নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছেন বিরাট কোহলি। তাঁর ৭৪ রানের ইনিংসে ভর করে অকল্যান্ডে জয় পেয়েছে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে ম্যাচের মাঝেই ঘটল এক অদ্ভুত ঘটনা। ব্যাটিং করতে করতেই ভেঙে গেল কোহলির হাতের ঘড়ি। আর সেই ঘড়ির একটি ছোট্ট পিন খুঁজতেই বেশ কিছুক্ষণ ব্যস্ত থাকতে হল ভারতীয় তারকাকে।
ভারতের ইনিংসের ১৭তম ওভারে নেথান স্মিথের একটি বল পিচে পড়ে আচমকা লাফিয়ে ওঠে। বলটি সামলাতে পারেননি কোহলি। ব্যাটের পরিবর্তে বল এসে লাগে তাঁর কব্জিতে। সেই সময় হাতে ঘড়ি পরেছিলেন তিনি। বলের ধাক্কায় ঘড়িটি ভেঙে গিয়ে তার বিভিন্ন অংশ মাঠে ছিটকে পড়ে।
ঘটনার পর মাঠ থেকে ঘড়িটি তুলে নেন কোহলি। কিন্তু স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ায় সেটি আর হাতে পরার উপায় ছিল না। ঘড়ি ও স্ট্র্যাপের সংযোগকারী ছোট্ট পিনটিও খুঁজে পাচ্ছিলেন না তিনি। তাই ঘড়িটি পকেটে রেখে মাঠের মধ্যে পিন খুঁজতে শুরু করেন ভারতীয় ব্যাটার।
কয়েক সেকেন্ড ধরে এদিক-ওদিক খোঁজাখুঁজি করেও পিনটির সন্ধান পাননি কোহলি। তাঁকে কিছুটা হতাশও দেখাচ্ছিল। ঠিক সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন আম্পায়ার। তিনিই মাঠ থেকে পিনটি খুঁজে তুলে কোহলির হাতে দেন।
পিনটি ফিরে পেয়ে স্বস্তির হাসি ফুটে ওঠে কোহলির মুখে। সেটি হাতে নিয়ে দর্শকদের দিকেও তুলে দেখান তিনি। পরে পিনটি পকেটে রেখে আবার খেলায় মন দেন। ঘড়ি ভেঙে যাওয়ার ঘটনা অবশ্য তাঁর ব্যাটিংয়ে কোনও প্রভাব ফেলেনি। ১৩টি চার ও একটি ছক্কার সাহায্যে ৭৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। ভারতকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন।
এই ম্যাচে ব্যাট হাতে জোড়া নজিরও গড়েছেন কোহলি। এক দিনের ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ক্রিকেটার হিসেবে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। পাশাপাশি সফল রান তাড়ার ক্ষেত্রেও সর্বাধিক রানের মালিক হয়েছেন ভারতীয় তারকা। এই নজির গড়তে পিছনে ফেলেছেন সচিন তেন্ডুলকরকে।
সফল রান তাড়ায় কোহলির সংগ্রহ ১৬৯ ইনিংসে ৮৭৪১ রান। এত দিন এই রেকর্ড ছিল সচিনের দখলে। ভারতের প্রাক্তন ক্রিকেটার ২৩২টি ইনিংসে সফল রান তাড়া করতে নেমে করেছিলেন ৮৭২০ রান। বুধবার সেই রেকর্ড ভেঙে দেন কোহলি।
২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত খেললে আরও বেশ কয়েকটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেতে পারেন কোহলি। ফলে সফল রান তাড়ায় তাঁর রানের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অকল্যান্ডে এক দিকে যেমন ভারতকে জেতালেন তিনি, তেমনই ব্যক্তিগত রেকর্ডের খাতাতেও যোগ করলেন নতুন অধ্যায়।

