১৮৭২ থেকে ১৮৯৩ — হিন্দু ধর্মের বৌদ্ধিক আত্মমর্যাদা প্রতিষ্ঠার যাত্রাপথের হোতা রাজনারায়ণ বসু

১৮৭২ থেকে ১৮৯৩ — হিন্দু ধর্মের বৌদ্ধিক আত্মমর্যাদা প্রতিষ্ঠার যাত্রাপথের হোতা রাজনারায়ণ বসু

সাল ১৮৭২। বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের বক্তৃতা হতে ২১ বছর বাকি।রত্নাগিরিরি জেলে বসে বীর সাভারকারের ‘হিন্দুত্ব’ লিখতে আরো অর্ধশতাব্দী পার হবে।
খ্রিষ্টীয় ঔপ্যনিবেশিকতার গ্ৰাস থেকে হিন্দু ধর্ম তথা ভারতীয় সংস্কৃতিকে বাঁচানোতে স্বামী বিবেকানন্দের ভূমিকা অনস্বীকার্য আর সেই ধর্ম জাগরণের পথ ধরে জাতীয় আত্মমর্যাদার জাগরণ ও পরাধীনতার কলঙ্ক মুছতে আত্মবলিদানে এগিয়ে আসা যুবসমাজ ১৮৯৩ সালের সেই চিকাগো বক্তৃতার প্রভাব কে স্মরণ করায়।১৫৯৯ সালে ব্যান্ডেলে প্রথম ক্যাথলিক চার্চ ও মিশন তৈরি হয় কিন্তু অষ্টাদশ শতাব্দীর শুরুতে শ্রীরামপুরে প্রথম প্রোটেস্ট্যান্ট মিশন স্থাপিত হলে হিন্দু ধর্ম থেকে খ্রীষ্টিয় উপাসনা পদ্ধতিতে নিয়ে যাওয়ার চেষ্টা দ্রুত হয়।
প্রায় ১০০ বছর পর এই বাংলা থেকে হিন্দু ধর্ম – সংস্কৃতির গৌরবগাঁথা ধ্বনিত হয় স্বামী বিবেকানন্দের ভাষণে।
কিন্তু হিন্দু ধর্ম কে খ্রীষ্টিয় ইউরোপের অপপ্রচারের বিরুদ্ধে বৌদ্ধিক আত্মমর্যাদার স্থানে দাঁড় করানোর সফল চেষ্টা শুরু হয়েছিল আরও ২১ বছর আগে —- এই বাংলাতেই! ঔপনিবেশিক শাসনাধীন একটি দেশের মানুষ পাশ্চাত্যের উপাসনা পদ্ধতি ও সভ্যতাগত শ্রেষ্ঠত্বের দাবিকে প্রশ্ন করতে শুরু করেছিলেন সেই সময় , হিন্দু ধর্মের বিরুদ্ধে ওঠা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া শুরু হয়েছিল আর সর্বসমক্ষে যুক্তিপূর্ণ তথ্যের মাধ্যমে ভারতীয়দের বৌদ্ধিক আত্মমর্যাদা প্রতিষ্ঠা হয় একটি বক্তৃতা দিয়ে।
বক্তৃতাটি ‘হিন্দু ধর্ম্মের শ্রেষ্ঠতা’ শিরোনামে বিখ্যাত হয়।
বক্তা – রাজনারায়ণ বসু, যিনি ‘Grandfather of Indian Nationalism’ নামে খ্যাত। ভারতে বিপ্লবীদের বুকে জাতীয়তাবাদের শিখা জ্বালিয়ে দেওয়া বিপ্লবী অরবিন্দ তাঁরই দৌহিত্র। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের ‘জীবনস্মৃতি’ তে যাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন —-
“এক দিকে তিনি আপনার জীবন এবং সংসারটিকে ঈশ্বরের কাছে সম্পূর্ণ নিবেদন করিয়া দিয়াছিলেন, আর-এক দিকে দেশের উন্নতিসাধন করিবার জন্য তিনি সর্বদাই কতরকম সাধ্য ও অসাধ্য প্ল্যান করিতেন তাহার আর অন্ত নাই।
……..দেশের প্রতি তাঁহার যে প্রবল অনুরাগ সে তাঁহার সেই তেজের জিনিস। দেশের সমস্ত খর্বতা দীনতা অপমানকে তিনি দগ্ধ করিয়া ফেলিতে চাহিতেন। তাঁহার দুইচক্ষু জ্বলিতে থাকিত, তাঁহার হৃদয় দীপ্ত হইয়া উঠিত, উৎসাহের সঙ্গে হাত নাড়িয়া আমাদের সঙ্গে মিলিয়া তিনি গান ধরিতেন— গলায় সুর লাগুক আর না লাগুক সে তিনি খেয়ালই করিতেন না—
এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন,
এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন।”
১৩ নম্বর কর্ণওয়ালিস ভবনে যেদিন বক্তৃতা হয় সেদিন লোকে লোকারণ্য — কারণ হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা প্রতিপন্ন করতে যে বক্তৃতা হতে পারে , কেউ একজন বলতে পারে এমন অস্বাভাবিক ঘটনা চাক্ষুষ করবার ইচ্ছা!
