আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের অদূরে বন্দুকবাজের হামলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে শহরের লোগান সার্কল এলাকায় পর পর গুলির শব্দ শোনা যায়। ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলেও খবর। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
হোয়াইট হাউস থেকে প্রায় ১.৬ কিলোমিটার উত্তরে অবস্থিত লোগান সার্কল এলাকায় গুলিচালনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে বন্দুকবাজের খোঁজে তল্লাশি শুরু করেন নিরাপত্তারক্ষীরা। প্রাথমিক ভাবে একটি নিকটবর্তী ভবনে বন্দুকবাজের লুকিয়ে থাকার অনুমান করা হচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযুক্তকে আটক না করা পর্যন্ত ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মেট্রোপলিটান পুলিশ ডিপার্টমেন্ট (এমপিডি)।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এলাকার একটি জিমের ভিতরে প্রথম গুলি চলে। সেখানে এক যুবক গুলিবিদ্ধ হন। পরে তাঁর মৃত্যু হয়। এর পর বাইরে থেকেও একাধিক বার গুলির শব্দ শোনা যায় বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। ঘটনায় আরও কয়েক জন আহত হয়েছেন বলে খবর।
বন্দুকবাজের পরিচয় এবং হামলার উদ্দেশ্য, কোনওটিই এখনও স্পষ্ট নয়। অভিযুক্তকে শনাক্ত করতে এলাকার রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁকে জীবিত অবস্থায় আটক করাই নিরাপত্তারক্ষীদের লক্ষ্য।
হোয়াইট হাউসের এত কাছে এই হামলার ঘটনায় স্বাভাবিক ভাবেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বন্দুকবাজের সন্ধানে গোটা এলাকায় তল্লাশি অভিযান জারি রেখেছে পুলিশ।

