দিল্লিতে বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা, মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা, মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের

ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি ছাত্র সংগঠনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। পুলিশের এই পদক্ষেপে সাধারণ মানুষের যাতায়াত ও পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। রবিবার বিশেষ শুনানিতে শীর্ষ আদালত মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিক রাখা, ব্যারিকেডের প্রয়োজনীয়তা পর্যালোচনা এবং ইন্টারনেট পরিষেবা অক্ষুণ্ণ রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আইন মেনে নাগরিকদের অবাধ যাতায়াত নিশ্চিত করার উপরেও জোর দিয়েছে আদালত।

বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, শান্তিপূর্ণ ও নিরস্ত্র জমায়েতের ক্ষেত্রে আইননির্ধারিত পদ্ধতি মেনেই পদক্ষেপ করতে হবে। যে এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা কার্যকর নেই, সেখানে আইনসম্মত প্রক্রিয়া ছাড়া কোনও ব্যক্তিকে আটক করা যাবে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের আটক করা যাবে না, তবে আন্দোলনকারীদেরও পুলিশি বিধি মেনে কর্মসূচি পালন করতে হবে।

এই মামলায় কেন্দ্রকে নোটিস দিয়েছে বিচারপতিদের বেঞ্চ। দিল্লির বিভিন্ন রাস্তায় ব্যারিকেড বসানোর যৌক্তিকতা খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত বলপ্রয়োগ, বেআইনি আটক এবং পরিচয়পত্র বা নামফলক ছাড়া পুলিশকর্মীদের রাস্তায় থাকার মতো অভিযোগের জবাব দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। মঙ্গলবার মামলার পরবর্তী শুনানিতে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে।

শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিয়ে সওয়াল

মামলাকারীদের পক্ষে আইনজীবী কপিল সিব্বল আদালতে শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকারের কথা তুলে ধরেন। তাঁর অভিযোগ, আন্দোলনকারীদের নির্ধারিত প্রতিবাদস্থলে পৌঁছোতে বাধা দেওয়া হয়েছে। অনেককে টেনেহিঁচড়ে প্রিজ়ন ভ্যানে তোলা হয়েছে এবং বেআইনিভাবে আটক করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এর জবাবে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বিক্ষোভের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়নি। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানায়, জনসমাবেশ ও যাতায়াতের উপর বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে সংবিধানের ১৯(২) অনুচ্ছেদে নির্ধারিত শর্ত মানতে হবে। জনশৃঙ্খলা-সহ নির্দিষ্ট কিছু কারণে বাক্‌স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারে যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের সুযোগ রয়েছে। তবে সেই বিধিনিষেধ আইনসম্মত হতে হবে। একই ভাবে, প্রতিবাদ কর্মসূচিও আইন মেনেই পালন করতে হবে বলে জানিয়েছে আদালত।

সুপ্রিম কোর্ট চত্বরেও ১৬৩ ধারা নিয়ে প্রশ্ন

শনিবার সুপ্রিম কোর্ট চত্বরে অবৈধ জমায়েত রুখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছিল। দিল্লি পুলিশের এই পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলে বিচারপতি বাগচীর বেঞ্চ।

আদালতের নির্দেশ, সুপ্রিম কোর্ট চত্বরের ভিতরে এবং আশপাশে ১৬৩ ধারা জারির নির্দেশ সংক্রান্ত কোনও বোর্ড থাকলে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। সুপ্রিম কোর্ট ও অন্যান্য আদালতে যাতায়াতের পথে যাতে কোনও বাধা তৈরি না হয়, তা নিশ্চিত করার দায়িত্বও পুলিশকে দেওয়া হয়েছে।

‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার

সিজেপির ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে বড় জমায়েতের আশঙ্কায় শুক্রবার রাত থেকেই নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ শুরু করেছিল কেন্দ্র। শনিবার দিল্লির বিভিন্ন এলাকায় ব্যারিকেড বসানো হয়। মধ্য দিল্লির বিস্তীর্ণ অংশে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি, মেট্রো ও রেল চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয় এবং একাধিক প্রতিবাদীকে আটক করা হয় বলে অভিযোগ।

শনিবার দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল। দিল্লিগামী একাধিক ট্রেনও বাতিল করা হয় বলে জানা গিয়েছে। এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষের যাতায়াত ও দৈনন্দিন পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করা হয়।

এর আগে শুক্রবারের শুনানিতেও সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নিরাপত্তার যুক্তিতে সাধারণ মানুষকে পরিবহণ পরিষেবা থেকে বঞ্চিত করা যায় না। শনিবার মেট্রো ও ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা যাবে না বলেও নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।

রবিবারের শুনানিতে সেই অবস্থান আরও স্পষ্ট করে আদালত জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের স্বাভাবিক যাতায়াত, যোগাযোগ পরিষেবা এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারও বজায় রাখতে হবে। মঙ্গলবার পরবর্তী শুনানিতে পুলিশি পদক্ষেপ ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আদালত কী নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.