জাতীয় সভায় , মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে বক্তৃতা হয়। বক্তৃতার সময় এক বাঙালি খ্রীষ্টান এমন গোলোযোগ করে যে দেবেন্দ্রনাথ ঠাকুর উঠে যেতে বাধ্য হন, পরে উদ্যোক্তাদের জোড়াজুড়িতে থাকতে সম্মত হন।
বক্তৃতা চলাকালীন নিজের দেশে , স্বজাতীয়দের দ্বারা উপদ্রুত হয়ে রাজনারায়ণ বসু যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তার ব্যাপক প্রভাব সেই সময়কার বাংলাতে পড়েছিল।
স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যে সুর তুলেছিলেন তার মুখড়া শোনা গিয়েছিল ২১ বছর আগে এই বাংলাতেই —– “হিন্দু নাম কি মনোহর! এনাম কি কখন আমরা পরিত্যাগ করিতে পারি ? এই নাম ঐন্দ্রজালিক প্রভাব ধাবণ করে। এইনাম দ্বারা সমস্ত হিন্দুগণ ভ্রাতৃ- সুত্রে সম্বদ্ধ হইবে। এই নামদ্বারা বাঙ্গালী, হিন্দু স্থানী পঞ্জাবী, রজপুত, মাহারাট্টা, মাদ্রাজী, সমস্ত হিন্দুবগ একহৃদয় হইবে। তাহাদিগের সকলের এক প্রকার উন্নত কামনা হইবে, সকল প্রকার স্বাধীনতা লাভ জন্য তাহাদের সমবেত চেষ্টা হইবে। অতএব যে পর্যান্ত আর্যা শোণিতের শেষ বিন্দু আমাদিগের শিরায় প্রবাহিত হইবে আমরা এ নাম পরিত্যাগ করিব না। আমরা হিন্দুধর্ম ও হিন্দুনাম পরিত্যাগ করিয়া কি ক্রীতদাসের ন্যার অন্যজাতির অনুকরণ করিব? ‘ক্রীতদাসের ন্যায় অন্যজাতির অনুকরণ করিলে আভ্যন্তরিক বীর্য্যের হানি হয় এবং কোনমতেই স্বীয় মহত্ত্ব সাধন হইতে পারে না। আমাদের দেশের লোকেরা অত্যন্ত অনুকরণপ্রিয়। এমন অনুকরণ প্রিয় যে আজি যদি চীনেরা আসিয়া আমাদের দেশের রাজা হয় তাহা হইলে তাহারা কল্য পশ্চাদ্দেশে আপাদলম্বিত দীর্ঘ বেশী রাখে। কিন্তু আমি যাহা বলিতেছি তাহা কি সমস্ত হিন্দুর সম্বন্ধে খাটে? ভারতবর্ষে কি শত শত সহস্র সহস্র লোক নাই, যাহারা এইরূপ ক্রীতদাসের ন্যায় অন্যজাতিকে অনুকরণ করিতে বিসুখ?”
