাচের অন্তত দু’দিন আগে লস অ্যাঞ্জেলেস পৌঁছানোর অনুমতি চেয়েছিল ইরান। কিন্তু মার্কিন প্রশাসন ও আয়োজক কমিটি সেই আবেদন সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। পরিবর্তে ম্যাচের দিন এসে, ম্যাচ খেলেই মেক্সিকোতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইরান দলকে।
“পদে পদে চরম অসহযোগিতা করা হচ্ছে”
আয়োজকদের এই একগুঁয়েমিতে ক্ষোভ উগরে দিয়ে ইরান ফুটবল দলের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান:
“আমরা অনেক আগেই আমাদের প্রস্তুতির সূচি আয়োজকদের পাঠিয়ে দিয়েছিলাম। তা সত্ত্বেও আয়োজক দেশ পদে পদে আমাদের সঙ্গে চরম অসহযোগিতা করে চলেছে। দলের মূল পরিকল্পনা ও প্রস্তুতিতে বারবার বাধা দেওয়া হচ্ছে। লস অ্যাঞ্জেলেসে আমাদের ম্যাচটি দুপুর ১২টায়। তীব্র রোদে খেলার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ফুটবলারদের সময়ের প্রয়োজন ছিল। ম্যাচের আগে সেখানে অনুশীলন করার দরকার ছিল। কিন্তু কোনো এক অজানা ‘টেকনিক্যাল’ কারণ দেখিয়ে আমাদের আবেদন আবারও প্রত্যাখ্যান করা হয়েছে।”
ইরান ফুটবল সংস্থার দাবি, এই ধরণের বৈরী পরিস্থিতিতে ফুটবলারদের পক্ষে মাঠে নিজেদের সেরাটা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তারা ফিফাকে দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছে।
ইরানের পাশে ফিফা কর্তারা
আমেরিকার এই পক্ষপাতমূলক আচরণ যে ফিফা-ও ভালোভাবে নিচ্ছে না, তা স্পষ্ট হয়েছে সংস্থার এক পদস্থ কর্তার বক্তব্যে। নাম প্রকাশে অনিচ্ছুক ফিফার এক আধিকারিক এই ঘটনার সমালোচনা করে বলেন, ‘‘এই পরিস্থিতিতে ইরানের পক্ষে ভালো খেলা কীভাবে সম্ভব? মেক্সিকো থেকে উড়ে এসে কয়েক ঘণ্টার মধ্যে ওরা কীভাবে ম্যাচ খেলবে? টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলকে সমান সুযোগ-সুবিধা দেওয়া উচিত। ইরান তো প্রস্তুতির পর্যাপ্ত সময়টুকুই পাচ্ছে না। এটা একেবারেই মেনে নেওয়া যায় না।’’
বেলজিয়ামের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে এই ভ্রমণক্লান্তি ও প্রস্তুতির অভাব ইরান শিবিরকে বড়সড় ব্যাকফুটে ঠেলে দিল বলেই মনে করছে ফুটবল মহল। এখন ফিফা এই বিষয়ে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার।

