বিয়ের পর প্রথম বছরেই শাশুড়ি ইন্দিরা গান্ধীর তীব্র মেজাজের সঙ্গে পরিচিত হয়েছিলেন সনিয়া গান্ধী। মাঝেমধ্যেই রাগের বিস্ফোরণ ঘটত ইন্দিরার। সেই পরিস্থিতিতে কর্মচারীদের আতঙ্কিত হয়ে পড়তে দেখেছেন তিনি। সম্প্রতি নিজের স্মৃতিচারণে ইন্দিরার ব্যক্তিত্বের এমন নানা দিক তুলে ধরেছেন সনিয়া। তাঁর লেখায় উঠে এসেছে ইন্দিরার কঠোর শাসন, রাগ, অনুশোচনা, ব্যক্তিগত অভ্যাস এবং পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্কের কথাও।
সনিয়া লিখেছেন, এক বার জরুরি বিষয়ে কারও সঙ্গে দেখা করার কথা ইন্দিরাকে মনে করাতে ভুলে গিয়েছিলেন এক কর্মচারী। সেটি প্রথমবারের ভুল না হওয়ায় তাঁকে শাস্তি দিয়ে ঘরের এক কোণে দাঁড় করিয়ে রাখেন ইন্দিরা। পরিস্থিতি দেখে অন্য কর্মচারীরা অস্বস্তি নিয়ে পাশ কাটিয়ে যাতায়াত করছিলেন।
আর এক দিন খাওয়ার ঘর ও এমী কৃষ্ণার অফিসের মাঝের সরু জায়গা দিয়ে যাওয়ার সময়ে এক ধুতি-কুর্তা পরা ব্যক্তিকে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখেন সনিয়া। তখনও রাজনীতির জগতের অধিকাংশ ব্যক্তিকে চিনতেন না তিনি। তবে ইন্দিরার অন্দরমহলে ওই ব্যক্তির উপস্থিতি দেখে অনুমান করেছিলেন, তিনি কংগ্রেসের উচ্চপদস্থ নেতা। প্রায় আধ ঘণ্টা এমী আন্টির কাছে কাটিয়ে ফেরার সময়েও ওই ব্যক্তিকে একই ভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে জানতে পারেন, ইন্দিরার নির্দেশেই তাঁকে ওই অবস্থায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল।
ইন্দিরা কখনও কারও উপর বিরক্ত হলে তাঁর সঙ্গে সমস্ত ধরনের যোগাযোগ বন্ধ করে দিতেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা অনেক সময় বুঝতেই পারতেন না, তাঁদের সঙ্গে কী ঘটেছে। সংসদে বিরোধীদের সঙ্গে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটলে তার প্রভাব পড়ত খাওয়ার টেবিলেও। সনিয়ার স্মৃতিতে, এক বার রাগের মাথায় খাবারের থালা এত জোরে ঠেলে দিয়েছিলেন ইন্দিরা যে, সেটি লম্বা ডাইনিং টেবিলের অন্য প্রান্তে গিয়ে থামে।
এই ধরনের পরিস্থিতিতে খুব অস্বস্তি বোধ করতেন সনিয়া। নিজের বাবার মেজাজের কথা মনে পড়ে যেত তাঁর। ভয় পেয়ে কী করবেন বুঝতে পারতেন না। অন্য দিকে, রাজীব ও সঞ্জয় শান্ত থাকতেন এবং মায়ের রাগ কমার অপেক্ষা করতেন। রাজীব তাঁকে আশ্বস্ত করে বলতেন, ‘‘বেশি ভয় পেয়ো না, কিছুক্ষণেই মা আবার ঠান্ডা হয়ে যাবেন।’’
ইন্দিরাকে ভাল করে চেনার আগে পর্যন্ত রাগের এমন পরিস্থিতিতে নিজের জায়গায় বসে কাঁপতেন সনিয়া। তবে সাধারণত রাগ দেখানোর পরে ইন্দিরার খারাপ লাগত। সংশ্লিষ্ট ব্যক্তির কাছে নিজের মতো করে অনুতাপ প্রকাশও করতেন তিনি। কিন্তু কোনও সহকর্মী বিশ্বাসঘাতকতা করলে তাঁকে আর কাছে টানতেন না। বরং সম্পূর্ণ দূরত্ব বজায় রাখতেন।