এর মধ্যে চিনে নিতে অসুবিধা হয় না স্বামী বিবেকানন্দের স্বদেশমন্ত্রের চিরপরিচিত সুরটি — ““হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরামুখাপেক্ষা, এই দসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা-এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে? এই লজ্জাকর কাপুরুষতাসহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে?”।
রাজনারায়ণ বসুর বক্তৃতার পর হলভর্তি শ্রোতাদের সাথে রাস্তায় দাঁড়িয়ে থাকা শ্রোতারাও করতালি দিয়ে বক্তাকে অভিনন্দিত করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত ‘সোমপ্রকাশ’ পত্রিকায় লেখা হয় – ডুবন্ত হিন্দু ধর্ম কে রাজনারায়ণ বসু রক্ষা করলেন।সনাতন ধর্মের রক্ষণ ও প্রচারের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও রাজনারায়ণ বসুর উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন। শিবনাথ শাস্ত্রীর বিবরণেও রাজনারায়ণ বসুর বক্তৃতার প্রভাব সম্পর্কে জানা যায়।
ইংরেজ শাসনাধীন ভারতবর্ষের রাজধানী কলকাতায় শাসকের উপাসনা পদ্ধতির শ্রেষ্ঠতার দাবির সামনে হিন্দু ধর্মের জয়গান হবে আর ইংরেজের আপন দেশে আলোড়ন হবে না, হয় নাকি ?
১৮৭২ সালের ২৭শে অক্টোবর লন্ডনের ‘The Times’ পত্রিকায় বক্তৃতার প্রতিবেদনে লেখা হয় “A lecture, the mere title of which will startle a great many people in England”।১৮৮২ সালের জুন মাসে The Theosophist পত্রিকা রাজনারায়ণ বসুর বক্তৃতার ইংরেজি অনুবাদের সঙ্গে ১৮৭২ সালের সেই প্রতিবেদনটি পুনর্মুদ্রণ করে।
ইউরোপীয় সংবাদমাধ্যমের কাছে বিষয়টি কেবল একটি ভারতীয় জাতীয় সভার খবর ছিল না। ঔপনিবেশিক ভারতের একজন শিক্ষিত বাঙালি প্রকাশ্যে ঘোষণা করছেন যে হিন্দুধর্ম অন্যান্য প্রচলিত উপাসনা পদ্ধতির তুলনায় শ্রেষ্ঠ—এটি ছিল পাশ্চাত্যের প্রচলিত উপাসনা পদ্ধতির শ্রেষ্ঠত্বের ধারণার প্রতি একটি প্রত্যক্ষ বৌদ্ধিক যুদ্ধের আহ্বান ——- “আমাদের আভ্যন্তরিক সারবত্তা আছে, হিন্দু জাতির ভিতরে এখনো এমন সার’ আছে যে তাহার বলে তাহারা আপনাদিগের উন্নতি আপনারাই সাধন করিবে। হিন্দুজাতি অবশ্যই আপন। আপনি উন্নত হইয়া পৃথিবীর অন্যান্য সুসভ্য জাতিদিগের সমকক্ষ হইবে। ধর্মোৎপাদ্য সভ্যতাই প্রকৃত সভ্যতা। সে সভ্যতা এখনো পৃথিবীতে প্রাদুর্ভূত হয় নাই। আমার আশা হইতেছে যে হিন্দুজাতি পুনরায় প্রাচীন কালের ধর্ম্মোৎ পাদ্য সভ্যতা-এমন কি, তাহা অপেক্ষাও অধিকতর ধুৰ্ম্মোৎ- পাদ্য সত্যতা লাভ করিয়া পৃথিবীর মধ্যে সর্ব্বশ্রেষ্ট জাতি বলিয়া গণ্য হইবে।”
The Times বক্তৃতার কয়েকটি যুক্তি তুলে ধরে —
হিন্দুধর্মের নাম কোনও ব্যক্তির নাম থেকে আসেনি।
