প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হারলেও আইএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান। এসসি দিল্লির বিরুদ্ধে এক গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দুর্দান্ত কামব্যাক করে জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন ব্রিগেড। তবে এই জয়ের মধ্যেও দলীয় শিবিরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে গোলদাতা মিগুয়েল ফেরেরার চোট।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল দিল্লি। মাঝমাঠের দখল নিয়ে তারা মোহনবাগানকে চাপে রাখার চেষ্টা চালায়। ২৩ মিনিটে বাঁপ্রান্ত থেকে লম্বা বল রিসিভ করে দুর্দান্ত শটে গোল করে দিল্লিকে এগিয়ে দেন লালরিনলিয়ানা হামতে। প্রথমার্ধে গোল হজম করার পর কিছুটা অগোছালো হয়ে পড়ে মোহনবাগান। প্রথমার্ধের শেষ মুহূর্তেও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল দিল্লি, তবে রক্ষণভাগের কল্যাণে যাত্রাসাময়ী রক্ষা পায় সবুজ-মেরুন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। অবশেষে ৫৬ মিনিটে কাঙ্ক্ষিত সাফল্য আসে। রাহুলের বাড়ানো পাস থেকে গোল করে দলকে ১-1 সমতায় ফেরান লি আরউইন। এর ঠিক চার মিনিট পরেই মোহনবাগানকে এগিয়ে দেন ব্রাজিলীয় ফরোয়ার্ড মিগুয়েল ফেরেরা। অভিষেক টেকচামের নিখুঁত পাস থেকে দিল্লির চার ডিফেন্ডারকে পরাস্ত করে বাঁ পায়ের নিচু শটে বল জালে জড়ান তিনি।
তবে গোল করার কিছুক্ষণ পরেই আইমেনের সঙ্গে বল দখলের লড়াইয়ে চোট পান মিগুয়েল। প্রথমে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও চোটের জেরে ৭৮ মিনিটে তাঁকে মাঠ ছেড়ে উঠে যেতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সাময়িক ধাক্কাধাক্কিও হয়, যার জেরে হলুদ কার্ড দেখেন আপুইয়া সহ এক দিল্লি ফুটবলার। নির্ধারিত সময়ের শেষ দিকে মনবীর সিংহ ও সাহাল সামাদের সহযোগিতায় ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি মোহনবাগান। শেষ পর্যন্ত এগিয়ে থেকেই মাঠ ছাড়ে তারা।

