বলিউডে দীর্ঘদিন ধরেই অতিরিক্ত কাজের চাপ এবং দীর্ঘায়িত শুটিং শিডিউল নিয়ে নানা মহলে আলোচনা চলছে। সম্প্রতি কুণাল খেমু পরিচালিত আসন্ন ছবি ‘ভাইব’-এর ঝলক প্রকাশ অনুষ্ঠানে এই বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেত্রী প্রীতি জ়িন্টাও। শুটিংয়ের সময় দীর্ঘ হওয়ার ফলে পরিস্থিতি কতটা কঠিন হয়ে ওঠে, সে কথা মেনে নিলেও তিনি জানান, অতীতে তাঁর দীর্ঘ সময় কাজ করার নেপথ্যে অন্য কারণ ছিল।
অনুষ্ঠানে নিজের কাজের সময় প্রসঙ্গে প্রীতি বলেন, তিনি একসময়ে টানা দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করেছেন। তবে এর মূল উদ্দেশ্য ছিল দ্রুত শুটিং শেষ করে আমেরিকায় নিজের সন্তানদের কাছে ফিরে যাওয়া। অভিনেত্রীর কথায়, “প্রত্যেকের পরিস্থিতি আলাদা। আমি অবশ্যই দিনে ১৮ ঘণ্টা কাজ করেছি। কারণ, যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমার কাজ শেষ করে আমেরিকায় ফিরে সন্তানদের সঙ্গে থাকতে চেয়েছিলাম। আমার মাথায় একটাই কথা থাকত, আমি আসব, কাজ শেষ করব, ব্যস! আমার কাজটা তাড়াতাড়ি শেষ করে দাও। তার পরেই আমি আমেরিকা চলে যাব। এটাই ছিল আমার ১৮ ঘণ্টা কাজের কারণ।” তবে একটানা এই দীর্ঘ সময় কাজ করা যে মোটেই সহজ ছিল না, তাও স্বীকার করেছেন তিনি।
উল্লেখ্য, বলিউডে পেশাগত কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখা নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধে গত বছর। প্রভাস অভিনীত ‘স্পিরিট’ ছবি থেকে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সরে দাঁড়ানোকে কেন্দ্র করে পরিচালক সন্দীপ রেড্ডী বাঙ্গার সঙ্গে তাঁর মতপার্থক্য তৈরি হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, সন্তানের জন্মের পর কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে দৈনিক আট ঘণ্টার বেশি কাজ না করার নীতি, পারিশ্রমিক এবং ছবির লভ্যাংশের অংশীদারিত্ব নিয়ে পরিচালকের সঙ্গে তাঁর বনিবনা হয়নি। বর্তমানে দীপিকা তাঁর দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন।

