অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, সেমিফাইনালে আফগানিস্তানকে হারাল ৮ উইকেটে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, সেমিফাইনালে আফগানিস্তানকে হারাল ৮ উইকেটে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল ভারত। বৃহস্পতিবার ওমানে অনুষ্ঠিত সেমিফাইনালে আফগানিস্তানকে ৮ উইকেটে হারাল তারা। লক্ষ্য রায়চন্দানি ও আর্যবীর সহবাগের দাপুটে ব্যাটিংয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। অন্য সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে খেতাবি লড়াইয়ে উঠেছে পাকিস্তান। আগামী ১৪ নভেম্বর ফাইনাল। উল্লেখ্য, গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত।

প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে। ভারতের পেসার ঈশান সুদ ৪৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে আফগান ব্যাটিংকে চাপে রাখেন। তবে নোমান সালারজাই এবং শাহ ফয়সাল রাহিমি দু’জনেই ৫১ রান করে দলের স্কোরকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন।

জবাবে রান তাড়া করতে নেমে কোনওরকম সমস্যায় পড়তে হয়নি ভারতকে। ৩৬.৫ ওভারেই জয়ের রান তুলে নেয় তারা। ওপেনার লক্ষ্য রায়চন্দানি ৯০ বলে ১৩টি চার ও একটি ছয়ের সাহায্যে ৯৩ রান করেন। শতরানের কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত সাত রানের জন্য সেই মাইলফলক ছোঁয়া হয়নি তাঁর। শুরু থেকেই নিয়ন্ত্রিত অথচ আক্রমণাত্মক ব্যাটিং করেন লক্ষ্য। তাঁর অর্ধশতরান আসে মাত্র ৩৯ বলে।

আর্যবীর সহবাগের সঙ্গে প্রথম উইকেটে ১৭ ওভারে ১১৭ রান যোগ করেন লক্ষ্য। আর্যবীর ৫১ রান করে আউট হওয়ার পর ভিকে বিনীতের সঙ্গে দ্বিতীয় উইকেটে আরও ৭৭ রান যোগ করেন তিনি। লক্ষ্যকে শুরু থেকেই ভাল সঙ্গ দেন বিনীত। তাঁকে বেশি করে স্ট্রাইক দেওয়ার চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত বিনীত ৫৭ রানে অপরাজিত থাকেন।

লক্ষ্যের ইনিংসে বেশ কয়েকটি নজরকাড়া পুল ও ড্রাইভ দেখা যায়। তবে শতরান থেকে মাত্র সাত রান দূরে থাকতে আউট হন তিনি। আফগান অফস্পিনার সোহেল খানের বলে এক্সট্রা কভারের উপর দিয়ে মারতে গিয়ে ঠিকমতো টাইমিং করতে পারেননি লক্ষ্য। মহম্মদ আলি ঝাঁপিয়ে পড়ে দুরন্ত ক্যাচ ধরেন। তত ক্ষণে অবশ্য জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ভারত।

অন্য দিকে, আর্যবীরও নিজের দায়িত্ব পালন করেন। ছক্কা মেরে অর্ধশতরান পূর্ণ করার পরের বলেই আউট হন তিনি। বাউন্সারে পুল করতে গিয়ে ফারিদুল্লাহ অহসাসের হাতে ক্যাচ তুলে দেন। তবে তত ক্ষণে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.