দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়। শ্রেয়স আয়ারদের করা ২৪৯ রানের লক্ষ্য তাড়া করে ন’বল বাকি থাকতেই জিতেছিল শাই হোপের দল। সিরিজ়ে সমতা ফেরানো সেই জয়ের আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হল না ক্যারিবিয়ান শিবিরে। রাঁচীর ম্যাচে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ক্রিকেটার রভম্যান পাওয়েল ও শারফেন রাদারফোর্ডকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন অধিনায়ক পাওয়েল এবং রাদারফোর্ড—দু’জনকেই একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ময়ঙ্ক যাদবের বলে বোল্ড হওয়ার পর ব্যাট দিয়ে বল মারার চেষ্টা করেন পাওয়েল। অন্য দিকে, ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংসের ১৩তম ওভারে একটি বলকে আম্পায়ার ওয়াইড ঘোষণা না করায় আগ্রাসী ভঙ্গিতে চিৎকার করেন রাদারফোর্ড।
আইসিসির আদর্শ আচরণবিধি অনুযায়ী, পাওয়েল ২.২ ধারা ভেঙেছেন। এই ধারায় ক্রিকেটের সরঞ্জামের অপব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। অন্য দিকে, আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় রাদারফোর্ড ২.৮ ধারা লঙ্ঘন করেছেন।
ম্যাচ শেষ হওয়ার পর আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে দুই ক্রিকেটারকে শুনানিতে ডেকে পাঠান ম্যাচ রেফারি প্রকাশ ভাট। শুনানিতে দু’জনেই নিজেদের অপরাধ স্বীকার করে নেন। সেই কারণে তাঁদের কোনও আর্থিক জরিমানা করা হয়নি।

