অনন্ত অম্বানীর সঙ্গে কথোপকথনের একটি ভিডিয়োকে কেন্দ্র করে সমাজমাধ্যমে ছড়িয়েছে বিতর্ক। সেই ভিডিয়ো নিয়ে তৈরি রিলের জেরে এ বার আইনি পদক্ষেপ করলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। নেটপ্রভাবী সুবিজ্ঞ শর্মাকে আইনি নোটিস পাঠিয়েছেন অভিনেতা। শাহরুখের আইনজীবীর দাবি, সংশ্লিষ্ট ভিডিয়োয় করা মন্তব্যগুলি বিভ্রান্তিকর ও মানহানিকর। সেগুলির কোনও নির্ভরযোগ্য ভিত্তিও নেই।
সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে সদ্গুরুর সঙ্গে কথা বলতে দেখা যায় অনন্ত অম্বানীকে। তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন শাহরুখ খান। ভিডিয়োয় দেখা যায়, কথোপকথনের মাঝেই অনন্ত নিজের ঠোঁটের কাছে একটি আঙুল তুলে শাহরুখকে কিছু বোঝানোর চেষ্টা করছেন। অনন্তের সেই অঙ্গভঙ্গিকে অনেকেই শাহরুখকে চুপ থাকতে বলার ইঙ্গিত বলে ব্যাখ্যা করেন। তা নিয়েই শুরু হয় আলোচনা ও সমালোচনা। কেউ অনন্তের আচরণের নিন্দা করেন, আবার কারও মতে, বিষয়টি ছিল নিছকই বন্ধুত্বপূর্ণ ও মজার ছলে হওয়া কথোপকথন।
এই ঘটনাকে কেন্দ্র করেই সমাজমাধ্যমে একটি রিল তৈরি করেন নেটপ্রভাবী সুবিজ্ঞ শর্মা। ওই রিলে অনন্তের আচরণ নিয়ে মন্তব্য করা হয়েছিল। এ বার সেই রিলের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ করলেন শাহরুখ।
জানা গিয়েছে, গত ২৩ নভেম্বর সুবিজ্ঞ শর্মাকে আইনি নোটিস পাঠানো হয়। সেখানে সংশ্লিষ্ট ভিডিয়ো ও তা ঘিরে করা মন্তব্যকে ‘বিভ্রান্তিকর ও মানহানিকর’ বলে উল্লেখ করেছেন শাহরুখের আইনজীবী। তাঁদের বক্তব্য, এই অভিযোগের কোনও বিশ্বাসযোগ্য ভিত্তি নেই। এ ধরনের বক্তব্য অভিনেতার ব্যক্তিগত সম্মান, ভাবমূর্তি ও মর্যাদার ক্ষতি করতে পারে। তাই অবিলম্বে বিতর্কিত রিলটি সমাজমাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলেও নোটিসে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২৬/১১ মুম্বই হামলার শহিদ ও আক্রান্তদের স্মরণে আয়োজিত ওই অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, রণবীর সিংহ, সুনীল শেট্টি এবং বিক্রান্ত ম্যাসি-সহ বলিউডের একাধিক তারকা। অনুষ্ঠানে বিশেষ সম্মানও প্রদান করেন শাহরুখ। তবে সেই অনুষ্ঠানেরই একটি মুহূর্তের ভিডিয়ো শেষ পর্যন্ত সমাজমাধ্যমে বিতর্কের কেন্দ্রে চলে আসে।

