পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে মর্মান্তিক পথদুর্ঘটনা। রাস্তার ধারে ট্রলিতে খড় বোঝাই করার সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দুই শিশুর। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে খবর, নারায়ণগড় থানার উকুনমারী এলাকায় ১৬ নম্বর খড়্গপুর-বালেশ্বর জাতীয় সড়কের ধারে ট্রলিতে খড় বোঝাই করছিলেন এক ব্যক্তি। তাঁকে সাহায্য করছিল তিন শিশু। সেই সময় খড়্গপুরের দিকে যাওয়া একটি দ্রুতগতির পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটিতে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। ধাক্কার অভিঘাতে ট্রলিতে থাকা চার জনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশুর।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের মধ্যেই ছিলেন আহত এক শিশুর মা। রক্তাক্ত অবস্থায় ছেলেকে কোলে তুলে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ছোটেন তিনি। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই শিশুর নাম আকাশ দোলুই ওরফে সমীর (১৩) এবং সুশান্ত ভুঁইয়া (১১)। আহতদের উদ্ধার করে প্রথমে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়।
দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করা হলেও চালক পলাতক। তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