ঈশ্বর ও উপাসকের মধ্যে মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই।
দৈনন্দিন জীবনেও ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বজায় রাখা সম্ভব। ঈশ্বরের উপাসনা কোনও পার্থিব বা পারলৌকিক পুরস্কারের জন্য নয়।হিন্দুধর্ম সর্বজনীন কল্যাণ, সহিষ্ণুতা ও অন্যান্য উপাসনা পদ্ধতির প্রতি উদারতার শিক্ষা দেয়।
এর প্রাচীনত্ব মানবসভ্যতার ইতিহাসের সুদূর অতীতে বিস্তৃত। আর সাথে লেখা হয় — “Many a long day will it be, I fear, before we shall alter the people’s faith in these points…”
অর্থাৎ, এই বিষয়গুলিতে ভারতীয়দের বিশ্বাস পরিবর্তন করতে আরও দীর্ঘ সময় লাগবে বলে প্রতিবেদক আশঙ্কা প্রকাশ করেন।
বিগত প্রায় আশি বছর ধরে খ্রীষ্টীয় মিশন বাংলা তথা ভারতে খ্রীষ্টীয় ঔপ্যনিবেশিকতার যে বিস্তার চলছিল তার পথ রুখে দাঁড়ালেন রাজনারায়ণ বসু।The Times-এর প্রতিবেদন জানাচ্ছে, রাজনারায়ণ বসুর বক্তৃতার জবাবে অন্য এক সন্ধ্যায় Free Church College-এর অধ্যক্ষ কলেজ হলে বক্তৃতা দেন।সেখানে পূর্ববর্তী বক্তৃতার পক্ষের কয়েকজন ব্যক্তি তাঁর বক্তব্যের তীব্র বিরোধিতা করেন।
অর্থাৎ, বিষয়টি একতরফা সংবাদপ্রকাশে থেমে থাকেনি। প্রকাশ্য বৌদ্ধিক বিতর্কের রূপ নিয়েছিল।এই বক্তৃতার প্রতিক্রিয়ায় ইউরোপীয় বুদ্ধিজীবীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন ছিলেন অক্সফোর্ডের অধ্যাপক Friedrich Max Müller (১৮২৩–১৯০০)।
তিনি রাজনারায়ণ বসুর বক্তৃতার কথা উল্লেখ করেন:
“A lecture was lately delivered at Calcutta by the Minister of the Adi Samaj … on the ‘Superiority of Hinduism to other Existing Religions.’”

১৮৭২ সালে শ্রীরামপুরের মিশনারি ও ঔপনিবেশিক বৌদ্ধিক পরিসরের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত ইংরেজি পত্রিকা ‘The Friends of India’ -এর তৎকালীন সম্পাদক James Routledge এবং নবগোপাল মিত্র প্রতিষ্ঠিত ‘The National Paper’-এর মধ্যে খ্রীষ্টীয় উপাসনা পদ্ধতি ও হিন্দুধর্মের তুলনামূলক গুণাবলি ও শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক শুরু হয়। দেশীয় সংবাদপত্রের সম্পাদক সরাসরি ইউরোপীয় সম্পাদকের যুক্তির মোকাবিলা করেছিলেন। এটি ঔপনিবেশিক বাংলার সংবাদপত্রের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত। ভারতীয় ধর্মীয় ঐতিহ্য সম্পর্কে ইউরোপীয়দের একতরফা মূল্যায়নের বিরুদ্ধে দেশীয় সংবাদপত্র একটি বৌদ্ধিক প্রতিরোধ গড়ে তুলেছিল।রাজনারায়ণ বসু এই বিতর্ককে তাঁর বক্তৃতার ইংরেজি সংস্করণের তৃতীয় পরিশিষ্টে সংযোজন করেছিলেন।
