অফিসের কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটস্অ্যাপ ওয়েব ব্যবহার করে কাজ করেন? তা হলে সতর্ক হওয়া জরুরি। হোয়াটস্অ্যাপ ওয়েবের মাধ্যমে ব্যবহারকারীর অ্যাকাউন্ট হাইজ্যাক, ব্যক্তিগত কথোপকথন হাতিয়ে নেওয়া এবং প্রতারণার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করল কেন্দ্রীয় সরকারের সাইবার অপরাধ দমনকারী সংস্থা। সোমবার, ২৩ নভেম্বর, এই মর্মে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে।
ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (১৪সি)-এর অধীন ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিকস ইউনিট (এনসিটিএইউ) ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটস্অ্যাপ ওয়েব ব্যবহার করলে সাইবার অপরাধীদের নিশানায় পড়তে পারেন ব্যবহারকারীরা। হ্যাকাররা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে ব্যক্তিগত চ্যাট পড়ে ফেলতে পারে। এমনকি, ব্যবহারকারীর কন্ট্যাক্ট তালিকা থেকে অন্যদের মোবাইল নম্বরও হাতিয়ে নেওয়া সম্ভব। অ্যাকাউন্ট হ্যাক করার পর সেই পরিচয় ব্যবহার করে অন্যদের কাছে মেসেজ পাঠানো এবং প্রতারণা চালানোরও আশঙ্কা রয়েছে।
কেন্দ্রীয় সংস্থার সতর্কবার্তায় আরও বলা হয়েছে, কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটস্অ্যাপ ওয়েবের ট্যাব কিংবা উইন্ডো বন্ধ করলেই নিরাপত্তা নিশ্চিত হয় না। কাজ শেষ হলে অবশ্যই অ্যাকাউন্ট থেকে লগআউট করতে হবে। বিশেষত, হোয়াটস্অ্যাপ ওয়েবে কোনও জরুরি বা গোপনীয় কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি কাজ, অফিসের গুরুত্বপূর্ণ তথ্য আদানপ্রদান কিংবা আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই মাধ্যম ব্যবহার না করাই ভাল বলে জানিয়েছে সংস্থাটি।
অন্যের ব্যবহার করা কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটস্অ্যাপ ওয়েব খোলার ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ১৪সি। বিশেষ করে সাইবার ক্যাফে কিংবা হোটেলের কম্পিউটারে এই পরিষেবা ব্যবহার না করাই শ্রেয়। একান্ত প্রয়োজন হলে প্রাইভেট ব্রাউজিং বা ইনকগনিটো মোড ব্যবহার করতে বলা হয়েছে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্ট থেকে লগআউট করা জরুরি।
পাশাপাশি, কম্পিউটারের সিকিউরিটি সফ্টওয়্যার নিয়মিত আপডেট রাখা এবং অজানা ফাইল বা সন্দেহজনক লিঙ্ক থেকে কিছু ডাউনলোড করা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যবহারকারীর অজান্তে তাঁর হোয়াটস্অ্যাপ অ্যাকাউন্ট থেকে কারও কাছে অনাকাঙ্ক্ষিত মেসেজ পাঠানো হলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার কথাও জানিয়েছে কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থা।

