ইংল্যান্ড সফরে দলের হতাশাজনক পারফরম্যান্সের জেরে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। এই পরিস্থিতিতে দেশের ক্রিকেটের অবক্ষয়ের জন্য সরাসরি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নীতিকেই দায়ী করলেন পাকিস্তানের প্রাক্তন নির্বাচক তথা কোচ হারুন রশিদ। তাঁর মতে, ঘরোয়া ক্রিকেটের কাঠামো আমূল পরিবর্তন না করার খেসারত দিতে হচ্ছে পাকিস্তানি ক্রিকেটকে।
ইমরান খান দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন পাকিস্তানের ক্রিকেটের উন্নতির জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছিলেন, যার প্রধান ছিলেন হারুন রশিদ নিজেই। রশিদের দাবি, তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান চেয়েছিলেন অস্ট্রেলিয়ার ধাঁচে পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে ১০-১৫টি দলের পরিবর্তে মাত্র ৫ থেকে ৬টি দল খেলুক।
রশিদ এক সাক্ষাৎকারে জানান, টাস্ক ফোর্সের সদস্য হিসেবে তাঁরা তৎকালীন প্রধানমন্ত্রীকে একটি ‘হাইব্রিড মডেল’-এর প্রস্তাব দিয়েছিলেন। সেখানে দলের সংখ্যা কমিয়ে আটটি করার পাশাপাশি বিভিন্ন বিভাগীয় দলের অংশগ্রহণের পক্ষে সওয়াল করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী সেই প্রস্তাব সঙ্গে সঙ্গেই খারিজ করে দেন এবং কঠোরভাবে ৫-৬টি দল রাখার পক্ষেই অনড় থাকেন। রশিদের মতে, ব্যস্ততার কারণে ইমরান ক্রিকেটের পুনর্গঠনের পেছনে পর্যাপ্ত সময় দিতে পারেননি এবং ধীরে ধীরে এই পরিবর্তনের পথে হাঁটার প্রস্তাবও তিনি নাকচ করে দিয়েছিলেন।
পাকিস্তানের ঘরোয়া কাঠামোর ত্রুটি বোঝাতে ভারতের উদাহরণ টেনেছেন রশিদ। তিনি বলেন, মানুষ কেবল আইপিএলের কথা বললেও ভারতের ঘরোয়া ক্রিকেটের বিশাল মজবুত পরিকাঠামোর কথা ভুলে যায়। ভারতে রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, সৈয়দ মুশতাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফির মতো টুর্নামেন্ট নিয়মিত অনুষ্ঠিত হয়, যেখানে রাজ্য সংস্থাগুলো সম্পূর্ণ স্বাধীনভাবে ক্লাব স্তরের প্রতিযোগিতা পরিচালনা করে। অথচ পাকিস্তানের সমস্ত ক্ষমতা বর্তমানে পুরোপুরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কুক্ষিগত রয়েছে। পিসিবির উচিত এই কেন্দ্রীভূত ক্ষমতা আঞ্চলিক সংস্থাগুলির হাতে বিকেন্দ্রীকরণ করা, তবেই ক্রিকেটের প্রকৃত উন্নতি সম্ভব।

