মোদীকে ‘দৃঢ়চেতা ও শক্তিশালী নেতা’ বলে প্রশংসা ট্রাম্পের, কোয়াড বৈঠকে তাৎপর্যপূর্ণ মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের

মোদীকে ‘দৃঢ়চেতা ও শক্তিশালী নেতা’ বলে প্রশংসা ট্রাম্পের, কোয়াড বৈঠকে তাৎপর্যপূর্ণ মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘দৃঢ়চেতা মানুষ এবং শক্তিশালী নেতা’ বলে প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় কোয়াডের শীর্ষবৈঠকের পর ফটোসেশন চলাকালীন মোদীকে উদ্দেশ করে এই মন্তব্য করেন তিনি। ভারত-আমেরিকার মধ্যে শুল্কসংক্রান্ত সংঘাত এবং বাণিজ্যচুক্তি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ।

ফিলিপিন্সে ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলন এবং ২১তম ইস্ট এশিয়া সামিটের ফাঁকে মঙ্গলবার কোয়াড (কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ)-এর বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মোদী ও ট্রাম্পের পাশাপাশি উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ়।

বৈঠক শেষে ফটোসেশনের সময় পাশে দাঁড়িয়ে থাকা মোদীকে দেখিয়ে ট্রাম্প বলেন, ‘‘উনি অত্যন্ত দৃঢ়চেতা মানুষ এবং শক্তিশালী নেতা। সারা বিশ্বের মানুষ ওঁকে শ্রদ্ধা করে।’’ এর পর জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির দিকে ইঙ্গিত করে হাসতে হাসতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আর উনি হয়তো আরও বেশি কঠোর।’’ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ়ের দিকে তাকিয়ে তাঁর সংযোজন, ‘‘আলবানিজ় এবং আমি ঠিকঠাক।’’

প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বরে আমেরিকার ডেলাওয়ারে শেষ বার কোয়াডের বার্ষিক শীর্ষবৈঠক হয়েছিল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে সেই বৈঠকে যোগ দিয়েছিলেন মোদী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ় এবং জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা। সেই বৈঠকেই পরবর্তী কোয়াড শীর্ষবৈঠকের আয়োজক হিসেবে ভারতের নাম ঘোষণা করা হয়েছিল।

চিনের প্রভাব মোকাবিলায় কৌশলগত সহযোগিতা জোরদার করার উদ্দেশ্যে গঠিত কোয়াডের গুরুত্ব অবশ্য ট্রাম্পের দ্বিতীয় দফার শাসনকালে কিছুটা কমে গিয়েছিল। কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ভারতের সঙ্গে শুল্কসংক্রান্ত সংঘাত এবং জাপানের সঙ্গে বাণিজ্যিক টানাপড়েন এর অন্যতম কারণ। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে কোয়াড নিয়ে ট্রাম্পের নতুন করে আগ্রহ দেখানোর পিছনে রাজনৈতিক ও কূটনৈতিক সমীকরণ কাজ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির খারাপ ফলের জেরে চাপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই পরিস্থিতিতে কৌশলগত সহযোগী দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করার উদ্যোগ নিয়েছেন তিনি।

এ বারের আসিয়ান শীর্ষ সম্মেলনের মূল বিষয়বস্তু ‘নেভিগেটিং আওয়ার ফিউচার, টুগেদার’। অর্থাৎ, সম্মিলিত ভাবে ভবিষ্যতের পথ নির্ধারণ। বিশ্ববাণিজ্যের ক্ষেত্রে ফিলিপিন্স-সহ আসিয়ান অঞ্চলের সমুদ্রপথগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা মাথায় রেখেই এই বিষয় নির্বাচন করা হয়েছে। সম্মেলনের পাশাপাশি ১৭ নভেম্বর ১৬তম আসিয়ান মেরিটাইম ফোরাম এবং ১৮ নভেম্বর ১৪তম এক্সপ্যান্ডেড আসিয়ান মেরিটাইম ফোরাম অনুষ্ঠিত হওয়ার কথা। এই দুই বৈঠকে সুস্থিত বাণিজ্যিক নৌচলাচল নিয়ে আলোচনা হবে। ওই কর্মসূচিতেও যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী।

এ ছাড়া, ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সভাপতিত্বে আয়োজিত ২১তম ইস্ট এশিয়া সামিটেও অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। বর্তমানে এই মঞ্চে ১৯টি সদস্য রাষ্ট্র রয়েছে। তার মধ্যে ১১টি আসিয়ানভুক্ত দেশ এবং আটটি সহযোগী দেশ। সহযোগী দেশগুলির মধ্যে রয়েছে ভারত, রাশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া, চিন, জাপান, নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ কোরিয়া। ফলে ম্যানিলার এই সম্মেলনকে ঘিরে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সমীকরণও বিশেষ গুরুত্ব পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.