কলকাতায় বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ! ২৫ নভেম্বর যুবভারতীতে নামতে পারেন ফিগো-পুয়োল-ক্যাসিয়াস

কলকাতায় বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ! ২৫ নভেম্বর যুবভারতীতে নামতে পারেন ফিগো-পুয়োল-ক্যাসিয়াস

ব্রাজিলের তারকাদের কলকাতা সফরের রেশ কাটতে না কাটতেই ফের আন্তর্জাতিক ফুটবলের দুই মহাতারকা ক্লাবকে ঘিরে উত্তেজনা তিলোত্তমায়। সব ঠিকঠাক থাকলে আগামী ২৫ নভেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে পারে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের প্রদর্শনী ম্যাচ। তবে এই ম্যাচে দুই দলের বর্তমান ফুটবলারদের নয়, মাঠে নামতে দেখা যাবে অবসরপ্রাপ্ত তারকাদের। সূত্রের খবর, রাজ্য সরকারের উদ্যোগে এই ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।

সূত্রের খবর, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলা প্রাক্তন ফুটবলারদের নিয়ে গঠিত দুই দলের ‘লিজেন্ডস’ স্কোয়াড এই ম্যাচে অংশ নিতে পারে। পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুই ফিগো ছাড়াও কার্লোস পুয়োল এবং আইকার ক্যাসিয়াসের মতো তারকাদের যুবভারতীতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এই ম্যাচে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের বর্তমান দলের কোনও ফুটবলার খেলবেন না বলেই জানা গিয়েছে। ওই দিন দুই দলেরই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে। ফলে কলকাতার মাঠে দুই স্প্যানিশ ক্লাবের প্রতিনিধিত্ব করবেন তাঁদের প্রাক্তন তারকারা।

রাজ্য সরকারের উদ্যোগে আয়োজনের প্রস্তুতি

যুবভারতী হোক বা ইডেন গার্ডেন্স— আন্তর্জাতিক ক্রীড়া তারকাদের উপস্থিতিতে কলকাতায় বড় মাপের ক্রীড়া আয়োজন নতুন নয়। এ বার বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লিজেন্ডস দলের সম্ভাব্য ম্যাচ সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে।

সূত্রের খবর, এই মেগা ম্যাচের মূল আয়োজক পশ্চিমবঙ্গ সরকার। গোটা আয়োজনের প্রস্তুতি গোপনীয়তার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। মঙ্গলবার এই ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে সূত্রের দাবি। যদিও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকেরা এখনও এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি।

এর আগে কলকাতায় খেলতে এসেছিল জার্মানির বিখ্যাত ক্লাব বায়ার্ন মিউনিখের লিজেন্ডস দল। এ বার বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকাদের সম্ভাব্য আগমন ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতার ফুটবলপ্রেমীরা সাক্ষী থাকতে পারেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের প্রাক্তন তারকাদের লড়াইয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.