ঠান্ডা মাথা এবং নম্র স্বভাবের জন্য ক্রিকেটবিশ্বে পরিচিত মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর নেতৃত্ব এবং আচরণের জন্য সমীহ করেন বহু ক্রিকেটার। কিন্তু সেই ধোনিকেই এক বার দলের এক তরুণ ক্রিকেটার অপমান করেছিলেন বলে দাবি করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। আইপিএলের একটি অজানা ঘটনা প্রকাশ্যে এনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।
আকাশের দাবি, ঘটনাটি ২০২৩ সালের। একটি ম্যাচে ধোনিকে খারাপ কথা বলেছিলেন চেন্নাই সুপার কিংসের এক তরুণ ক্রিকেটার। ওই ঘটনায় ধোনির আশপাশে থাকা ব্যক্তিরা অত্যন্ত বিরক্ত হয়েছিলেন। তাঁরা ধোনিকে অনুরোধ করেছিলেন, ওই ক্রিকেটারকে শাস্তি দিয়ে দল থেকে বাদ দেওয়া হোক এবং তাঁকে বাড়ি ফিরে যেতে বলা হোক। কিন্তু ধোনি তেমন কোনও পদক্ষেপ করেননি।
একটি ভিডিয়োয় ঘটনাটি বর্ণনা করতে গিয়ে আকাশ বলেন, ধোনি ওই ক্রিকেটারের আচরণকে নির্বুদ্ধিতার পরিচয় বলে মনে করেছিলেন। তবে দলের স্বার্থকে ব্যক্তিগত আত্মসম্মানের ঊর্ধ্বে রেখেছিলেন তিনি। ধোনির বক্তব্য উদ্ধৃত করে আকাশ বলেন, ‘‘ওই ছেলেটা নির্বোধের মতো কাজ করেছে। কিন্তু আমি তো দলের অধিনায়ক। আমি যদি আত্মসম্মানকে বেশি প্রাধান্য দিই, তা হলে ওকে ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে যেতে বলতে পারি। কিন্তু আমি তা করব না। কারণ ওকে আমার কাজে লাগবে। ও চেন্নাইকে জিততে সাহায্য করবে। ঠিক আছে। আমি নিজের গর্ব এবং সম্মানকে গিলে নিতে রাজি। ওকে সঙ্গে নিয়েই খেলব।’’
কে সেই ক্রিকেটার? শুরু জল্পনা
আকাশ তাঁর ভিডিয়োয় সংশ্লিষ্ট ক্রিকেটারের নাম কিংবা কোন ম্যাচে ঘটনাটি ঘটেছিল, তা প্রকাশ করেননি। তবে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে অনেকে অনুমান করতে শুরু করেন, ওই ক্রিকেটার আকাশ সিংহ। সেই সময় তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতেন।
এই জল্পনার জেরে আকাশ সিংহের সমাজমাধ্যম অ্যাকাউন্টে ক্ষোভ প্রকাশ করতে থাকেন ধোনির সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে আকাশ চোপড়া পরে স্পষ্ট করে দেন, ধোনিকে অপমান করা ক্রিকেটার আকাশ সিংহ নন।
তবে বিতর্ক তাতেও থামেনি। বর্তমানে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেন আকাশ সিংহ। গত মরসুমে চেন্নাইয়ের দুই ব্যাটারকে আউট করার পর তাঁর বিশেষ অঙ্গভঙ্গির ভিডিয়োও নতুন করে আলোচনায় এসেছে। ফলে ধোনিকে অপমানের ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেটমহলে জল্পনা ও বিতর্ক অব্যাহত রয়েছে।

