ম্যাচ গড়াপেটার মতো গুরুতর অভিযোগে গ্রেফতার হয়ে ছাড়া পাওয়ার পর বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন। আমেরিকার মাটিতে প্রথম ম্যাচে দেশের হয়ে মাঠেও নেমেছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচ খেলতে কানাডায় ঢোকার অনুমতি পেলেন না ২৩ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার এলিয়ে ওয়াহি (Elye Wahi)। ভিসা না পাওয়ায় তাঁকে আমেরিকাতেই থেকে যেতে হচ্ছে। এর ফলে চলতি বিশ্বকাপে জার্মানির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড়সড় ধাক্কা খেল আইভরি কোস্ট শিবির।
কানাডায় প্রবেশের অনুমতি পাননি ওয়াহি: জানাল আইভরি কোস্ট
বৃহস্পতিবার আইভরি কোস্ট ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়, ওয়াহিকে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে টরন্টোয় শনিবার জার্মানির বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে এই তারকা ফুটবলারকে পাবে না দল। তিনি আপাতত আমেরিকাতেই অবস্থান করছেন।
ফেডারেশন আরও জানিয়েছে, ওয়াহির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার নতুন কোনো তদন্ত শুরু হয়েছে কি না, সে বিষয়ে তাদের কাছে অফিসিয়াল কোনো তথ্য নেই। গোটা পরিস্থিতির ওপর তারা কড়া নজর রাখছে এবং এই কঠিন সময়ে ফুটবলারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
কেন গ্রেফতার হয়েছিলেন ওয়াহি?
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদন অনুযায়ী, ফরাসি ক্লাব ‘নিস’ (Nice)-এর হয়ে খেলা এই স্ট্রাইকারের বিরুদ্ধে ফ্রান্স পুলিশ তদন্ত চালাচ্ছে। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ— গত ১৭ জুন মেটজ (Metz)-এর বিরুদ্ধে একটি ম্যাচে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে হলুদ কার্ড দেখেছিলেন।
এই ম্যাচ গড়াপেটা, প্রতারণা এবং আর্থিক তছরুপের অভিযোগে গত ২৯ মে সাঁ এতিয়েনের বিরুদ্ধে দুটি গোল করার পরপরই তাঁকে গ্রেফতার করে ফ্রান্সের দুর্নীতি-বিরোধী শাখা। তবে জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাঁকে ছেড়ে দেয়। তদন্ত প্রক্রিয়া এখনও চললেও, আইনিভাবে তাঁর বিরুদ্ধে এখনও সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ বা আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি।
ঠিক কী ঘটেছিল সেই ম্যাচে? ফরাসি লিগ আয়োজক কমিটির সন্দেহভাজন রিপোর্টের ভিত্তিতেই ওয়াহিকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ, মেটজের বিরুদ্ধে ম্যাচের ৩১ মিনিটে প্রথম ফাউল করে পার পেয়ে গেলেও, তার ঠিক চার মিনিট পর (৩৫ মিনিটে) মেটজের ডিফেন্ডার সাদিবু সানেকে ইচ্ছা করে ফাউল (ট্যাকল) করে হলুদ কার্ড দেখেন ওয়াহি।
এই হলুদ কার্ড দেখার কারণে শাস্তিস্বরূপ সাঁ এতিয়েনের বিরুদ্ধে অবনমন প্লে-অফের প্রথম লেগে খেলতে পারেননি ওয়াহি। ওই ম্যাচটি ড্র হয়। তবে পরের লেগে ফিরে এসে তিনি জোড়া গোল করেন এবং নিস ৪-১ ব্যবধানে জয়লাভ করে।
প্রথম ম্যাচে খেললেও দ্বিতীয় ম্যাচে কোপ, মুখে কুলুপ ফিফার
ফ্রান্স পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়ার পর ওয়াহি আমেরিকার ভিসা পেয়েছিলেন এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে আইভরি কোস্টের হয়ে মাঠেও নামেন। বদলি হিসেবে নেমে দ্বিতীয়ার্ধে তাঁর একটি দুর্দান্ত শট পোস্টে লেগে ফিরে আসে।
আমেরিকায় খেলার ছাড়পত্র পেলেও, কানাডা সরকার তাঁকে ভিসা দিতে অস্বীকার করায় শনিবারের জার্মানি ম্যাচ থেকে ছিটকে গেলেন তিনি। এদিকে, ম্যাচ গড়াপেটার তদন্ত চলাকালীন একজন অভিযুক্ত ফুটবলারকে কীভাবে বিশ্বকাপে খেলার অনুমতি দেওয়া হলো, তা নিয়ে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা (FIFA)-কে প্রশ্ন করা হলেও তারা কোনো মন্তব্য করেনি।

