বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে বেশ চাপে রয়েছে ভারতীয় দল। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকলেও তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার থেকে অনেকটাই পিছিয়ে ভারত। এমন পরিস্থিতিতেও নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের সিরিজ় নিয়ে আশাবাদী অধিনায়ক শুভমন গিল। তাঁর বিশ্বাস, এই সিরিজ়ে দু’টি ম্যাচ জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা যথেষ্ট থাকবে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভমন বলেন, ‘‘আমার বিশ্বাস, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দু’টি টেস্ট জিততে পারলে আমাদের ফাইনালে ওঠার ভাল সুযোগ থাকবে। সেই লক্ষ্য নিয়েই আমরা এখানে এসেছি। আগামী বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য এই দু’টি টেস্ট যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা আমরা জানি।’’
টেস্ট সিরিজ়ের গুরুত্ব বোঝাতেই এক দিনের সিরিজ়ে দলের অধিকাংশ টেস্ট ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ভারত অধিনায়ক। তাঁর কথায়, ‘‘এই টেস্ট সিরিজ়ের গুরুত্ব আমরা জানি। তাই এক দিনের সিরিজ়ে টেস্ট দলের অধিকাংশ ক্রিকেটারকে রাখা হয়নি। যাতে তাঁরা নিজেদের সেরাটা দিতে পারেন এবং তরতাজা থাকতে পারেন, সেই কারণেই এই সিদ্ধান্ত। টেস্ট সিরিজ়ের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইনি আমরা।’’
নিউ জ়িল্যান্ড সফরে তিনটি ফরম্যাটের মধ্যে কোন সিরিজ়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ভারত, সেই প্রশ্নের উত্তরে শুভমন স্পষ্ট জানিয়েছেন, টেস্ট সিরিজ়ই তাঁদের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে। তিনি বলেন, ‘‘অবশ্যই টেস্ট সিরিজ়। তিনটি সিরিজ়ের মধ্যে গুরুত্বের ভিত্তিতে বেছে নিতে বললে আমি টেস্ট সিরিজ়কেই এগিয়ে রাখব। এক মাস আগেও একই কথা বলেছিলাম। এই সফরে টেস্ট সিরিজ়কেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।’’
টেস্ট সিরিজ়ের প্রস্তুতির কথা মাথায় রেখেই এক দিনের ও টি-টোয়েন্টি দলে একাধিক পরিবর্তন করা হয়েছিল। জসপ্রীত বুমরাহকে টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজ়ে খেলানো হয়নি। শুভমন গিল ও লোকেশ রাহুলকেও শেষ দু’টি এক দিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়। পাশাপাশি, দলে থাকলেও এক দিনের সিরিজ়ে খেলেননি মহম্মদ সিরাজ়।
২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হাতে এখনও সাতটি টেস্ট ম্যাচ রয়েছে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ়ের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় খেলবে ভারত। ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে হলে বাকি সাতটি ম্যাচের মধ্যে অন্তত ছ’টিতে জয় প্রয়োজন শুভমনদের। ফলে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজ় ভারতের কাছে কার্যত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

