বিশাখাপত্তনম থেকে বেঙ্গালুরুর উদ্দেশে উড়ে যাওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে অবতরণের ঠিক আগে পাখির ধাক্কা লাগে। ঘটনায় বিমানের ভিতরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পাইলটের দক্ষতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ১৪৮ জন যাত্রীকে নিয়ে নিরাপদেই বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বিশাখাপত্তনম বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি। গন্তব্যে পৌঁছে অবতরণের প্রস্তুতির সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানের। এর জেরে বিমানটি দুলে ওঠে। আচমকা এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে পরিস্থিতি সামাল দিয়ে সতর্কতার সঙ্গে বিমানটিকে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করান পাইলট।
অবতরণের পর বিমানটিকে পার্কিং স্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়। বিমান চলাচলের নিরাপত্তাবিধি মেনে সেটির প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করা হবে। পরীক্ষা শেষ হওয়ার পরই পরবর্তী যাত্রার জন্য বিমানটিকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, গত শনিবারও একই ধরনের ঘটনা ঘটেছিল। দুবাই থেকে দিল্লিগামী এমিরেটসের একটি বিমানে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পাখির ধাক্কা লাগে। যদিও সে ক্ষেত্রেও নিরাপদে অবতরণ করে বিমানটি। প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষার পর ফের দুবাইয়ের উদ্দেশে রওনা দেয় সেটি। তবে নির্ধারিত সময়ের তুলনায় বেশ কিছুটা দেরিতে দিল্লি বিমানবন্দর থেকে উড়েছিল বিমানটি।

