নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর ঝলকে মুগ্ধ ঋষভ শেট্টী, রণবীর ও যশের অভিনয়ের ভূয়সী প্রশংসা ‘কান্তারা’ পরিচালকের

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর ঝলকে মুগ্ধ ঋষভ শেট্টী, রণবীর ও যশের অভিনয়ের ভূয়সী প্রশংসা ‘কান্তারা’ পরিচালকের

অবশেষে প্রকাশ্যে এসেছে পরিচালক নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর প্রথম ঝলক। ঝলকজুড়ে বিশেষ নজর কেড়েছেন রাবণ চরিত্রে রূপদানকারী দক্ষিণী তারকা যশ। সাধারণ দর্শকের পাশাপাশি যাঁর অভিনয়ে মুগ্ধ রূপোলি পর্দার অন্য তারকারাও। এবার ‘রামায়ণ’-এর এই ঝলক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি ভাগ করে নিলেন ‘কান্তারা’ খ্যাত পরিচালক-অভিনেতা ঋষভ শেট্টী।

সমাজমাধ্যমে একটি দীর্ঘ বার্তায় নীতেশ তিওয়ারি ও প্রযোজক নমিত মলহোত্রকে শুভেচ্ছা জানিয়ে ঋষভ লেখেন, “আমাদের মহাকাব্যের গল্প এবং চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে পর্দায় তুলে ধরা মোটেই সহজ কাজ নয়। ছোটবেলা থেকে আমরা এই গল্পগুলো শুনে বড় হয়েছি, তাই প্রত্যেকের মনেই কালজয়ী চরিত্রগুলোকে নিয়ে আলাদা কল্পনা তৈরি হয়ে থাকে। সেই জগতকে এমন অবিশ্বাস্য ও বিশ্বাসযোগ্যভাবে গড়ে তোলার জন্য গোটা দলকে কুর্নিশ।”

ছবিটিতে রামের চরিত্রে রূপদানকারী রণবীর কাপুর এবং রাবণ চরিত্রের অভিনয়শিল্পী যশের প্রশংসায় পঞ্চমুখ হন ঋষভ। রণবীর কাপুরকে উদ্দেশ্যে করে তিনি জানান, তাঁকে দেখে পর্দায় রামের ঐশ্বরিক উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হয়েছে। অন্যদিকে, কন্নড় তারকা যশের অভিনয়ের প্রশংসা করে তিনি লেখেন, “যশ স্যর, আপনার প্রতিটি দৃশ্যের সঙ্গে সঙ্গে আমার বিস্ময় আরও বেড়েছে। মনে হয় না এই চরিত্রে আপনার চেয়ে ভাল অভিনয় আর কেউ করতে পারতেন। আপনার অভিনয় নিয়ে বলার মতো শব্দ আমার জানা নেই। একজন কন্নড়বাসী হিসেবে আপনি আমাদের বারবার গর্বিত করেছেন।”

এখানেই শেষ নয়, এত বড় মাপের চরিত্রে অভিনয় করার চ্যালেঞ্জ ও চাপের কথা স্মরণ করে ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা সাই পল্লবী, রবি দুবে এবং রকুলপ্রীত সিংয়ের পারফরম্যান্সেরও প্রশংসা করেন ঋষভ। পাশাপাশি ছবির আবেগকে গভীরতা দেওয়ার জন্য সঙ্গীত পরিচালক এ আর রহমান ও হ্যান্স জিমারের তৈরি ব্যাকগ্রাউন্ড স্কোরের বিশেষ উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, আগামী ৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ’-এর প্রথম পর্ব। চিত্রনাট্য অনুযায়ী, মহাকাব্যিক এই ছবির দ্বিতীয় পর্বটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.