মাওবাদী অস্ত্রভান্ডারের খোঁজে পুরুলিয়ার জঙ্গলমহল, বান্দোয়ানের পাহাড়ি উপত্যকায় তল্লাশি পুলিশের

মাওবাদী অস্ত্রভান্ডারের খোঁজে পুরুলিয়ার জঙ্গলমহল, বান্দোয়ানের পাহাড়ি উপত্যকায় তল্লাশি পুলিশের

দুই পাশে সমান্তরাল পাহাড়ের সারি। মাঝখানে সরু উপত্যকা। এক দিকে ঝাড়খণ্ড, অন্য দিকে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বান্দোয়ান। ঘন জঙ্গল আর দুর্গম পাহাড়ে ঘেরা এই এলাকাই একসময় ছিল মাওবাদীদের অন্যতম শক্ত ঘাঁটি। দীর্ঘদিনের শান্তির পর ফের সেই অঞ্চল আলোচনায়। সম্প্রতি ওই এলাকার পাহাড়ের মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে মাওবাদীদের লুকিয়ে রাখা অস্ত্র ও গুলি। পুজোর পর আরও অস্ত্র উদ্ধারের সম্ভাবনা দেখছে পুলিশ। মাওবাদী নেতাদের গ্রেফতার ও আত্মসমর্পণের পর তাঁদের জেরা করেই গোপন অস্ত্রভান্ডারের সন্ধান মিলছে বলে জানা গিয়েছে।

পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজের কথায়, বান্দোয়ানের ওই এলাকা ভৌগোলিক ভাবে অত্যন্ত দুর্গম। পাশাপাশি থাকা দু’টি পাহাড়শ্রেণির মাঝখানে রয়েছে সরু উপত্যকা। একটি পাহাড়ের প্রান্ত ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে, অন্যটি পশ্চিমবঙ্গের বান্দোয়ানের ভিতরে প্রবেশ করেছে। ঠিক কোথা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, সে বিষয়ে অবশ্য বিস্তারিত জানাতে চাননি পুলিশ সুপার। তাঁর বক্তব্য, উদ্ধারস্থলের ছবি বা নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা ঠিক হবে না।

গত কয়েক মাসে মাওবাদী সংগঠনের বেশ কয়েক জন গুরুত্বপূর্ণ নেতা গ্রেফতার হয়েছেন অথবা আত্মসমর্পণ করেছেন। তাঁদের কেউ পশ্চিমবঙ্গের, কেউ ঝাড়খণ্ডের। তাঁদের জেরা করেই মাওবাদীদের গোপন অস্ত্রভান্ডার সম্পর্কে তথ্য পাচ্ছে পুলিশ। তবে এখনও সমস্ত তথ্য পুলিশের হাতে আসেনি বলেই মনে করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, খড়বন ও মেঘাদহ গ্রামের মাঝের একটি ন্যাড়া পাহাড়ের মাটি খুঁড়ে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। দুয়ারসিনি মন্দিরের উল্টো দিকে একটি ছোট দোকান চালান চন্দন সিং সর্দার। তাঁর দোকানে সন্ধ্যার পর স্থানীয়দের আড্ডা বসে। সেখানেই কথায় কথায় উঠে আসে সাম্প্রতিক অস্ত্র উদ্ধারের প্রসঙ্গ। চন্দনের এক ভাইপোর দাবি, ওই পাহাড় থেকেই রাইফেল ও গুলি উদ্ধার হয়েছে।

স্থানীয়দের দেওয়া তথ্যের সূত্র ধরে খড়বন ও মেঘাদহের দিকে এগোলে এলাকার দুর্গম চরিত্র স্পষ্ট হয়ে ওঠে। দু’পাশে ঘন জঙ্গলে ঢাকা পাহাড়। মাঝখান দিয়ে চলে গিয়েছে সরু কংক্রিটের রাস্তা। পাহাড়ের কোলে রয়েছে আসানপানি ও ঠরকাদহের মতো গ্রাম। সেখান থেকে আরও সরু রাস্তা উঠে গিয়েছে জঙ্গলের ভিতরে। সেই পথ ধরেই পৌঁছতে হয় খড়বন ও মেঘাদহে।

