ভারতের বিরুদ্ধে ৬-১ ব্যবধানে বিশাল জয় নথিভুক্ত করে মাঠ ছাড়লেও নিজেদের পারফরম্যান্স নিয়ে খুব একটা উচ্ছ্বাস দেখালেন না উরুগুয়ের কোচ তথা বিশ্বকাপজয়ী কিংবদন্তি দিয়েগো ফরলাান। বরং ম্যাচ শেষে ভারতীয় দলের আক্রমণাত্মক ফুটবলের ভূয়সী প্রশংসা করেন তিনি। একই সঙ্গে স্বীকার করে নেন, প্রথমার্ধে বজ্রপাতের কারণে খেলা সাময়িকভাবে বন্ধ হওয়ার সুবাদেই কৌশল বদলে উরুগুয়ে সুবিধা পেয়েছে।
প্রথমার্ধের চাপ ও বিরতির সুবিধা ম্যাচ শেষে সঞ্চালক করণ সাহানি ও ভারতের প্রাক্তন জাতীয় ফুটবলার রবিন সিংহের সঙ্গে আলাপচারিতায় ফরলাান জানান, প্রথমার্ধে ভারত সমতা ফেরানোর পর ম্যাচ কিছুটা তাঁদের হাতছাড়া হতে বসেছিল। ঠিক সেই মুহূর্তে প্রতিকূল আবহাওয়া ও বজ্রপাতের জেরে প্রায় আধ ঘণ্টা খেলা স্থগিত থাকে।
ফরলাান বলেন, “ভারত অত্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলছিল এবং একাধিক সুযোগ তৈরি করছিল। আমাদের ধারাবাহিক ভুলের কারণে দল চাপে পড়ে যায়। ঠিক সেই সময়েই খেলা বন্ধ হওয়ায় আমরা বাড়তি সুবিধা পাই। সাজঘরে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে ভুলগুলো চিহ্নিত করার পাশাপাশি কৌশলে বদল আনি, যা দ্বিতীয়ার্ধে দারুণ কাজ দিয়েছে।”
ভারতীয় ফুটবলের অগ্রগতির প্রশংসা পূর্বে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) মুম্বই সিটির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই বর্ষীয়ান ফুটবলারের। ফলে ভারতীয় ফুটবলের ঘরোয়া কাঠামো ও সার্বিক অগ্রগতি সম্পর্কে তিনি অবগত।
উরুগুয়ে কোচের মতে, “গত কয়েক বছরে ভারতীয় ফুটবল লক্ষণীয়ভাবে বদলেছে। ওরা এদিন যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং একাধিকবার গোল করার সুযোগ তৈরি করেছিল। যদিও ফিনিশিংয়ের অভাবে গোলগুলো আসেনি, তবে এই অভিজ্ঞতা ভবিষ্যতে ওদের সমৃদ্ধ করবে। আমি নিশ্চিত, আগামী দিনে ভারতীয় ফুটবল আরও উঁচুতে পৌঁছাবে।”
ধারাবাহিকতার বার্তা সম্প্রতি পানামা ও ব্রাজিলের মতো শক্তিশালী দলের মুখোমুখি হয়েছে খালিদ জামিলের ভারত। পর পর তিনটি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার এই অভিজ্ঞতা ভারতীয় ফুটবলারদের মানসিক শক্তি বাড়াবে বলেই মনে করেন ফরলাান। তবে এই উন্নতির ধারা বজায় রাখতে শক্তিশালী দেশগুলির বিরুদ্ধে ধারাবাহিক ম্যাচ খেলার পরামর্শ দিয়েছেন তিনি।
ফরলাান বলেন, “শক্তিশালী দলের বিরুদ্ধে খেললে খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা বাড়ে এবং শেখার সুযোগ তৈরি হয়। কিন্তু দু-একটি ম্যাচ খেললেই চলবে না; বিশ্বমানের ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে হলে ধারাবাহিক বিরতিতে বড় দলগুলির বিরুদ্ধে খেলতে হবে।”
ভারতে ফিরে আসার প্রসঙ্গ উঠতেই কলকাতার প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন এই উরুগুয়ান কিংবদন্তি। ভবিষ্যতে ভারতের মুখোমুখি হতে আবার প্রস্তুত থাকার কথা জানিয়ে তিনি আশাপ্রকাশ করেন যে, আগামী দিনে ভারতীয় দলের থেকে আরও কঠিন লড়াই অপেক্ষা করছে।

