ইংল্যান্ডের আঞ্চলিক ক্রিকেট লিগে আম্পায়ারকে বিভ্রান্ত করে ব্যাটারকে আউট করার এক অনৈতিক ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে ক্রিকেট মহলে। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ‘নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম’ লিগে। সল্টবার্ন ক্রিকেট ক্লাবের খেলোয়াড় ব্রায়ান ডিভাইনের বিরুদ্ধে এই সুপরিকল্পিত অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠেছে। ভিডিও ফুটেজ দেখে ঘটনাটির সত্যতা মেলার পর তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে লিগ কর্তৃপক্ষ। একইসঙ্গে চরম বিতর্কের মুখে পড়ে ব্যক্তিগত স্পনসরশিপও হারিয়েছেন অভিযুক্ত এই ক্রিকেটার।
যেভাবে ঘটানো হয় অনৈতিক কাণ্ডটি
সল্টবার্ন ক্রিকেট ক্লাবের দ্বিতীয় একাদশ এবং মিডলসবরো ক্রিকেট ক্লাবের দ্বিতীয় একাদশের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল। ব্যাটিং করছিলেন মিডলসবরোর ব্যাটার নোমান সাবির। বল তাঁর ব্যাটের কাছ দিয়ে উইকেটরক্ষকের দিকে যাওয়ার মুহূর্তে একটি স্পষ্ট শব্দ শুনতে পান আম্পায়ার। সল্টবার্নের ফিল্ডারদের জোরালো আবেদনের মুখে আম্পায়ার সাবিরকে ক্যাচ আউট ঘোষণা করেন। আম্পায়ারের সিদ্ধান্তে বিস্মিত হয়ে সাজঘরে ফেরেন ওই ব্যাটার।
তবে পরবর্তীতে ম্যাচের ধারণকৃত ভিডিও ফুটেজ খতিয়ে দেখতেই প্রতারণার রহস্য উন্মোচিত হয়। ভিডিওতে দেখা যায়, বল ও ব্যাটের মধ্যে স্পষ্ট দূরত্ব ছিল, কোনো স্পর্শই ঘটেনি। মূলত বলটি ব্যাটের পাশ দিয়ে যাওয়ার ঠিক সেই মুহূর্তে স্লিপে দাঁড়িয়ে থাকা ব্রায়ান ডিভাইন হাতের আঙুল দিয়ে চুটকি (ফ্রিঙ্গার ক্লিক) বাজান। সেই শব্দকেই ব্যাটে বল লাগার শব্দ মনে করে বিভ্রান্ত হন আম্পায়ার এবং উইকেটরক্ষক বল গ্লাভসবন্দি করতেই আউটের আবেদন মঞ্জুর করেন।
তদন্তের মুখে ডিভাইন, মুখ ফেরাল ভারতীয় রেস্তোরাঁ
ক্রিকেটের চেতনা, শৃঙ্খলা ও ঐতিহ্য ভঙ্গের দায়ে ডিভাইনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে লিগ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়:
“শনিবারের ম্যাচের একটি বিতর্কিত ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। প্রক্রিয়া চলাকালীন এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা অনুচিত হবে।”
অনৈতিক এই কাণ্ড সামনে আসার পর স্থানীয় ‘স্পাইস’ নামক একটি জনপ্রিয় ভারতীয় রেস্তোরাঁ ডিভাইনের সঙ্গে তাদের চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষের সাফ কথা, এমন বিতর্কিত ও অসংগঠিত আচরণের সঙ্গে যুক্ত কোনো খেলোয়াড়কে সমর্থন জানালে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।
ক্রিকেটপ্রেমীদের ক্ষোভ ও ‘ক্লিকিং পন্টিং’ কটাক্ষ
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই ক্রিকেটপ্রেমীদের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন ডিভাইন। অনেকে একে ক্রিকেট ইতিহাসের অন্যতম লজ্জাজনক প্রতারণা হিসেবে অভিহিত করেছেন। প্রতারণার মাধ্যমে আম্পায়ারকে প্রভাবিত করার এই চেষ্টা দেখে সমর্থকেরা ব্যঙ্গ করে তাঁর নতুন নাম দিয়েছেন ‘ক্লিকিং পন্টিং’। ঘটনাটির সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় ক্রিকেট মহল।

