‘ভারতমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র বা অশান্তি বরদাস্ত নয়’, বেলডাঙায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

‘ভারতমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র বা অশান্তি বরদাস্ত নয়’, বেলডাঙায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ভারতমাতার বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র বা রাজ্যে কোনও ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না। মঙ্গলবার মুর্শিদাবাদের বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের সরকারের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি সীমান্ত সুরক্ষা এবং বাংলাদেশ প্রসঙ্গেও সরব হন তিনি। তাঁর বক্তব্য, ভারতমাতাকে সুরক্ষিত রাখা তাঁর সরকারের প্রথম কর্তব্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের রাষ্ট্রবাদী সরকারের কাজ হল দেশের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া। রাষ্ট্র প্রথম। ভারতমাতা যাতে সুরক্ষিত থাকেন এবং তাঁর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মাটিতে কোনও ষড়যন্ত্র না হয়, তা নিশ্চিত করাই আমাদের প্রথম কর্তব্য। দ্বিতীয় কর্তব্য নারীসুরক্ষা ফিরিয়ে আনা। তৃতীয় কর্তব্য, জনগণকে সুরক্ষিত রাখা। সর্বজনীন শিক্ষা, স্বাস্থ্য এবং সাধারণ পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া। পাশাপাশি সংস্কৃতি ও আধ্যাত্মিক জাগরণও আমাদের কর্তব্য।’’

মুর্শিদাবাদে সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া একাধিক অশান্তির ঘটনার প্রসঙ্গ তুলে পূর্বতন তৃণমূল সরকারকেও নিশানা করেন শুভেন্দু। গত বছর সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে বিক্ষোভ-আন্দোলনের সময় জেলার বিভিন্ন এলাকায় অশান্তি ছড়িয়েছিল। সেই পর্বে হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের মৃত্যুর ঘটনাও ব্যাপক আলোড়ন তৈরি করে। যদিও পরে পুলিশ জানিয়েছিল, ওই হত্যাকাণ্ডের নেপথ্যে ব্যক্তিগত বিবাদ ছিল।

এ দিন সেই ঘটনাগুলির উল্লেখ করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘‘ধর্ম পালন করতে গেলে কোর্টে যেতে হবে? কেন হরগোবিন্দ ও চন্দন দাসকে বামপন্থী হওয়া সত্ত্বেও খুন হতে হবে? কেন ধুলিয়ান, সামশেরগঞ্জে অশান্তি হবে? কেন কথায় কথায় বেলডাঙায় জাতীয় সড়ক অবরোধ করা হবে? কেন দূরপাল্লার ট্রেনে পাথর ছোড়া হবে?’’

সীমান্ত সুরক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে ধর্ম পালনের ক্ষেত্রে বাধার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘খুব কাছেই বাংলাদেশ। সেখানে ধর্ম পালন করতে গেলে কী ভাবে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে, তা আপনারা জানেন। আজ আমি-আপনিও বাংলাদেশে থাকতে পারতাম! যদি না ঠাকুর (প্রণবানন্দ) মহারাজ সে দিন আওয়াজ তুলতেন, সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থাকতেন, তা হলে আমাদের পরিণতি চিন্ময়কৃষ্ণ প্রভুর থেকেও খারাপ হত।’’

ভারত সেবাশ্রম সঙ্ঘের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথাও এ দিন উল্লেখ করেন শুভেন্দু। কার্তিক মহারাজের উদ্যোগে আয়োজিত ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচির প্রশংসা করেন তিনি। পরে রাজ্যবাসীকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানিয়ে বেলডাঙার অনুষ্ঠান ছেড়ে কৃষ্ণনগরের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.