কারণ, তিনি শুধু নিজের বক্তৃতার বক্তব্য প্রচার করেননি; বরং সেই বক্তব্যের বিরুদ্ধে উত্থাপিত আপত্তি এবং তার জবাবকেও নথিভুক্ত করতে চেয়েছিলেন।
অর্থাৎ, তাঁর কাছে ধর্মীয় আত্মপক্ষসমর্থন কেবল একতরফা প্রচার ছিল না। তিনি যুক্তি, পাল্টা যুক্তি ও প্রকাশ্য আলোচনার মাধ্যমে নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। রাজনারায়ণ বসু লিখেছিলেন যে ইউরোপীয়দের কাছে হিন্দুধর্ম দীর্ঘদিন ধরে ভুলভাবে উপস্থাপিত হয়েছে।তাঁর বক্তব্য ছিল, কোনও ধর্মের বিচার করতে হলে তার সর্বোচ্চ ও বিশুদ্ধতম আদর্শের ভিত্তিতে বিচার করা উচিত; তার বিকৃত, অধঃপতিত বা লোকাচারনির্ভর রূপের ভিত্তিতে নয়।
রাজনারায়ণ বসুর এই বক্তৃতাকে বিচ্ছিন্ন ধর্মীয় ঘটনা হিসেবে বিচার করলে তার ঐতিহাসিক গুরুত্ব বোঝা যাবে না।এর পিছনে ছিল তাঁর দীর্ঘদিনের জাতীয়তাবাদী চিন্তা।১৮৬৬ সালে তিনি প্রকাশ করেছিলেন:
‘Prospectus of a Society for the Promotion of National Feeling among the Educated Natives of Bengal’ ।
এই প্রস্তাবনায় তিনি শিক্ষিত বাঙালিদের মধ্যে জাতীয় অনুভূতি জাগিয়ে তোলার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছিলেন।তাঁর বক্তব্য ছিল, নিজেদের পূর্বপুরুষদের ঐতিহ্য, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ধর্মীয় আদর্শ সম্পর্কে গর্ববোধ ছাড়া কোনও জাতির প্রকৃত উন্নতি সম্ভব নয়।
এই চিন্তার দ্বারা প্রভাবিত হয়েই ১৮৬৭ সালে নবগোপাল মিত্র ‘হিন্দুমেলা’ শুরু করেন। সেই সময় রাজনারায়ণ বসু নিজের গ্ৰাম বোড়ালে। তাঁর উদ্যোগে বোড়ালবাসী হিন্দুমেলার জন্য গান লিখে পাঠায়।
১৮৭২ সালে রাজনারায়ণ বসুর বক্তৃতা ছিল ভারতের জাতীয় আত্মপরিচয় উদ্ধারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
১৮৬৬ সালে শিক্ষিত বাঙালিদের মধ্যে জাতীয় গৌরব ও ঐতিহ্যবোধ জাগানোর আহ্বান আর তাঁর পদ্ধতি বলে দেওয়া।
১৮৬৭ সালে সেই কর্মপদ্ধতি মেনে জাতীয় সভা’র উদ্যোগে ‘হিন্দুমেলা’র মাধ্যমে জাতীয় সংস্কৃতি, দেশীয় ক্রীড়া, সাহিত্য ও ঐতিহ্যের পুনর্জাগরণের উদ্যোগ।
আর তারপর বৌদ্ধিক লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত করতে ‘ভারতবর্ষের জাতীয়তাবাদের পিতামহে’র ‘হিন্দুধর্মের শ্রেষ্ঠতা’ বক্তৃতা।
১৮৮৭ সালে ‘বৃদ্ধ হিন্দুর আশা’ প্রবন্ধের মাধ‌্যমে সমগ্র ভারতের হিন্দুসমাজকে ঐক্যবদ্ধ করার আকাঙ্ক্ষার প্রকাশ।রাজনারায়ণ বসু ধর্মীয় আত্মপরিচয়কে জাতীয় আত্মমর্যাদার সঙ্গে যুক্ত করেছিলেন।
