নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গেও চলবে ভারী বর্ষণ

নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গেও চলবে ভারী বর্ষণ

বঙ্গোপসাগরের উপরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টিপাত শুরু হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলে ঝড়বৃষ্টির দাপট তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে। শনিবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির এই আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে রবিবার থেকে বৃষ্টির প্রকোপ কিছুটা কমতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের শুক্রবার দুপুরের বিশেষ বুলেটিন অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি বর্তমানে সরে গিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এই নিম্নচাপ অঞ্চলের ওপর দিয়েই সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর প্রভাবে শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। জেলার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার থেকে বৃষ্টির তীব্রতা কমলেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার— এই তিন জেলায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। বাকি পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতেও হলুদ সতর্কতা বহাল থাকবে। এছাড়া আগামী বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে পুনরায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.