অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বীরভূমের ‘পাথরসম্রাট’ বলে পরিচিত শেখ আনসারুল ওরফে টুলু মণ্ডলের বাজেয়াপ্ত করা প্রায় ১৬ লক্ষ ঘনফুট পাথর নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে বীরভূম জেলা প্রশাসন। শুক্রবার এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, মোহাম্মদবাজারের একটি পার্কিং লট থেকে অবৈধভাবে মজুত করা এই পাথরের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ কোটি টাকা। আগামী ১৮ সেপ্টেম্বর এই নিলাম প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এর আগে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের পক্ষ থেকে টুলুর পার্কিং লটসহ একাধিক জায়গা থেকে বাজেয়াপ্ত করা আনুমানিক ১০ কোটি টাকার বালি নিলামের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
সম্প্রতি বীরভূমের মহম্মদবাজার থানার ডেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাসভবনে অভিযান চালিয়ে সাড়ে ২৮ কোটি টাকা নগদ এবং ১৫ কেজি সোনা উদ্ধার করে বীরভূম জেলা পুলিশ। ওই ঘটনার পর পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে, যেখানে টুলু মণ্ডলকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একটি খুনের মামলাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ জানিয়েছেন, তদন্তের স্বার্থে এ পর্যন্ত টুলু মণ্ডলের প্রায় ২২০ কোটি টাকার সম্পত্তি ‘ফ্রিজ’ (অবরুদ্ধ) করা হয়েছে, যার মধ্যে মিনারের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনাও রয়েছে।
জেরায় মিনার পুলিশকে জানিয়েছেন, এলাকা ছাড়ার আগে টুলু তাঁকে নিজের সম্পত্তি দেখভালের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। তবে গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই জনসমক্ষ থেকে নিখোঁজ রয়েছেন টুলু। পুলিশের ধারণা, তিনি আত্মগোপন করে বিদেশে পালিয়ে গিয়েছেন। এদিকে গ্রেফতারি এড়াতে ও আইনি রক্ষাকবচ চেয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন টুলু মণ্ডল।