রাস্তার অবস্থা এতটাই খারাপ যে গাড়ি নিয়ে এগোনোও যথেষ্ট ঝুঁকির। কোথাও আকস্মিক বাঁক, কোথাও খাড়া উতরাই, আবার কোথাও চড়াই পথ। দু’পাশের কাঁটাঝোপ গাড়ির গায়ে ঘষে যায়। দীর্ঘ পথ জুড়ে লোকালয়ের চিহ্ন প্রায় নেই বললেই চলে। স্থানীয় এক বাইক আরোহীও ওই পথে গাড়ি নিয়ে যাওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন।

পাহাড় ও জঙ্গলে ঘেরা এই ভৌগোলিক অবস্থানই একসময় মাওবাদীদের গোপন কার্যকলাপের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছিল। দুর্গম পথের সুযোগ নিয়ে অস্ত্র লুকিয়ে রাখা এবং নিরাপদে যাতায়াত করা সম্ভব হত। একই কারণে একসময় বান্দোয়ান থানা এলাকায় পুলিশ ও প্রশাসনের পক্ষে পৌঁছনোও কঠিন হয়ে উঠেছিল।

এই অঞ্চলে মাওবাদী হিংসার ইতিহাসও দীর্ঘ। ২০০৩ সালের ১১ অক্টোবর বান্দোয়ান থানার তৎকালীন ওসি নীলমাধব দাসকে মাইন বিস্ফোরণ ও গুলির মাধ্যমে হত্যা করেছিল মাওবাদীরা। প্রথমে রাস্তার নীচে পোঁতা মাইন বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ কনভয়ের একটি ভ্যান উড়িয়ে দেওয়া হয়। তার পর পাশের জঙ্গলঘেরা পাহাড় থেকে গুলি চালানো হয়।

ঘটনার প্রত্যক্ষ স্মৃতি এখনও রয়েছে স্থানীয় বাসিন্দা কালীপদ প্রামাণিকের মনে। সে সময় তিনি গ্রামে ক্ষৌরকর্ম করার পাশাপাশি ঠেলাগাড়িতে চাট বিক্রি করতেন। ঘটনার দিন কাছের একটি গ্রামে ফুটবল খেলার আসর বসেছিল। সেখানে দোকান নিয়ে বসেছিলেন কালীপদ। দুপুরে বিস্ফোরণের শব্দ শুনেছিলেন তিনি। সন্ধ্যায় জানতে পারেন, মাওবাদীদের পাতা ফাঁদে প্রাণ হারিয়েছেন বান্দোয়ান থানার ওসি। বহু বছর পরেও ঘটনাস্থলে গিয়ে তিনি রাস্তার একটি নির্দিষ্ট জায়গা দেখিয়ে বলেন, সেখানেই বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

২০০৫ সালে আরও একটি নৃশংস ঘটনার সাক্ষী হয়েছিল বান্দোয়ান। জেলা সিপিএমের প্রভাবশালী নেতা এবং পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি রবীন্দ্রনাথ করকে তাঁর নিজের বাড়িতে স্ত্রী-সহ পুড়িয়ে মারে মাওবাদীরা। ভোমরাগোড়া গ্রামে এখনও সেই বাড়ির ভগ্নাবশেষ রয়েছে।

নীলমাধব দাস ও রবীন্দ্রনাথ করের হত্যাকাণ্ডের পর বান্দোয়ান প্রশাসন এবং যৌথ বাহিনীর কাছে বিশেষ গুরুত্ব পায়। পরবর্তী সময়ে মাওবাদীদের প্রভাব ক্রমশ কমতে থাকে। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের পতনের পর জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ আরও দ্রুত হ্রাস পায়। গত দেড় দশকেরও বেশি সময় ধরে বান্দোয়ান মোটের উপর শান্ত। তবে মাওবাদী হিংসার স্মৃতি এবং তার চিহ্ন এখনও বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে।

দুয়ারসিনির একটি সরকারি পর্যটন আবাসও মাওবাদী হামলার সাক্ষী। নির্মাণকাজ চলাকালীন বিস্ফোরণ ঘটিয়ে সেটিকে ধ্বংস করে দিয়েছিল মাওবাদীরা। বর্তমানে ভবনটি ভগ্নাবশেষের চেহারায় দাঁড়িয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা এখনও সেই হামলার কথা মনে রেখেছেন।

