উপমহাদেশের মাটিতে খেলতে নেমে অতীতে বার বার স্পিনারদের সামনে সমস্যায় পড়েছে ওয়েস্ট ইন্ডিজ়। ঘূর্ণি পিচে ব্যাটিং বিপর্যয়ও নতুন নয় ক্যারিবিয়ান দলের কাছে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে টেস্ট সিরিজ়ে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা। আর এই সাফল্যের নেপথ্যে রয়েছে চেন্নাইয়ে বিশেষ প্রস্তুতি। বাংলাদেশ সফরের আগে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হাই পারফরম্যান্স সেন্টারে নিজেদের তৈরি করেছিল ওয়েস্ট ইন্ডিজ়। সেখানেই তৈরি হয়েছিল সিরিজ় জয়ের নীল নকশা।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সফরের আগে চেন্নাইয়ে সিএসকে-র হাই পারফরম্যান্স সেন্টারে টানা দু’সপ্তাহ অনুশীলন করে ওয়েস্ট ইন্ডিজ়। সেখানে রয়েছে মোট ন’টি পিচ। কালো মাটি, লাল মাটি এবং দুই ধরনের মাটির মিশ্রণে তৈরি পিচে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটারেরা। লম্বা বাউন্ডারির ব্যবস্থাও ছিল। টেস্টের প্রথম, তৃতীয় ও পঞ্চম দিনের সম্ভাব্য পিচের চরিত্র মাথায় রেখে তৈরি করা হয়েছিল বিভিন্ন ধরনের উইকেট। পেসারদের জন্য ছিল অতিরিক্ত বাউন্সের পিচ। পাশাপাশি, উপমহাদেশের স্পিনারদের মতো বোলিং করার জন্য নেট বোলারদেরও রাখা হয়েছিল। গোটা প্রস্তুতি পর্বে ১২ জন কোচ ক্রিকেটারদের উপর নজর রেখেছিলেন।
সিরিজ় জয়ের পর প্রস্তুতির সুফলের কথা স্বীকার করেছেন ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক রস্টন চেজ। তাঁর কথায়, ‘‘আগে বাংলাদেশে খেলতে এলে স্পিনারেরা আমাদের বিপদে ফেলত। এখন স্পিন খেলার ব্যাপারে আমরা অনেক এগিয়ে গিয়েছি। দলের বেশির ভাগ ক্রিকেটার চেন্নাইয়ে গিয়ে ভারতের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে। ঘূর্ণি পিচে ব্যাট করেছে এবং যেখানে প্রয়োজন, সেখানে জোর দিয়েছে। মনে হচ্ছে, সেই প্রস্তুতি কাজে লেগেছে।’’
উল্লেখ্য, এর আগেও বিদেশ সফরের আগে এই বিশেষ প্রস্তুতির সুবিধা নিয়েছে একাধিক দল। ২০২৪ সালে শ্রীলঙ্কা সফরের আগে সিএসকে-র এই হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলন করেছিল নিউ জ়িল্যান্ড। পরে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে এবং ভারতের মাটিতে ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল তারা।
সিএসকে-র হাই পারফরম্যান্স সেন্টারের প্রধান এমএ সতীশ জানিয়েছেন, বিশ্বমানের প্রশিক্ষণ পরিকাঠামো গড়ে তুলতে দীর্ঘদিন ধরে পরিশ্রম করা হয়েছে। তাঁর কথায়, ‘‘আমাদের এখানে পিচের যে কোনও দিক থেকে ৮০ মিটার লম্বা বাউন্ডারি রয়েছে। অন্ধ্রপ্রদেশের মাটি দিয়ে পিচ তৈরি হয়। দেশের সেরা মাটি সংগ্রহ করে উইকেট তৈরি করি আমরা। লাল মাটি আনা হয় মুম্বই থেকে।’’
এই প্রশিক্ষণকেন্দ্রের বিশেষত্ব হল, ন’টি পিচেই আলাদা আলাদা পরিবেশে অনুশীলনের সুযোগ রয়েছে। কোনও উইকেটই নির্দিষ্ট কোনও ম্যাচের পরিস্থিতি মাথায় রেখে তৈরি নয়। বরং টেস্টের পাঁচ দিনের সম্ভাব্য চরিত্র অনুযায়ী বিভিন্ন ধরনের পিচ প্রস্তুত রাখা হয়। প্রয়োজনে কোনও দল নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী পিচও তৈরি করিয়ে নিতে পারে। পুরো ব্যবস্থাতেই রয়েছে বাস্তবসম্মত পরিবেশে অনুশীলনের সুযোগ। আর সেই সুবিধাকেই কাজে লাগিয়ে উপমহাদেশের স্পিন-চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়।

