এলপিজি (LPG) রান্নার গ্যাস সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে এবং বাড়তি খরচের হাত থেকে বাঁচতে গ্রাহকদের দ্রুত ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। পূর্বে ইনডেন, এইচপি এবং ভারত গ্যাসের তরফে ই-কেওয়াইসি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী ১৬ আগস্ট। তবে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মুখেই এলপিজি গ্রাহকদের জন্য এল বড় স্বস্তির খবর। এই প্রক্রিয়া সম্পন্ন করার মেয়াদ আরও কয়েক দিন বাড়ানো হয়েছে।
পেট্রোলিয়াম সংস্থাগুলির সূত্রে খবর, গ্যাস ডিলারদের কাছে ইতিমধ্যেই মেয়াদ বৃদ্ধির বার্তা পাঠানো হয়েছে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত গ্রাহকেরা তাঁদের ই-কেওয়াইসি জমা দেওয়ার সুযোগ পাবেন। এই বিষয়ে ইনডেন এলপিজি কুকিং গ্যাস ডিলার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিজন বিশ্বাস জানান, “আমাদের কাছে নির্দেশ এসেছে ২৩ তারিখ পর্যন্ত ই-কেওয়াইসি করার সময়সীমা বাড়ানো হয়েছে।” তবে এই মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত কোনো প্রত্যক্ষ সরকারি নির্দেশিকা এখনো প্রকাশিত হয়নি বলে জানা গেছে।
নির্দেশিকা অমান্য করলে বাড়বে সিলিন্ডারের দাম
কেন্দ্রের নিয়ম অনুযায়ী, সমস্ত এলপিজি গ্রাহককে বাধ্যতামূলকভাবে এই আধারভিত্তিক ই-কেওয়াইসি করাতে হবে। তবে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’র আওতাভুক্ত গ্রাহকদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়।
যে সকল গ্রাহক নির্দিষ্ট সময়ের মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন করবেন না, তাঁদের রান্নার গ্যাসের জন্য অতিরিক্ত মূল্য গুনতে হতে পারে। কত টাকা বাড়তি দিতে হবে সে বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও, বর্তমানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশ কিছুটা বেশি দামেই সিলিন্ডার কিনতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ছুটির মুখে বাড়ছিল উদ্বেগ
পূর্বে ১৬ আগস্টের সময়সীমা নির্ধারিত থাকায় গ্রাহকদের মধ্যে ই-কেওয়াইসি করানোর জন্য চরম ব্যস্ততা তৈরি হয়। এর ওপর ১৫ এবং ১৬ আগস্ট ছুটির দিন হওয়ায় কীভাবে কাজ সম্পন্ন হবে, তা নিয়ে গ্রাহকদের মধ্যে শঙ্কা ও বিভ্রান্তি দেখা দেয়। সেই প্রেক্ষাপটেই আধারভিত্তিক ফেস-আইডি (Face ID) যাচাইয়ের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে আমজনতার মধ্যে।
কীভাবে করবেন ই-কেওয়াইসি?
অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই আধারভিত্তিক ফেস-আইডি যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।
- অনলাইন পদ্ধতি: গ্রাহক তাঁর নির্দিষ্ট গ্যাস সংস্থার অফিসিয়াল মোবাইল অ্যাপ ডাউনলোড করে সরাসরি ই-কেওয়াইসি জমা দিতে পারেন। এক্ষেত্রে আধারভিত্তিক পরিচয় যাচাই নিশ্চিত করতে ফোনে ‘AadhaarFaceRD’ অ্যাপটিও ডাউনলোড করা জরুরি।
- অফলাইন পদ্ধতি: যাঁরা অনলাইনে স্বচ্ছন্দ নন, তাঁরা সরাসরি নিকটস্থ ডিস্ট্রিবিউটরের কার্যালয়ে গিয়ে বায়োমেট্রিক বা ফেস-আইডির মাধ্যমে ই-কেওয়াইসি করাতে পারেন। এর জন্য গ্রাহককে অবশ্যই সাথে আধার কার্ড নিয়ে যেতে হবে।