তবে অতীতের মাওবাদী কার্যকলাপ নিয়ে স্থানীয়দের বক্তব্যে রয়েছে নানা দৃষ্টিভঙ্গি। ভূমিজ জনজাতির বাসিন্দা চন্দন সিং সর্দারের দাবি, মাওবাদী ও পুলিশ—দু’পক্ষেরই যাতায়াত ছিল এলাকায়। কিন্তু তাঁদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সম্পর্ক কেমন ছিল, তা নিয়ে তিনি স্পষ্ট কিছু বলতে চাননি। তাঁর বক্তব্য, মাওবাদী স্কোয়াডের অধিকাংশ সদস্যই বাইরের এলাকা থেকে এসেছিলেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনা থেকেও অনেকে এলাকায় এসেছিলেন বলে জানান তিনি। স্থানীয় যুবকদের সংগঠনে যোগ দেওয়ার জন্য বোঝানোর চেষ্টাও করা হত।

অন্য দিকে, ওবিসি সম্প্রদায়ের বাসিন্দা কালীপদ প্রামাণিকের দাবি, মাওবাদী দলে স্থানীয় যুবকদের উপস্থিতি থাকলেও তাঁদের অনেককে জোর করে সংগঠনে যোগ দিতে বাধ্য করা হত। তাঁর বক্তব্য, বাইরের এলাকা থেকে আসা সদস্যদেরই সংগঠনে বেশি দেখা যেত। স্থানীয় কেউ দলে যোগ দিলেও তাঁকে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হতে পারে বলে মনে করেন তিনি।

বর্তমানে এলাকায় পরিস্থিতি অনেকটাই বদলেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এখন রাতেও নির্বিঘ্নে যাতায়াত করা যায়। একসময় যে রাস্তা দিয়ে পুলিশ-প্রশাসনের প্রবেশ কঠিন ছিল, এখন সেই পথেই অবাধে যাতায়াত সম্ভব।

প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই দেশকে মাওবাদীমুক্ত করার কথা ঘোষণা করেছেন। জঙ্গলমহলেও আর পুরনো অশান্তির দিন ফিরবে না বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। তবে নিরাপত্তার প্রশ্নে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না পুলিশ। পুরুলিয়ার ন’টি থানা এলাকায় এখনও বিশেষ স্ট্র্যাকো বাহিনী, পাঁচ কোম্পানি সিআইএফ এবং তিন কোম্পানি সিআরপিএফ মোতায়েন রয়েছে। পুলিশের বক্তব্য, এই বাহিনী মোতায়েনের উদ্দেশ্য নতুন করে কোনও আশঙ্কা তৈরি করা নয়, বরং সতর্কতামূলক ব্যবস্থা বজায় রাখা।

তবে মাওবাদী কার্যকলাপ পুরোপুরি অতীত হয়ে গিয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। পুরুলিয়ার পুলিশ সুপার জানিয়েছেন, কয়েক মাস আগে এলাকার কিছু যুবককে মাওবাদী স্কোয়াডে নিয়োগের চেষ্টা হয়েছিল। সেই উদ্যোগের পিছনে ছিলেন সিপিআই (মাওবাদী)-র অন্যতম নেতা আকাশ ওরফে অসীম মণ্ডল। গত ১৭ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে রাজ্য পুলিশের এসটিএফ তাঁকে গ্রেফতার করে। তাঁর গ্রেফতারির পর নিয়োগের সেই চেষ্টা মাঝপথেই থেমে যায়।

কিন্তু ভবিষ্যতে নতুন কোনও মাওবাদী নেতা আবার সংগঠনকে সক্রিয় করার চেষ্টা করবেন না, তার নিশ্চয়তা কোথায়? দীর্ঘদিনের শান্তি কি স্থায়ী হবে? বান্দোয়ানের পাহাড়-জঙ্গলে নতুন করে অস্ত্র উদ্ধারের ঘটনা সেই প্রশ্নই সামনে এনে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.