ঘরের মাঠে বহুল প্রতীক্ষিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনে বড়সড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জিম্বাবোয়ে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম তুলে নেওয়ায় পুরো সিরিজটিই বাতিল করতে বাধ্য হয়েছেন পিসিবি প্রধান মহসিন নকভিরা। নির্ধারিত সময়ে বিকল্প অন্য কোনো দল না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৭ সালের শুরুর দিকে জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ডকে নিয়ে এই ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা করেছিল পাকিস্তান। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এখন আয়ারল্যান্ডের বিরুদ্ধে কেবল দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাবর আজমরা।
কেন সরলো জিম্বাবোয়ে? একটি ক্রিকেট সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর, মূলতঃ বাণিজ্যিক কারণ দেখিয়েই এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড। তবে বিস্তারিত অন্য কোনো সমস্যার কথা তাদের তরফে প্রকাশ্যে আনা হয়নি। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ওয়ানডে ক্রিকেটের মান বাড়াতে সাধারণ দ্বিপাক্ষিক সিরিজের বদলে তিন বা চার দেশকে নিয়ে প্রতিযোগিতার ওপর বেশি জোর দিচ্ছে। আইসিসির সেই নির্দেশিকা মেনেই পিসিবি প্রধান মহসিন নকভি আয়ারল্যান্ড ও জিম্বাবোয়েকে নিয়ে এই সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু জিম্বাবোয়ের আচমকা সরে দাঁড়ানোয় সেই পরিকল্পনা ভেস্তে গেল।
বিশ্বকাপের প্রস্তুতিতে মরিয়া পিসিবি আগামী ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে জাতীয় দলের জন্য যত বেশি সম্ভব ওয়ানডে ম্যাচের আয়োজন করতে চাইছে পাকিস্তান বোর্ড। আগামী মাসেও শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা রয়েছে তাদের। পাশাপাশি ইংল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধেও আলাদা করে দ্বিপাক্ষিক সিরিজ খেলার বিষয়ে কথাবার্তা চালাচ্ছে পিসিবি। এমন ব্যস্ত সূচির মাঝে ২০২৭ সালের এই ত্রিদেশীয় সিরিজ বাতিল হওয়া পিসিবির প্রস্তুতিতে নিঃসন্দেহে একটি বড় ধাক্কা।
কোচিং স্টাফে বিদেশি অভিজ্ঞতার খোঁজে পিসিবি অন্য দিকে, জাতীয় দলের পারফরম্যান্স উন্নত করতে বিশেষ পরামর্শদাতা এবং বিদেশি কোচ নিয়োগের পরিকল্পনা করছে পিসিবি। ক্রিকেট সূত্রে খবর, অস্ট্রেলিয়ার প্রাক্তন গতিদানব শন টেট এবং নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ব্যাটার মার্টিন গাপটিলের সঙ্গে আলোচনা চালাচ্ছেন নকভিরা। এর আগে ২০২২-২৩ মৌসুমে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব সামলেছিলেন শন টেট। ‘জিও নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের জন্য নতুন বিদেশি বোলিং ও ফিল্ডিং কোচ নিয়োগের প্রক্রিয়াও দ্রুত চূড়ান্ত করতে চাইছে পাক বোর্ড।

