পরীক্ষা শেষের ৯০ দিনের মাথায় ফলপ্রকাশ: আগামী ৮ মে প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফলাফল

পরীক্ষা শেষের ৯০ দিনের মাথায় ফলপ্রকাশ: আগামী ৮ মে প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফলাফল

লক্ষ লক্ষ পরীক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ৮ মে, ২০২৬ প্রকাশিত হতে চলেছে এ বছরের মাধ্যমিকের ফলাফল। পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৯০ দিনের মাথায় এই ফলপ্রকাশকে পর্ষদের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

পর্ষদের ঘোষণা ও সময়সূচী: বৃহস্পতিবার পর্ষদের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে:

  • ফল ঘোষণা: ৮ মে সকাল ৯টা ৩০ মিনিটে পর্ষদ সভাপতি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।
  • অনলাইনে ফলাফল: সকাল ১০টা ১৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পাবে।
  • মার্কশিট বিতরণ: ওই দিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে নির্দিষ্ট ক্যাম্প অফিসগুলো থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ করা হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ সেখান থেকে তা সংগ্রহ করে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবে।

রেকর্ড সময়ের প্রস্তুতি: এ বছর রাজ্য বিধানসভা নির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছিল। গত ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলেছিল। প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী এ বছর মাধ্যমিক দিয়েছে।

নভেম্বর মাস থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীরা নির্বাচনী কাজ (এসআইআর) এবং অন্যান্য প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় আশঙ্কা ছিল যে ফল প্রকাশে দেরি হতে পারে। কিন্তু পর্ষদ ও শিক্ষকদের তৎপরতায় এপ্রিল মাসের মধ্যেই সমস্ত বিষয়ের নম্বর জমা পড়ে যায়। জনৈক প্রধান পরীক্ষকের কথায়, “নানা প্রতিকূলতার মধ্যেও ঠিক সময়ে ফল প্রকাশ করা আমাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ ছিল। আমরা সফল হয়েছি।”

উল্লেখ্য, আগামী ৪ মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক চার দিন পরেই মাধ্যমিকের ফলপ্রকাশের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.