রাগ কমাতে পুরনো ছবি, শাড়ি গুছিয়ে রাখতেন
মানসিক চাপ বা উদ্বেগ বাড়লে ঘরের কাজকর্মে মন দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করতেন ইন্দিরা। কখনও এমী আন্টিকে পুরনো ছবির বাক্স বার করতে বলতেন। ছবিগুলি সাল-তারিখ অনুযায়ী সাজিয়ে রাখতেন। পরিবারের সদস্যদের ছবি দেখিয়ে তাঁদের পরিচয়, কোথায় এবং কখন ছবিগুলি তোলা হয়েছিল, সে সব পুরনো স্মৃতি ভাগ করে নিতেন।
কখনও আবার নিজের সমস্ত শাড়ি বার করে বিভিন্ন অঞ্চলের কাপড় আলাদা করে সাজাতেন। প্রত্যেকটি বান্ডিলের গায়ে লিখে রাখতেন, যাতে পরে সহজেই খুঁজে পাওয়া যায়। যে শাড়িগুলি এক-দু’বার পরেছেন এবং ভাল অবস্থায় রয়েছে, সেগুলি আত্মীয়স্বজনদের দেওয়ার জন্য আলাদা করে রাখতেন। বম্বের পার্সি আত্মীয়েরা কিংবা জয়পুরের মাসি তাঁর দেওয়া শাড়ি পেয়ে খুশি হতেন।
ইন্দিরার বিশেষ পছন্দের কয়েকটি পুরনো শাড়ি ছিল তাঁর মায়ের। খাদি ব্যবহারের যুগের আগের সেই শাড়িগুলি যত্ন করে পিচবোর্ডের লম্বা টিউবে মুড়িয়ে, কাঁচা মসলিন দিয়ে ঢেকে তুলে রাখতে বলতেন। উত্তরাধিকার সূত্রে পাওয়া কাশ্মীরি শালগুলিও নিয়মিত খুলে ভাঁজ বদলে রাখতেন, যাতে দীর্ঘদিন একই ভাঁজে থাকার কারণে সেগুলি নষ্ট না হয়ে যায়। রোদ উঠলে আনন্দ ভবনের স্টোররুম থেকে কার্পেট বার করে বাগানে রোদে দেওয়ার ব্যবস্থা করতেন।
ঠাকুরমা হওয়ার পর কমেছিল রাগ
সনিয়ার স্মৃতিচারণে, ইন্দিরা ছিলেন অত্যন্ত নিখুঁত এবং কর্মব্যস্ত মানুষ। কর্মচারীদের কাজের বিষয়ে স্পষ্ট নির্দেশ দিতেন, প্রয়োজনে লিখিত নোটও দিতেন। নির্দেশ পালন না হলে রাগের বিস্ফোরণ ঘটত। দীর্ঘদিন এমন পরিস্থিতি দেখার পর ইন্দিরার মেজাজ হারানোর কারণ বুঝতে শুরু করেন সনিয়া। রাগের পরিস্থিতি সম্পূর্ণ শান্ত না হওয়া পর্যন্ত কর্মচারীরা তাঁর কাছাকাছি যাওয়ার সাহস পেতেন না।
ইন্দিরার মেজাজ বুঝে নেওয়ার জন্য সনিয়াকে অনেক সময় পাঠানো হত। পরিবারের চিকিৎসক ডা. মাথুর, যিনি পরিবারের সদস্যের মতোই ছিলেন, প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করতে আসতেন। সকালে এসেই তিনি সনিয়াকে জিজ্ঞাসা করতেন, ‘‘মুড ঠিক হ্যায়?’’
তবে ঠাকুরমা হওয়ার পর ইন্দিরার রাগ অনেকটাই কমে গিয়েছিল বলে জানিয়েছেন সনিয়া। নাতি-নাতনিরা একটু বড় হওয়ার পর তাঁদেরই অনেক সময় ঠাকুরমার মেজাজ বুঝতে পাঠানো হত। শিশুদের হাসিমুখ কিংবা সরল কোনও প্রশ্নে মুহূর্তের মধ্যে গলে যেতেন ইন্দিরা। নাতি-নাতনিদের উপস্থিতি তাঁকে মানসিক ভাবে অনেকটা স্বস্তি দিয়েছিল এবং আনন্দে ভরিয়ে তুলেছিল বলে স্মৃতিচারণে উল্লেখ করেছেন সনিয়া।