১৮৭২ সালের রাজনারায়ণ বসুর বক্তৃতা এবং ১৮৯৩ সালের বিবেকানন্দের শিকাগো বক্তৃতাকে পাশাপাশি রাখলে উনিশ শতকের ভারতীয় নবজাগরণের একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধিক বিবর্তন বোঝা যায়। ১৮৭২ সালে রাজনারায়ণ বসুর বক্তৃতা দিয়ে বৌদ্ধিক স্তরে খ্রীষ্টীয় ঔপ্যনিবেশিকতা কে পরাস্ত করার যে সূচনা হয় ১৮৯৩ সালে স্বামী বিবেকানন্দের চিকাগো ভাষণে তা পূর্ণতা পায়।
নিজের বক্তৃতায় হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা ব্যাখ্যা করতে সভাপতির আসনে বসে থাকা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের লেখা উদ্ধৃত করেন রাজনারায়ণ আর হিন্দু ধর্ম যে ইউরোপীয়-আরবীয় রিলিজয়নের আক্রমণের মুখেও চিরঞ্জয়ী তার কারণ ব্যাখ্যা করেন —
“মুসলমানেরা হিন্দু ধর্ম্মের বিনাশার্থ যৎ পরনান্তি চেষ্টা করিয়াছিল, কিন্তু ইহার কিছুই করিতে পারে নাই। খৃষ্টীয় মিসনরিরা এখানে ধৰ্ম্ম প্রচার করিতে আসিয়াছেন, কিন্তু হিন্দুধর্ম্মের বল দেখিয়া তাঁহাদিগকে এখন পালাই পালাই ডাক ছাড়িতে হইয়াছে। সম্প্রতি ডফ্ সাহেব বিলাতে এক বক্তৃতা করেন তাহাতে বলিয়াছেন, যে হিন্দুদিগের দর্শন শাস্ত্র এমন ব্যাপক যে ইউরোপীয় সকল প্রকার দার্শনিক মতের অনুরূপ তাহাতে পাওয়া যায়। এরূপ বুদ্ধিমান জাতিকে খৃষ্টীয় ধর্ম্মে প্রবৃত্ত করান দুষ্কর। হিন্দুধৰ্ম্ম হাতির মত। ইহার গাত্র মাম্প ন্যায় অন্যান্য ধর্মাবলম্বীরা আক্রমণ করে কিন্তু একবার গাঝাড়া দিলেই কে কোথায় উড়িয়া যায়”।

পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র দেশভক্তিকে হিন্দু ধর্মের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেন , বিপ্লবী অরবিন্দ ঘোষ তাঁর ‘উত্তরপাড়া অভিভাষণ’ এর বক্তৃতায় যে আরো স্পষ্টভাবে হিন্দু ধর্ম কে ভারতীয় জাতীয়তার সমার্থক হিসাবে তুলে ধরেন তার পূর্ববর্তী বৌদ্ধিক পরিসর নির্মাণে রাজনারায়ণ বসুর অবদান বিশেষভাবে স্মরণীয়।
হিন্দু ধর্মের উত্থান রাজনারায়ণ বসু চেয়েছিলেন আর তার মাধ্যমে ভারতের উত্থান। মাতামহ রাষ্ট্রোত্থানের যে কর্মপদ্ধতি বলেছিলেন সে কথা বিপ্লবী ক্ষুদিরাম বসু – প্রফুল্ল চাকীদের দীক্ষা গুরু, রবীন্দ্রনাথ ঠাকুরের নমস্য ঋষি অরবিন্দ দ্বৈর্থহীনভাবে পুনঃস্মরণ করিয়েছেন।
২০২৬ সালে রাজনারায়ণ বসুর জন্মের দ্বিশতবর্ষ পূর্ণ হয়েছে, ভারতবর্ষের পরমবৈভবশালী রূপ যদি আমাদের অনতিদূর ভবিষ্যতের দৃশ্যপটে স্পষ্ট হয়ে থাকে তাহলে বিশ্বকবির কথায় বলতে হয় — “…এই ভগবদ্‌ভক্ত চিরাবালকটির তেজঃপ্রদীপ্ত হাস্যমধুর জীবন, রোগে শোকে অপরিম্লান তাঁহার পবিত্র নবীনতা, আমাদের দেশের স্মৃতিভাণ্ডারে সমাদরের সহিত রক্ষা করিবার সামগ্রী তাহাতে সন্দেহ নাই।”

পিন্টু সান্যাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.