বলিউড অভিনেতা হর্ষবর্ধন রানে এবং অভিনেত্রী সঞ্জীদা শেখের প্রেম ঘিরে বিনোদন জগতে জল্পনা চলছে দীর্ঘদিন ধরেই। যদিও এই বিষয়ে তাঁরা নিজেরা প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি, সম্প্রতি সমাজমাধ্যমে তাঁদের পোস্ট করা একাধিক ছবি কেন্দ্র করে সেই জল্পনা নতুন করে জোরালো হয়ে উঠেছে।
সম্প্রতি বর্ষার ছুটিতে পুণের একটি প্রকৃতির কোলে ঘেরা রিসর্টে কাটানো বেশ কিছু ছবি ভাগ করে নেন হর্ষবর্ধন। সেখানে তাঁকে নিরিবিলি পরিবেশে স্টোভে খাবার রান্না করতে, কটেজে সময় কাটাতে এবং চায়ে চুমুক দিতে দেখা যায়। এর পরপরই অভিনেত্রী সঞ্জীদাও ঠিক একই স্থান থেকে একাধিক ছবি পোস্ট করেন।
অনুরাগীদের নজর এড়ায়নি যে, দুজনের পোস্ট করা ছবিতে দৃশ্যপট এবং পরিবেশ সম্পূর্ণ অভিন্ন। এমনকি উভয় তারকার ছবিতেই দৃশ্যমান ছিল দুটি চায়ের কাপ এবং একই ধরনের স্টোভ। এর পরেই অনুরাগী ও নেটিজেনদের মধ্যে প্রশ্ন ওঠে, তবে কি সপ্তাহান্তে এক সঙ্গেই সময় কাটিয়েছেন এই দুজন?
ছবিগুলি প্রকাশের পর থেকেই দুজনের পোস্টের মন্তব্য বক্সে প্রশ্নের বন্যা বয়ে যায়। সঞ্জীদার পোস্টে জনৈক অনুরাগী লেখেন, “তাহলে কি সত্যিই দুজনে সম্পর্কে রয়েছেন?” অন্যদিকে, হর্ষবর্ধনের ছবিতে দ্বিতীয় চায়ের কাপটি দেখে অনেকেই সরাসরি মন্তব্য করেন যে, তা সঞ্জীদার জন্যই রাখা ছিল।
উল্লেখ্য, এমন কাকতালীয় ঘটনার পুনরাবৃত্তি এই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের জুন মাসেও গির অরণ্যে জঙ্গল সফরের আলাদা আলাদা ছবি পোস্ট করেছিলেন দুজনে। সেখানেও একই সাফারি গাড়ি এবং স্থান দেখে তাঁদের একসঙ্গে বেড়াতে যাওয়ার জল্পনা ছড়ায়। সেই সময়ও দুজনের কেউ-ই মুখ খোলেননি। তবে বর্তমান পোস্টগুলির পর নেটিজেনদের একাংশের ধারণা, দুজনে পরোক্ষভাবেই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিচ্ছেন। এখন কেবল অপেক্ষা তাঁদের আনুষ্ঠানিক ঘোষণার।

